২০২৩ সালে চীনের হাংজুর এশিয়ান গেমসে অল্পের জন্য পদক লড়াইয়ে থাকতে পারেননি বাংলাদেশের বক্সার সেলিম হোসেন। দু’বছর পর হওয়া জাতীয় চ্যাম্পিয়নশিপে আজ বুধবার স্বর্ণপদক জিতেছেন সেই সেলিম।
মোহাম্মদ আলী স্টেডিয়ামে সেনাবাহিনীর হয়ে ৬৭ কেজি ওজন শ্রেণিতে সেলিম খুলনা জেলার ইমন মেহেদী হাসানকে পরাস্ত করেছেন। দ্বিতীয় রাউন্ডের শুরুর দিকে সেলিমের কাছে ধরাশায়ী হন ইমন। আগের দিন সেমিফাইনালে আরেক শক্তিশালী প্রতিপক্ষ, যিনি আবার পেশাদার বক্সিংও খেলেন সেই আল আমিনকে হারাতে বেগ পেতে হয়েছিল।
টানা তিনটি জাতীয় আসরে সেরা হয়ে ৩৩ বছর বয়সী সেলিম সোনা জিতে উচ্ছ্বসিত। বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘এর জন্য অনেক কষ্ট করেছি। কঠোর পরিশ্রম, ঘাম, কষ্ট আর বিশ্বাস—সব কিছুর ফসল আজকের এই স্বর্ণপদক। এই অর্জন শুধু আমার না, এটা আমার কোচ, পরিবার, সতীর্থ আর সকল সমর্থকদের।’
আগের দু’বার ৬০ কেজি ওজন শ্রেণিতে পদক এসেছিল। আজ এসেছে ৬৭ কেজিতে। মাঝে মিশনে থাকলেও অনুশীলন ছাড়েননি। সবমিলিয়ে সেলিম বলেছেন, ‘আজ দলের কারণে ৬৭ কেজিতে খেলতে হয়েছে। এবার সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা হয়েছে সেমিফাইনালে। সেটাই ছিল এক অর্থে ফাইনাল। আর মিশনে থাকলেও অনুশীলন নিয়ম করে করেছি। সামনে এসএ গেমসের জন্য প্রস্তত হতে হবে।’








