প্যারিস অলিম্পিক শেষে ফ্রান্স থেকে নিজের দেশ ইরানে ফিরে গিয়েছিলেন বাংলাদেশ শ্যুটিং কোচ ইরানের জায়ের রেজাই। রাজনৈতিক পটপরিবর্তনের কারণে এর মধ্যে আর ঢাকায় ফেরেননি। এক বছর পর ফিরলেও বকেয়া এক মাসের বেতন ও নিজের তল্পিতল্পা নিয়ে তেহরান ফিরে গেছেন।
বাংলাদেশের শ্যুটিংয়ে ২০২২ সাল থেকে ইরানি কোচ কাজ করছিলেন। প্যারিস অলিম্পিক শেষে আর কাজ করা সম্ভব হয়নি। এবার ঢাকায় সপ্তাহখানেক থেকে বকেয়া বুঝে নিয়েছেন। তবে সামনে কাজ না করার হতাশা সঙ্গী হয়েছে তার। জায়ের তেহরান থেকে বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘এক বছর পর বাংলাদেশে এসেছিলাম, সপ্তাহখানেক ছিলাম। নিজের বকেয়াসহ অন্য সব বুজে নিয়েছি। তবে বিমান ভাড়া বাকি আছে, ফেডারেশন দেবে বলেছে। আর কোচিং করানোর আগ্রহ দেখালেও অর্থনৈতিক সমস্যার কারণে ফেডারেশন অপারগতা প্রকাশ করেছে। তবে আমার খুব ইচ্ছে ছিল বাংলাদেশে নতুন করে কোচিং করাতে। কিন্তু এখন সেটা আর হচ্ছে না।’
দক্ষিণ এশীয় গেমস (এসএ) সামনে রেখে সামনে রেখে এর মধ্যেই বেশ কয়েকটি খেলায় বিদেশি কোচ এসেছেন। তবে আন্তর্জাতিক আসরে অন্যতম সফল শ্যুটিংয়ে এখন সেই বিদেশি কোচ পাওয়া নিয়ে রয়েছে সংশয়। আপাতত স্থানীয় কোচ দিয়ে চলতে চায় কর্মকর্তারা। অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক আলেয়া ফেরদৌসী সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘আমাদের পর্যাপ্ত ফান্ড নেই। তাকে (ইরানি কোচ) বলেছি যদি অর্থের ব্যবস্থা হয়, তাহলে ডাকবো। তিনি খুবই আগ্রহী বাংলাদেশের হয়ে কাজ করার জন্য। কিন্তু আমাদের বাস্তবতাও দেখতে হবে। একজন বিদেশি কোচের পেছনে সাত-আট হাজার ডলার করে খরচ আছে। সেটার সংস্থান আগে আমাদের করতে হবে।’








