কানাডা প্রবাসী রাহবার খান এর আগে জাতীয় ফুটবল দলে খেলেছেন। এবার তিনি দেশের অধিনায়ক হয়ে খেলতে যাচ্ছেন এশিয়ান ফুটসালের বাছাইয়ে। টুর্নামেন্ট শুরুর ১২ দিন আগেই রবিবার মালয়েশিয়া যাচ্ছে বাংলাদেশ দল।
এশিয়া কাপ ফুটসাল বাছাইয়ের মাধ্যমে বাংলাদেশ পুরুষ ফুটসাল দলের অভিষেক হতে যাচ্ছে, তাই আরও ভালো প্রশিক্ষণের জন্য মালয়েশিয়ায় আগেভাগে যাচ্ছে বাংলাদেশ।
ফুটসাল কমিটির চেয়ারম্যান ইমরানুর রহমান আজ সংবাদ সম্মেলনে বলেছেন, ‘ঢাকায় ফুটসাল অবকাঠামো ও অনুশীলন সুবিধা সেই অর্থে কম। তাই মালয়েশিয়ার কুয়ালামাপুরে ৮-১৭ সেপ্টেম্বর আমাদের ক্যাম্প হবে। ঐ সময়ে আমরা মালয়েশিয়ায় বিভিন্ন ক্লাব ও দলের সঙ্গে ৩-৪টি ম্যাচ খেলব। মালয়েশিয়া ফুটবল ফেডারেশন মাঠ ও ম্যাচ খেলার জন্য সহায়তা করছে।’
এশিয়ান ফুটসাল বাছাইয়ে বাংলাদেশের গ্রুপে রয়েছে স্বাগতিক মালয়েশিয়া, ইরান ও সংযুক্ত আরব আমিরাত। ২০ সেপ্টেম্বর মালয়েশিয়ার কুয়ান্টানে ইরানের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ। ২২ ও ২৪ সেপ্টেম্বর মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলবে বাংলাদেশ।
বাংলাদেশের ইরানি কোচ খোদারাহমি বলেছেন, ‘খেলোয়াড়দের ওপর আমার শতভাগ বিশ্বাস রয়েছে। ফুটসালে বাংলাদেশ মাত্র যাত্রা শুরু করল। ইরান এশিয়া চ্যাম্পিয়ন। আরব আমিরাত চীনে প্রস্তুতি নিচ্ছে মালয়েশিয়াও ভালো দল। আমি চাই টুর্নামেন্টের পরও খেলোয়াড়দের প্রতি সমর্থন। কারণ এই খেলোয়াড়েরা প্রথম ফুটসাল খেলছে।’
ফুটসালে বাংলাদেশের সনদপ্রাপ্ত কোচ নেই। তাই হেড কোচের মতো সহকারী ও গোলকিপিং কোচও বিদেশ থেকে আনছে বাফুফে। বাংলাদেশ দলের অধিনায়ক করা হয়েছে রাহবার খানকে। কানাডা প্রবাসী এই ফুটবলার ১২ সেপ্টেম্বর মালয়েশিয়া আসার কথা রয়েছে।
১৭ জনের স্কোয়াডে পেশাদার ফুটবলার মাহমুদুল হাসান কিরণ। তিনি বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে নিবন্ধিত খেলোয়াড়। রাহবার ও কিরণ ছাড়া দলের অধিকাংশ খেলোয়াড় বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থী।
আজ বাফুফে ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সহ-অধিনায়ক ইনতিসার মোস্তফা বলেছেন, ‘আমরা প্রথমবার আন্তর্জাতিক ফুটসাল খেলতে যাচ্ছি। এই অভিজ্ঞতা আমাদের পরবর্তীতে পথ চলতে সাহায্য করবে। এই টুর্নামেন্টেও আমরা নিজেদের সেরাটা দেব।’








