নতুন কুঁড়ি স্পোর্টসের দাবা প্রতিযোগিতার বালিকা বিভাগে ঢাকা অঞ্চলের মহিলা ফিদে মাস্টার ওয়ারসিয়া খুশবু দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে পূর্ণ ৭ পয়েন্ট অর্জনের মাধ্যমে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন।
একই বিভাগে ঢাকা অঞ্চলের সিদরাতুল মুনতাহা সাড়ে পাঁচ (৫.৫) পয়েন্ট নিয়ে রানার-আপ হয়েছেন। অন্যদিকে, সাড়ে চার (৪.৫) পয়েন্ট অর্জনকারী দুই প্রতিযোগীর মধ্যে টাইব্রেকিংয়ে এগিয়ে থেকে ফরিদপুর অঞ্চলের কাশফিয়াতুল জান্নাত তৃতীয় এবং রংপুর অঞ্চলের রোশনী সীমা চতুর্থ স্থান অর্জন করেন।
বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে দিনব্যাপী বালক ও বালিকা বিভাগের খেলা অনুষ্ঠিত হয়। উভয় বিভাগেই ৭ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে প্রতিযোগিতা আয়োজন করা হয়। এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রতিভাবান দাবাড়ুরা অংশ নিয়ে নিজেদের দক্ষতার স্বাক্ষর রাখেন।









