বাংলাদেশে খেলতে আসার প্রস্তুতি ছিল আফগানিস্তানের নারী হ্যান্ডবল দলের। কিন্তু দলটির সঙ্গে পাঁচ ইরানি খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করার প্রস্তাবই শেষ পর্যন্ত কাল হয়েছে। খেলোয়াড়দের জাতীয়তা ও পাসপোর্টসংক্রান্ত জটিলতায় ঢাকায় প্রথমবারের মতো আয়োজিত হতে যাওয়া বেগম খালেদা জিয়া আইএইচএফ ট্রফিতে খেলা হচ্ছে না আফগানিস্তানের।
আগামী ১৮ থেকে ২২ অক্টোবর ঢাকায় হওয়ার কথা রয়েছে নারী হ্যান্ডবলের সিনিয়র পর্যায়ের এই টুর্নামেন্ট। আফগানিস্তান, স্বাগতিক বাংলাদেশ, ভারত, নেপাল ও মালদ্বীপকে নিয়ে পাঁচ দেশের অংশ নেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত খেলবে চারটি দল।
আফগানিস্তানের মেয়েরা নিজ দেশে খেলতে পারেন না। তারা সীমান্তবর্তী ইরানে অবস্থান করে অনুশীলন ও খেলাধুলা চালিয়ে আসছেন। বাংলাদেশে খেলার জন্য দলটির পক্ষ থেকে খেলোয়াড়দের নাম পাঠানোর সময় পাঁচ ইরানি খেলোয়াড়ের নামও অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু আফগানিস্তানের প্রতিনিধিত্ব করতে হলে খেলোয়াড়দের আফগানিস্তানের পাসপোর্ট থাকতে হবে। ওই পাঁচ খেলোয়াড়ের ইরানি পাসপোর্ট থাকায় দেখা দেয় জটিলতা।
এ প্রসঙ্গে হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহাম্মেদ বুধবার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শুরুতে আফগানিস্তানের আসার কথা ছিল। ওরা ওদের দলের সঙ্গে পাঁচ ইরানি খেলোয়াড়ের নামও পাঠায়। যা নিয়মবহির্ভূত। অন অ্যারাইভাল ভিসার জন্য এক দেশের খেলোয়াড়দের মধ্যে অন্য দেশের খেলোয়াড় কীভাবে থাকে? আমরা আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশনকে জানালে তারা আফগানিস্তানকে সম্পূর্ণ নিজেদের খেলোয়াড় নিয়ে আসতে বলেছিল। কিন্তু দলটি অপারগতা প্রকাশ করে। তাই আফগানিস্তানকে আমাদের পাশাপাশি আন্তর্জাতিক ফেডারেশনও অংশগ্রহণ করতে না করে দেয়।’
আফগানিস্তান বাদ পড়ায় এখন চার দল নিয়েই হবে টুর্নামেন্ট। স্বাগতিক বাংলাদেশের লক্ষ্য ফাইনাল।