ইউরোপজুড়ে বিভিন্ন সুপারমার্কেট চেইনে এক ভয়াবহ সাইবার হামলার ঘটনা ঘটেছে। এ হামলার ফলে ফ্রান্সে শত শত স্টোরের ফ্রিজিং ও রেফ্রিজারেশন ব্যবস্থা বিকল হয়ে পড়েছে এবং ইউরোপ ও যুক্তরাষ্ট্রে পরিষেবা দেওয়া একটি প্রধান মুদি চেইন তাদের ওয়েবসাইট বন্ধ করতে বাধ্য হয়েছে।
মঙ্গলবার ফ্রান্সের পার্লামেন্টে সেদেশের অর্থমন্ত্রী রোল্যান্ড লেসকিউর জানান, দেশের ১০ হাজার সুপারমার্কেটের মধ্যে প্রায় ৭০০টি এ হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। খাদ্যের ঘাটতির ঝুঁকি না থাকলেও তিনি স্বীকার করেন যে এই হামলা ‘আমাদের খাদ্য নিরাপত্তার কেন্দ্রে আঘাত হেনেছে’। তিনি আরও বলেন, ‘এটি সবার জন্য একটি সতর্কবার্তা।’
প্যারিসের কৌঁসুলি কার্যালয়ের সাইবার ক্রাইম ইউনিট এই বড় ধরনের হামলার তদন্ত শুরু করেছে। বিএফএম-টিভির প্রতিবেদনে বলা হয়, হ্যাকাররা রেফ্রিজারেশন ব্যবস্থার তাপমাত্রা নিয়ন্ত্রণহীনভাবে বাড়িয়ে ৫০ ডিগ্রি সেলসিয়াসে তুলে দেয়, যার ফলে প্রচুর খাবার নষ্ট হয়ে যায়।
গ্রুপমেন্ট মুসকেতাইরস-এর ইন্টারমার্শে ও নেটোর ৩০০টি স্টোর এবং কোঅপারেটিভ ইউ-এর ৮০টি স্টোর ক্ষতিগ্রস্ত হয়। কোঅপারেটিভ ইউ-এর সিইও ডমিনিক শেলচার এক্স-এ লিখেছেন, তাজা পণ্য সংরক্ষণে আবশ্যকীয় যন্ত্রপাতির ওপর এ ধরনের হামলা অত্যন্ত অভূতপূর্ব, মারাত্মক ও গ্রহণযোগ্য নয়। এ ছাড়া ক্যারেফোর ও মনোপ্রিক্স সুপারমার্কেট চেইনও ক্ষতিগ্রস্ত হয়েছে।
অন্যদিকে, ডাচ সুপারমার্কেট জায়ান্ট আহোল্ড ডেলহাইজে জানিয়েছে, নিরাপত্তা জটিলতার কারণে তাদের ওয়েবসাইটগুলো অফলাইনে রাখা হয়েছে। তবে তাদের স্টোরগুলো খোলা রয়েছে এবং কোনও গ্রাহক বা কর্মীর তথ্য চুরি হওয়ার প্রমাণ পাওয়া যায়নি।
ডেনিশ কোম্পানি ড্যানফস এবং মার্কিন প্রতিষ্ঠান কোপল্যান্ড-এর তৈরি রেফ্রিজারেশন রিমোট কন্ট্রোল মডিউলগুলোর পুরনো সংস্করণ ব্যবহারের কারণে এই সিস্টেমগুলোতে নিরাপত্তা ত্রুটি তৈরি হয়েছিল বলে জানা গেছে। প্রতিষ্ঠান দুটি জানিয়েছে, তারা ক্ষতিগ্রস্ত গ্রাহকদের সহায়তা করছে।
ভার্জিনিয়া কমনওয়েলথ ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ক্রিস্টোফার হোয়াইট জানান, জনস্বার্থ সংশ্লিষ্ঠ গুরুত্বপূর্ণ ব্যবস্থার ওপর এ ধরনের হামলা সাধারণত দেখা গেলেও, কোনও মুক্তিপণ না চেয়ে শুধু রেফ্রিজারেশনে এত বড় মাপে হামলা চালানো বিরল।
ইলিনয় বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক বরুণ চন্দ্রশেখরন সতর্ক করে বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অগ্রগতির কারণে ভবিষ্যতে এমন সাইবার হামলা আরও বাড়তে পারে।
সূত্র: এপি
প্যাথলজিস্টের ডিজিটাল স্বাক্ষর, মেডিক্যাল রিপোর্টে জালিয়াতির শঙ্কা
কিশোরীকে শ্লীলতাহানির অভিযোগে রোবট আটক