তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান আর্চার তুলে আনার লক্ষ্যে দেশের সাত অঞ্চলে সাতটি প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ আর্চারি ফেডারেশন। একই সঙ্গে ২০২৮ অলিম্পিক, ২০৩০ এশিয়ান গেমস ও ২০৩২ অলিম্পিক সামনে রেখে তৈরি করা হয়েছে সাত বছরের দীর্ঘমেয়াদি রোডম্যাপ।
আসন্ন নির্বাচনের আগে ফেডারেশনের ভবিষ্যৎ পরিকল্পনা ও লক্ষ্য তুলে ধরে এসব কথা জানিয়েছেন সভাপতি কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল।
পরিকল্পনা বাস্তবায়নে করপোরেট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগাযোগ করছে ফেডারেশন। প্রতিটি প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনার দায়িত্ব আলাদা প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার চিন্তা রয়েছে। সে ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলো কেন্দ্রের প্রশিক্ষণ ব্যয় বহন করবে। বিনিময়ে তারা পাবে নিজেদের প্রচার ও প্রসারের সুযোগ।
বর্তমানে ফেডারেশনের পৃষ্ঠপোষকতায় রয়েছে সিটি গ্রুপ। তবে সাতটি প্রশিক্ষণ কেন্দ্র চালু ও পরিচালনার জন্য আরও স্পন্সর প্রয়োজন বলে জানিয়েছেন কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল।
তৃণমূল থেকে প্রতিভাবান আর্চার খুঁজে বের করে নিয়মিত প্রশিক্ষণের আওতায় আনাই এই উদ্যোগের মূল লক্ষ্য। ফেডারেশনের বিশ্বাস, আঞ্চলিক পর্যায়ে প্রশিক্ষণের সুযোগ বাড়লে প্রতিভা অন্বেষণ এবং খেলোয়াড়দের আন্তর্জাতিক মানে গড়ে তোলা সহজ হবে।
এদিকে আসন্ন নির্বাচন ঘিরেও আর্চারি অঙ্গনে আগ্রহ বেড়েছে। কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল জানিয়েছেন, নির্বাচন পরিচালনার দায়িত্ব জাতীয় ক্রীড়া পরিষদ গঠিত নির্বাচন কমিশনের। ফেডারেশন চায় সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন। সভাপতি ও যুগ্ম সম্পাদক পদ ছাড়া অন্য পদগুলোতে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। আন্তর্জাতিক আর্চারি সংস্থার একজন প্রতিনিধিও নির্বাচন পর্যবেক্ষণ করবেন।
নির্বাচনে সরকারি প্রভাব কিংবা প্রতিদ্বন্দ্বী পক্ষগুলোর চাপ রয়েছে কি না, সেটিও পর্যবেক্ষণ করা হবে বলে জানিয়েছেন তিনি।
কাজী রাজীব উদ্দীন আহমেদ চপলের মতে, সাম্প্রতিক সময়ে আর্চারির সাফল্য ও জনপ্রিয়তা বাড়ায় নির্বাচন ঘিরে আগ্রহও বেড়েছে। ফেডারেশনের অর্জনের ঝুলিতে এখন স্বর্ণপদকের সংখ্যা ৪৫টি। বেড়েছে ক্লাবের সংখ্যা, আর্চারিতে আগ্রহী হয়েছেন নতুন সংগঠকরাও।
সাধারণ সম্পাদক থেকে সভাপতির দায়িত্বে আসার অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, আগে ঊর্ধ্বতনদের নির্দেশনা ও পরামর্শ অনুযায়ী কাজ করতে হতো। এখন পুরো সংগঠনকে দিকনির্দেশনা দেওয়ার দায়িত্ব তার। ফলে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দায়িত্ব ও চিন্তার পরিধিও বেড়েছে।
নতুন নির্বাচিত কমিটির মাধ্যমে পরিকল্পনাগুলো বাস্তবায়নের প্রত্যাশা তার। তৃণমূল পর্যায়ে প্রশিক্ষণের সুযোগ বাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের আর্চারির সাফল্যকে আরও উচ্চতায় নিয়ে যেতে চান ফেডারেশন সভাপতি।
শামসুল হুদা একাডেমি ঘুরে দেখলেন জাপানি প্রতিনিধিরা