বাংলাদেশের বিপক্ষে কোনও অধিনায়ক হিসেবে ২০৪ রান দ্বিতীয় সর্বোচ্চ, যেটা করলেন বিরাট কোহলি।
শুক্রবার হায়দরাবাদ টেস্টের দ্বিতীয় দিন কোহলি যখন আউট হলেন, তখন তার নামের পাশে ২০৪ রান। এদিন ক্যারিয়ারের চতুর্থ ডাবল সেঞ্চুরি পূর্ণ করেছেন তিনি। পরে আর ইনিংসটাকে লম্বা করতে পারেননি তাইজুল ইসলামের ফাঁদে পড়ে। অবশ্য সাজঘরে ফেরার আগে তিনি কোনও সুযোগই দেননি বাংলাদেশের বোলারদের। এমন দুর্দান্ত এক ইনিংস খেলে আউট হওয়ার পর গ্যালারিতে থাকা দর্শকরা তাই কোহলিকে অভিবাদন জানাতে ভোলেননি। পুরো গ্যালারিই কিছুক্ষণের জন্য কোহলি বন্দনায় মেতে উঠে।
তবে বাংলাদেশের বিপক্ষে সেরা অধিনায়কের ইনিংসটি খেলা হয়নি কোহলির। তার সামনে সুযোগ ছিল বাংলাদেশের বিপক্ষে আরও একটি রেকর্ডের মালিক হওয়ার। মুশফিকদের বিপক্ষে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি রান করার রেকর্ড। কিন্তু ২৮ রান দূরে থেকে আউট হওয়ার সেই কীর্তি আর গড়া হয়নি তার।
বাংলাদেশের বিপক্ষে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি রান দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথ। ২০০৮ সালে চট্টগ্রামে ২৩২ রানের ইনিংস খেলেছিলেন তিনি। তার পরেই থাকতে হলো কোহলিকে।
বাংলাদেশের বিপক্ষে অধিনায়কদের সেরা ইনিংস
নাম | রান | গ্রাউন্ড | তারিখ |
গ্রায়েম স্মিথ (দক্ষিণ আফ্রিকা) | ২৩২ | চট্টগ্রাম | ২৯ ফেব্রুয়ারি ২০০৮ |
বিরাট কোহলি (ভারত) | ২০৪ | হায়দরাবাদ | ৯ ফেব্রুয়ারি ২০১৭ |
স্টিফেন ফ্লেমিং (নিউজিল্যান্ড) | ২০২ | চট্টগ্রাম | ২৬ অক্টোবর ২০০৪ |
আলিস্টার কুক (ইংল্যান্ড) | ১৭৩ | চট্টগ্রাম | ১২ মার্চ ২০১০ |
ব্রেন্ডন টেলর (জিম্বাবুয়ে) | ১৭১ | হারারে | ১৭ এপ্রিল ২০১৩ |
/আরআই/এফএইচএম/








