সকালে নেলসনের স্যাক্সটন ওভালের মাঠে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। বিকালে যেহেতু এখানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, তাই রোদ ঝলমলে সকালে এটি ছিল একটি বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত। উল্লেখ্য এর মাধ্যমে চলতি ওয়ানডে সিরিজে এই প্রথম বাংলাদেশ আগে ব্যাট করছে। এটিই বাংলাদেশ দলের এ বছরের শেষ ওয়ানডে ম্যাচ। টস জয়ী অধিনায়কের সিদ্ধান্তকে সমর্থন দিয়ে দেখেশুনেই খেলছিলেন দুই ওপেনার তামিম ইকবাল এবং ইমরুল কায়েস। ৫০ করেছেন তারা ১১.৩ ওভারে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ২০ ওভারে বাংলাদেশের রান ৯৬। এর মধ্যে তামিমের সংগ্রহ ৪৬, আর ইমরুলের রান ৪৪।
এর আগে ক্যাভ নামের যে ট্যাক্সি চালকের গাড়িতে আমরা স্যাক্সটন ওভালের মাঠে এসেছি, ভদ্রলোক ক্রিকেট ভক্ত। বাংলাদেশ দল বৃহস্পতিবারের মাঠে কী করে, প্রায় জেতা ম্যাচ হেরেছে তা উল্লেখ করে বেশ আক্ষেপই করলেন ক্যাভ। বাংলাদেশের প্রশংসা করে তিনি বললেন, ‘বেশকিছু ভালো খেলোয়াড় আছে তোমাদের দলে।’
বাংলাদেশ সফরে গিয়ে কিউইদের নাস্তানাবুদ হবার বিষয়টি উল্লেখ করতেও ভুললেন না। কথায় মনে হলো ক্যাভের রাগ বাংলাদেশ দলের বিপক্ষে নয়, অস্ট্রেলিয়া দলের বিপক্ষে। কিউইরা গত কিছুদিন আগে অস্ট্রেলিয়া সফরে গিয়ে বিপর্যস্ত হয়েছে। জানুয়ারিতে অস্ট্রেলিয়া দল নিউজিল্যান্ড সফরে আসছে। গলায় বেশ জোর দিয়েই বললেন, ‘তখন দেখা যাবে।’
গাড়িতে একজন বাংলাদেশি অস্ট্রেলিয়ান আছে জানলে, হাসি মুখে বললেন ‘সি ইউ দ্যান মেইট’।
/কেআর/








