ওয়েলিংটনের মাঠে টেস্টের দ্বিতীয় দিনে আলো ছড়াচ্ছেন সাকিব ও মুশফিক। মধ্যাহ্নভোজের বিরতির আগ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ৪ উইকেটে ২৬৯। লাঞ্চে যাওয়ার আগে সাকিব ৬৬ এবং মুশফিক ৫৩ রানে অপরাজিত ছিলেন।
সবুজ উইকেট, বাতাস, বৃষ্টি এসব নানা ভয় নিয়ে ওয়েলিংটন টেস্টে যাত্রা শুরু করেছিল বাংলাদেশ। বিশেষকরে টস হেরে কিউই দল তাদের ব্যাট করতে পাঠালে ভয়ডর বাড়ে বাংলাদেশ দলের। টেস্টের প্রথম দিন সেই ভয় তাড়ান প্রথমে তামিম, পরে মমিনুল। দ্বিতীয় দিনে তাদের দেখানো পথ ধরে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সাকিব-মুশফিক। সবকিছু এখন পর্যন্ত বাংলাদেশের জন্য স্বপ্নের মতো নয়তো কী!
এর আগে সকালের তৃতীয় ওভারে আগের দিনের আলো ছড়ানো তারকা মমিনুল হক আউট হয়ে সাজঘরে ফিরে গেলেও এখন পর্যন্ত সবকিছু বাংলাদেশের প্রত্যাশা মতোই চলছে। প্রথম দিনের তামিম-মমিনুল দুই হাফসেঞ্চুরিয়ানের সঙ্গে আজ শুক্রবার যোগ দিলেন সাকিব-মুশফিক। টেস্টের প্রথম ইনিংসে এরমাঝে বাংলাদেশের চার হাফসেঞ্চুরিয়ান! অতএব খেলা এগোচ্ছে বাংলাদেশের প্রত্যাশামতো কিংবা প্রত্যাশার চেয়ে বেশি! যেখানে ওয়ানডে, টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ বাংলাদেশ টেস্ট খেলতে এসেছে ওয়েলিংটনে।
দুপুরে লাঞ্চের বিরতির সময় মাঠে অভাবনীয় একটি দৃশ্য দেখা যায়। উইকেট এলাকাটি দড়ির প্রাচীরে আটকে রেখে দর্শকদের কিছুক্ষণের জন্যে মাঠে ঢোকার সুযোগ করে দেওয়া হয়। তারা খুব কাছে থেকে দেখেন উইকেট। স্কুলের বাচ্চারা এ সময় মাঠে ছোট ব্যাটে-বলে খেলতে শুরু করে দেয়। তাদের সময় ফুরিয়ে গেলে সবাই অনুগত ছাত্রের মতো মাঠ ছেড়ে বেরিয়ে যায়। ক্রিকেটভক্ত এক জাতি আর কী।
/কেআর/








