তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ২০২২-২৩ অর্থ-বছরের জুন মাসের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন অগ্রগতি বিষয়ক পর্যালোচনা সভা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ জুলাই) সভায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব সামসুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদফতরসহ বিভাগের অধীন বিভিন্ন সংস্থা প্রধান এবং বিভিন্ন প্রকল্প পরিচালকরা উপস্থিত ছিলেন।
সংস্থা প্রধান ও প্রকল্প পরিচালকরা নিজ নিজ প্রকল্পের বাস্তবায়ন পরিকল্পনা ও সর্বশেষ অগ্রগতি সভায় তুলে ধরেন।
সভায় জানানো হয়, আইসিটি বিভাগের ২০২৩ সালের জুন পর্যন্ত অর্থছাড়ের ভিত্তিতে প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি ৯৯ দশমিক ৮৫ শতাংশ।
উল্লেখ্য, ২০২২-২৩ অর্থবছরে আইসিটি বিভাগের অধীন ২৮টি প্রকল্পের জন্য মোট বরাদ্দ ১ হাজার ৫৫৫ কোটি ৬৭ লাখ টাকা। এরমধ্যে ছাড় হয়েছে ১ হাজার ৫১৮ কোটি ৪ লাখ টাকা এবং ব্যয় হয়েছে ১ হাজার ৫১৬ কোটি ৫ লাখ ১৯ হাজার টাকা।









