স্মার্ট গ্লাসের বাজারে পা রাখার আগেই গ্রাহকের ব্যক্তিগত গোপনীয়তা বা প্রাইভেসির সুরক্ষাকেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে টেক জায়ান্ট অ্যাপল। মেটার তৈরি স্মার্ট চশমা নিয়ে বিশ্বজুড়ে চলা গোপন ভিডিও ধারণের বিতর্ক থেকে শিক্ষা নিয়ে সম্পূর্ণ ভিন্ন এক রণকৌশল সাজাচ্ছে আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটি। তড়িঘড়ি না করে গ্রাহক নিরাপত্তা শতভাগ নিশ্চিত করতেই মূলত এই নতুন ডিভাইসের বাজারে আসার সময় আরও পিছিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।
মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের প্রযুক্তি বিশ্লেষক মার্ক গারম্যানের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৭ সালের শুরুর দিকে এই স্মার্ট চশমা বাজারে আনার প্রাথমিক পরিকল্পনা থাকলেও অ্যাপল তা স্থগিত করেছে।
বাজারে আসছে কবে?
নতুন পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের জুনে অনুষ্ঠিত হতে যাওয়া অ্যাপলের বার্ষিক আয়োজন ‘ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপারস কনফারেন্স’ এ এই স্মার্ট গ্লাসের মোড়ক উন্মোচন করা হতে পারে। আর সাধারণ গ্রাহকদের জন্য এটি বাজারে আসবে সে বছরের শেষ নাগাদ।
প্রযুক্তি বিষয়ক সাইট টেকক্রাঞ্চ লিখেছে, বাড়তি এই সময় পাওয়ার ফলে অ্যাপল শুধু চশমাটির কারিগরি মান উন্নত করার সুযোগই পাবে না, বরং এর কঠোর প্রাইভেসি পলিসিকে তাদের বিপণন বা মার্কেটিং কৌশলের প্রধান হাতিয়ার হিসেবে তুলে ধরারও সময় পাবে।
মেটার বিতর্কই অ্যাপলের জন্য সতর্কবার্তা
কারও সম্মতি ছাড়া গোপনে ভিডিও ধারণ করার সুবিধার কারণে মেটার স্মার্ট চশমা প্রতিনিয়ত বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়ছে। অ্যাপল যেখানে সব সময় তাদের প্রতিটি ডিভাইসে ব্যবহারকারীর প্রাইভেসিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়, সেখানে মেটার মতো কোনো বিতর্ক তৈরি হলে তা অ্যাপলের ব্র্যান্ড ইমেজের জন্য বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে। আর এই কারণেই অত্যন্ত সতর্কতার সাথে পা বাড়াচ্ছে কোম্পানিটি।
প্রাইভেসিবান্ধব যেসব ফিচার থাকছে
নিজেদের চশমায় গ্রাহকের নিরাপত্তা ধরে রাখতে অ্যাপল কিছু বিশেষ প্রযুক্তিগত পরিবর্তন আনতে যাচ্ছে—
অন-ডিভাইস প্রসেসিং: ডেটা ক্লাউডে না পাঠিয়ে ডিভাইসের ভেতরেই প্রসেস করা হবে, ফলে হ্যাকিং বা তথ্য ফাঁসের ঝুঁকি থাকবে না।
ফেইশল রিকগনিশন বর্জন: প্রাইভেসি অক্ষুণ্ন রাখতে এতে কোনো ফেস রিকগনিশন বা মুখাবয়ব চেনার প্রযুক্তি রাখা হবে না।
এআই প্রশিক্ষণে নিষেধাজ্ঞা: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেলের সক্ষমতা বাড়াতে গ্রাহকদের রেকর্ড করা কোনো ভিডিও ব্যবহার করবে না অ্যাপল।
এ ছাড়া, মেটার মতো চুক্তিভিত্তিক তৃতীয় পক্ষের কর্মী দিয়ে ব্যবহারকারীদের ধারণ করা ভিডিও ফুটেজ যাচাই করানোর মতো কোনো ঝুঁকিপূর্ণ পথেও হাঁটবে না এই প্রযুক্তি জায়ান্ট।
সূত্র: ব্লুমবার্গ









