গ্রুপ চ্যাটে যোগাযোগ আরও সহজ, গোছানো ও কার্যকর করতে সম্প্রতি এক আপডেটে নতুন তিনটি ফিচার চালু করেছে হোয়াটসঅ্যাপ। নতুন আপডেটের মধ্যে রয়েছে ‘@all’ মেনশন, উন্নত পোল সুবিধা এবং বিদ্যমান গ্রুপ থেকে দ্রুত নতুন গ্রুপ তৈরির ব্যবস্থা। মূলত বড় গ্রুপ চ্যাটে সদস্যদের ব্যবহারের সুবিধার্থেই এই পরিবর্তনগুলো এনেছে হোয়াটসঅ্যাপ।
‘@all’ মেনশন ফিচার
নতুন ‘@all’ মেনশন ফিচারের মাধ্যমে কোনো গ্রুপের প্রত্যেক সদস্যকে একসঙ্গে মেনশন করা যাবে। সাধারণভাবে কোন গ্রুপ চ্যাটে যেকোনো একজনকে মেনশন করতে ‘@’ ব্যবহার করা হয়। তবে ‘@all’ লিখে কোন বার্তা পাঠানো হলে পুরো গ্রুপের সকলের উদ্দেশ্যে সেটি নোটিফিকেশন পুশ করে। বিশেষ করে কোন ক্লাস, পরিবার, কর্মক্ষেত্র বা বড় কমিউনিটির গ্রুপে জরুরি ঘোষণা জানানোর ক্ষেত্রে এটি কার্যকর হতে পারে। তবে অপব্যবহার ঠেকাতে কিছু নিয়ন্ত্রণ ব্যবস্থাও রাখা হয়েছে। ৩২ জনের বেশি সদস্যের গ্রুপে শুধু অ্যাডমিনরাই ‘@all’ মেনশন ফিচারটি ব্যবহার করতে পারবে। তবে ‘@all’ মেনশনের নোটিফিকেশন গ্রুপ মিউট করা থাকলেও ব্যবহারকারীর কাছে পৌঁছাতে পারে। চাইলে সেটিংস থেকে আলাদাভাবে ‘@all’ মেনশনের নোটিফিকেশন বন্ধ করে রাখতে পারবে ব্যবহারকারীরা।
পোল ব্যবস্থায় পরিবর্তন
হোয়াটসঅ্যাপের ‘পোলস’ ফিচারেও একসঙ্গে তিনটি পরিবর্তন এসেছে। এখন পোল তৈরির সময় ভোট দেওয়ার সময়সীমা নির্ধারণ করা যাবে। ফলে নির্দিষ্ট সময়ের পর স্বয়ংক্রিয়ভাবে ভোটগ্রহণ শেষ করা সম্ভব হবে।
দ্বিতীয়ত, পোল নির্মাতা চাইলে কে কোন অপশনে ভোট দিয়েছে তা গোপন রাখতে পারবেন। এতে সংবেদনশীল বা ব্যক্তিগত সিদ্ধান্তের ক্ষেত্রে ভোটারদের পরিচয় প্রকাশ না করেও ফল সংগ্রহ করা যাবে।
তৃতীয়ত, পোল তৈরি করার পর ১৫ মিনিটের মধ্যে প্রশ্ন এডিট করে প্রয়োজনমতে পরিবর্তন আনা যাবে। ফলে বানান, প্রশ্নের ভাষা বা ছোটখাটো ভুলের কারণে নতুন করে পোল তৈরির প্রয়োজন পড়বে না, এডিট করে সংশোধন করা যাবে খুব সহজেই।
বড় গ্রুপ থেকে তৈরি করা যাবে ছোট গ্রুপ
তৃতীয় পরিবর্তন হিসেবে বিদ্যমান গ্রুপ থেকেই দ্রুত নতুন গ্রুপ তৈরির সুবিধা যুক্ত করেছে হোয়াটসঅ্যাপ। বড় কোনো গ্রুপের সব সদস্যকে যুক্ত না করে নির্দিষ্ট কয়েকজনকে নিয়ে আলাদা আলোচনা বা চ্যাট করতে চাইলে এখন মূল গ্রুপের সদস্য তালিকা থেকেই নির্দিষ্ট ব্যক্তিদের নির্বাচন করে নতুন একটি ছোট গ্রুপ বা সাব-গ্রুপ তৈরি করা যাবে। ফলে একই সদস্যদের আবার নতুন করে খুঁজে আরেকটি নতুন গ্রুপ খোলার যোগ করার ঝামেলা কমবে এবং বড় গ্রুপের মূল আলোচনাও অপ্রয়োজনীয় বার্তায় অগোছালো হবে না। অফিসের প্ল্যান, স্কুলের দলীয় কাজ, পারিবারিক পরিকল্পনা কিংবা কোনো অনুষ্ঠান আয়োজনের মতো নির্দিষ্ট কাজের জন্য আলাদা গ্রুপ তৈরিতে ফিচারটি বিশেষভাবে কার্যকর হতে পারে।









