কমেন্টে ভয়েস নোট, পোলসহ যেসব নতুন সুবিধা আনলো টিকটক

প্রযুক্তি ডেস্ক
০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০

কমেন্টে লিখিত প্রতিক্রিয়ার পাশাপাশি এবার ভয়েস নোট, পোল ও একসঙ্গে একাধিক ছবি যুক্ত করার সুবিধা আনলো টিকটক। কমেন্ট সেকশনকে আরও সক্রিয় ও ইন্টার‌্যাকটিভ করতেই নতুন এসব সুবিধা চালু করেছে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটি।

টিকটক গত ৩ সেপ্টেম্বর এক ঘোষণায় নতুন সুবিধাগুলোর কথা জানিয়েছে। নতুন সুবিধাগুলোর মধ্যে রয়েছে—ভয়েস কমেন্টস, কমেন্ট পোলস, ফটো ক্যারোসেল কমেন্টস ও লাইভ ফটো কমেন্টস।

ভয়েস নোটে দেওয়া যাবে প্রতিক্রিয়া

নতুন ‘ভয়েস কমেন্টস’ সুবিধার মাধ্যমে যেকোনও ভিডিওর কমেন্টে সর্বোচ্চ ৬০ সেকেন্ডের অডিও রেকর্ড করে পোস্ট করা যাবে। এ জন্য কমেন্ট বক্সে থাকা মাইক্রোফোন আইকনে ট্যাপ করে ভয়েস রেকর্ড করে পোস্ট করতে হবে। অন্যরা সেই ভয়েস কমেন্টে ট্যাপ করে তা শুনতে পারবেন।

ভিডিও বা মিম নিয়ে কথা বলা, কোনও প্রতিক্রিয়া জানানো কিংবা কোনও সংগীতশিল্পীর ভিডিওতে গান বা লিপ-সিঙ্ক করে প্রতিক্রিয়া জানানোর মতো কাজেও ব্যবহার করা যাবে এই সুবিধা।

ভয়েস কমেন্টস সুবিধাটি আগামী এক মাসের মধ্যে বিশ্বজুড়ে চালু হবে। তবে এটি শুধু ১৮ বছর বা তার বেশি বয়সী ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত থাকবে। অন্য কমেন্টের মতোই ভয়েস কমেন্টেও টিকটকের কমিউনিটি গাইডলাইন প্রযোজ্য হবে।

ক্ষতিকর বা নীতিমালা লঙ্ঘনকারী কনটেন্ট শনাক্ত ও সরিয়ে ফেলতে মানব পর্যালোচনার পাশাপাশি স্বয়ংক্রিয় শনাক্তকরণ এবং স্পিচ-টু-টেক্সট প্রযুক্তি ব্যবহার করবে টিকটক।

কমেন্টেই তৈরি করা যাবে পোল

‘কমেন্ট পোলস’ সুবিধার মাধ্যমে নির্মাতারা নিজেদের ভিডিওর কমেন্ট সেকশনে পোল তৈরি করতে পারবেন। একটি পোলে সর্বোচ্চ পাঁচটি অপশন রাখা যাবে এবং ভোট দেওয়ার সময়সীমাও নির্ধারণ করা যাবে।

পরবর্তী ভিডিওর বিষয় কী হবে, কোন পোশাকটি ভালো লাগছে কিংবা ভিডিওতে কী পরিবর্তন আনা যায়—এ ধরনের বিষয়ে দর্শকদের মতামত জানতে পোল ব্যবহার করা যাবে। ভোটের ফলাফল কমেন্ট সেকশনেই দেখা যাবে।

এক কমেন্টে সর্বোচ্চ ৯ ছবি

‘ফটো ক্যারোসেল কমেন্টস’ সুবিধায় একটি কমেন্টের সঙ্গে সর্বোচ্চ নয়টি ছবি যুক্ত করা যাবে। এর আগে একটি কমেন্টে একটি ছবি দেওয়ার সুযোগ ছিল।

এ ছাড়া ‘লাইভ ফটো কমেন্টস’ সুবিধার মাধ্যমে ক্যামেরা রোলে থাকা লাইভ ছবি কমেন্টে পোস্ট করা যাবে। এতে শুধু স্থির ছবি নয়, ছবির সঙ্গে থাকা স্বল্প সময়ের নড়াচড়াও দেখা যাবে।

নতুন এসব সুবিধার মাধ্যমে টিকটকের কমেন্ট সেকশন আরও বেশি মেসেজিং অ্যাপের মতো হয়ে উঠছে। প্ল্যাটফর্মটির হিসাবে, প্রতিদিন ১৭০ কোটির বেশি কমেন্ট করা হয়। নতুন সুবিধাগুলোর মাধ্যমে কমেন্ট করার অভিজ্ঞতাকে আরও বৈচিত্র্যময় ও সক্রিয় করতে চায় টিকটক।

/ইউএস/
সম্পর্কিত
২০২৬ সালে এসে পিসি রক্ষায় টাকা দিয়ে অ্যান্টিভাইরাস কেনা কি অপচয়?
নতুন ফোন বা হার্ডড্রাইভে পুরো স্টোরেজ ব্যবহার করা যায় না কেন?
সোশ্যাল মিডিয়ায় পোস্ট শেয়ার করার আগে ফেক না আসল যাচাই করবেন যেভাবে
সর্বশেষ খবর
সৌদিতে মৃত্যুদণ্ড: বাবা-মা বললেন ‘সুইটি জীবিত নাকি মৃত এখনও জানি না’
সৌদিতে মৃত্যুদণ্ড: বাবা-মা বললেন ‘সুইটি জীবিত নাকি মৃত এখনও জানি না’
মণ্ডপে মণ্ডপে  বিসর্জনের সুর, রঙিন মুখে দেবী বিদায়ের প্রস্তুতি
মণ্ডপে মণ্ডপে বিসর্জনের সুর, রঙিন মুখে দেবী বিদায়ের প্রস্তুতি
দুর্ঘটনায় ১৪ জন নিহত: বাসটি চালাচ্ছিলেন সুপারভাইজার, গতি ছিল বেপরোয়া
দুর্ঘটনায় ১৪ জন নিহত: বাসটি চালাচ্ছিলেন সুপারভাইজার, গতি ছিল বেপরোয়া
‘আমরা একদিন ভারতকে হারাবো’
‘আমরা একদিন ভারতকে হারাবো’
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
ওআইসির কাশ্মীর প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মীর প্রস্তাবের নিন্দা ভারতের
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত