চ্যাটজিপিটি দিয়ে সাধারণ প্রশ্নের উত্তর খোঁজা ও লেখা তৈরির জন্য এত দিন ‘চ্যাট’মোড এবং গবেষণা ও যাবতীয় জটিল কাজ করার জন্য ‘ওয়ার্ক’মোড ব্যবহারের সুযোগ ছিল। এবার এ দুই মোড একীভূত করার পাশাপাশি ব্যবহারের সীমাও এক করছে ওপেনএআই। এতে বিশেষ করে নিয়মিত দীর্ঘ সময় ধরে চ্যাটজিপিটি ব্যবহার করেন এবং উন্নত মডেলের সাহায্যে জটিল কাজ করেন, এমন গ্রাহকদের নির্ধারিত ব্যবহারের সীমা আগের তুলনায় দ্রুত শেষ হয়ে যেতে পারে। তবে অধিকাংশ ব্যবহারকারীর ক্ষেত্রে এ পরিবর্তনের প্রভাব খুব বেশি পড়বে না বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
নতুন ব্যবস্থায় চ্যাট ও ওয়ার্কের জন্য আলাদা ব্যবহারের হিসাব থাকবে না। চ্যাটজিপিটির দুই মোডের ব্যবহার একটি সম্মিলিত সীমার মধ্যে গণনা করা হবে। ফলে কোনও গ্রাহক সাধারণ কথোপকথনের পাশাপাশি ওয়ার্ক মোডে দীর্ঘ সময় ধরে গবেষণা বা বিশ্লেষণমূলক কাজ করলে দুই ধরনের ব্যবহারের জন্য একই বরাদ্দ থেকে ব্যবহার সীমা কমতে থাকবে। এতে উন্নত যুক্তিনির্ভর মডেল ব্যবহার করে নিয়মিত বড় কাজ করেন, এমন গ্রাহকদের জন্য নির্ধারিত সীমা দ্রুত শেষ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
ওপেনএআইয়ের পণ্য বিভাগের প্রধান থিবো ‘টিবো’সোতিও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্টে জানিয়েছেন, প্রাথমিকভাবে অল্পসংখ্যক প্রো সাবস্ক্রাইবারের অ্যাকাউন্টে নতুন সুবিধা চালু করা হয়েছে। পরবর্তীতে অন্য ব্যবহারকারীদের জন্যও এটি পর্যায়ক্রমে চালু হবে। প্রতিষ্ঠানটির সাপোর্ট পেজের তথ্য অনুযায়ী, আগামী ডিসেম্বর থেকে আরও বিস্তৃত পরিসরে ব্যবহারের সীমা এক করার পরিকল্পনা রয়েছে।
তবে সব ধরনের চ্যাট সম্মিলিত ব্যবহারের সীমার মধ্যে গণনা করা হবে না। ইনস্ট্যান্ট মডেল ব্যবহার করে করা কথোপকথন আগের মতোই আনলিমিটেড থাকবে। অর্থাৎ, উন্নত মডেল ব্যবহারের নির্ধারিত সীমা শেষ হয়ে গেলেও ইনস্ট্যান্ট মডেলের মাধ্যমে চ্যাটজিপিটি ব্যবহার চালিয়ে যেতে পারবেন গ্রাহকেরা। এদিকে একই সাবস্ক্রিপশন ফি দিয়েও উন্নত মডেল ব্যবহারের সুযোগ কমে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন কিছু গ্রাহক।
ওপেনএআইয়ের এক মুখপাত্র জানিয়েছেন, অধিকাংশ ব্যবহারকারীর ক্ষেত্রে নতুন ব্যবস্থায় ব্যবহারের সীমা আগের তুলনায় দ্রুত শেষ হবে না। তবে যারা নিয়মিত বেশি চ্যাটজিপিটি ব্যবহার করেন, তাদের মধ্যে অল্পসংখ্যক গ্রাহকের নির্ধারিত ব্যবহারের সীমা আগের তুলনায় দ্রুত শেষ হতে পারে। এদিকে নির্ধারিত ব্যবহারের সীমার মধ্যে গ্রাহকেরা যাতে আরও বেশি কাজ করতে পারেন, সে লক্ষ্যে সেবার কার্যকারিতা বাড়ানোর কাজ করছে ওপেনএআই।
এবার হোয়াটসঅ্যাপেও আগে থেকে শিডিউল করা যাবে মেসেজ
গুগল ম্যাপসে নতুন ডার্ক মোড, রাতে নেভিগেশন হবে আরও স্পষ্ট