ন্যূনতম মজুরি নির্ধারণ হলো কোন মাপকাঠিতে? 

গোলাম মওলা
২৭ নভেম্বর ২০২৬, ০০:০১ আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ০০:০১

পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করেছে নিম্নতম মজুরি বোর্ড। আগামী ১ ডিসেম্বর থেকে নতুন এই মজুরি কার্যকর হওয়ার কথা। এতে সর্বনিম্ন গ্রেডের শ্রমিকদের বেতন বেড়েছে ৩৬ শতাংশ। তবে এই ১৭ হাজার টাকা কীসের ভিত্তিতে নির্ধারণ করা হলো, শ্রমিকের জীবনযাত্রার ব্যয় কতটা বিবেচনায় এসেছে এবং মালিকপক্ষের আর্থিক সক্ষমতার সঙ্গে শ্রমিকের ন্যায্য মজুরির সমন্বয় কীভাবে করা হয়েছে—এসব প্রশ্ন সামনে এসেছে।

বাংলাদেশ শ্রম আইন ও আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) নির্দেশনায় ন্যূনতম মজুরি নির্ধারণের বেশ কিছু মানদণ্ড রয়েছে। এর মধ্যে শ্রমিকের জীবনযাত্রার ব্যয়, পরিবারের প্রয়োজন, মূল্যস্ফীতি, উৎপাদনশীলতা, শিল্পের আর্থিক সক্ষমতা ও কর্মসংস্থানের বিষয়গুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এসব সূচকের ভিত্তিতে মজুরি নির্ধারণের কোনও নির্দিষ্ট গাণিতিক সূত্র বা স্থায়ী মডেল বাংলাদেশে নেই। ফলে এবারও শ্রমিক ও মালিকপক্ষের দর-কষাকষির পাশাপাশি বোর্ডের সদস্যদের ভোটেই চূড়ান্ত হয়েছে সর্বনিম্ন মজুরির অঙ্ক।

গত বুধবার (২৫ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের বৈঠকে দীর্ঘ আলোচনা ও দর-কষাকষির পরও ঐকমত্য না হওয়ায় ভোটাভুটি হয়। ছয় সদস্যের মধ্যে চারজন ১৭ হাজার টাকার পক্ষে এবং শ্রমিকপক্ষের দুই প্রতিনিধি ১৮ হাজার টাকার পক্ষে ভোট দেন। শ্রমিকপক্ষের সর্বশেষ প্রস্তাব ছিল ১৮ হাজার টাকা। অন্যদিকে মালিকপক্ষের প্রস্তাব ছিল ১৬ হাজার টাকা।

নতুন কাঠামোতে গ্রেড-৪ বা সর্বনিম্ন গ্রেডে ১৭ হাজার, গ্রেড-৩-এ ১৯ হাজার ২০০, গ্রেড-২-এ ২০ হাজার এবং গ্রেড-১-এ ২১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। সর্বনিম্ন গ্রেডের মজুরি ভোটের মাধ্যমে নির্ধারিত হলেও অন্য তিন গ্রেডের ক্ষেত্রে সদস্যরা একমত হয়েছেন।

শ্রম আইন ও আইএলও’র  মানদণ্ড কী

বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৪১ ধারায় ন্যূনতম মজুরি নির্ধারণের ক্ষেত্রে কয়েকটি বিষয় বিবেচনার নির্দেশনা রয়েছে। এর মধ্যে শ্রমিকের জীবনযাত্রার ব্যয় ও মান, উৎপাদন খরচ, উৎপাদনশীলতা, উৎপাদিত পণ্যের মূল্য, মূল্যস্ফীতি, কাজের ধরন ও ঝুঁকি, ব্যবসার আর্থিক সক্ষমতা এবং দেশের আর্থসামাজিক অবস্থা উল্লেখযোগ্য।

অর্থাৎ শ্রমিকের ন্যূনতম জীবনমান নিশ্চিত করার পাশাপাশি শিল্পের আর্থিক সক্ষমতা ও টিকে থাকার বিষয়টিও বিবেচনায় নিতে হবে। তবে কোন সূচককে কতটা গুরুত্ব দিয়ে মজুরির অঙ্ক নির্ধারণ করতে হবে, সে বিষয়ে আইনে নির্দিষ্ট কোনও হিসাবপদ্ধতি নেই।

আন্তর্জাতিক শ্রম সংস্থার ১৯৭০ সালের ১৩১ নম্বর কনভেনশনেও ন্যূনতম মজুরি নির্ধারণের ক্ষেত্রে দুটি দিককে গুরুত্ব দেওয়া হয়েছে। প্রথমত, শ্রমিক ও তাঁর পরিবারের প্রয়োজন, দেশের সাধারণ মজুরির স্তর, জীবনযাত্রার ব্যয় এবং সামাজিক নিরাপত্তা সুবিধা। দ্বিতীয়ত, অর্থনৈতিক অবস্থা, উৎপাদনশীলতা, কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নের বিষয়গুলো।

আইএলও’র নির্দেশনা অনুযায়ী, শ্রমিকের জীবনমান নিশ্চিত করা এবং শিল্পের অর্থনৈতিক সক্ষমতা বজায় রাখার মধ্যে ভারসাম্য থাকতে হবে। এ ক্ষেত্রে মালিক ও শ্রমিকপক্ষের কার্যকর অংশগ্রহণও গুরুত্বপূর্ণ। তবে আইএলও কোনও দেশের জন্য নির্দিষ্ট মজুরির অঙ্ক নির্ধারণ করে দেয় না।

এ বিষয়ে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘দেশের মূল্যস্ফীতি, শ্রমিকদের জীবনযাত্রার মান, শ্রম আইন, তৈরি পোশাকশিল্পের বর্তমান পরিস্থিতি এবং বিশেষজ্ঞদের মতামত বিবেচনায় নিয়ে নতুন মজুরি কাঠামো নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্ট সব পক্ষের মতামত নেওয়া হয়েছে।’’

তিনি বলেন, ‘‘আইএলও মজুরির নির্দিষ্ট অঙ্ক ঠিক করে দেয় না; বরং মজুরি নির্ধারণের ক্ষেত্রে কিছু মানদণ্ড অনুসরণের কথা বলে। বাংলাদেশে মজুরি নির্ধারণের জন্য স্থায়ী কোনও মডেল নেই। ভবিষ্যতে এ ধরনের একটি নিয়মতান্ত্রিক ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন।’’

শ্রমিকের জীবনযাত্রার ব্যয়ের হিসাব

শ্রমিকপক্ষের দাবি, বর্তমান বাজারদর ও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে ১৭ হাজার টাকা সামঞ্জস্যপূর্ণ নয়। মজুরি বোর্ডে থাকা শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার জানান, বাজারদর, মূল্যস্ফীতি, বাসাভাড়া, চিকিৎসা ও সন্তানের শিক্ষার ব্যয় বিবেচনায় নিয়ে তাঁরা প্রথমে ৩২ হাজার টাকা মজুরি প্রস্তাব করেছিলেন। চার সদস্যের একটি পরিবারের মাসিক ব্যয় ৪৫ থেকে ৬০ হাজার টাকা বলে তাঁদের হিসাব। পরে শিল্পের সক্ষমতা বিবেচনায় দাবি কমিয়ে ২৫ হাজার, ২২ হাজার এবং শেষ পর্যন্ত ১৮ হাজার টাকায় আনা হয়।

বড় কারখানাগুলোর জন্য পৃথক মজুরি কাঠামোর প্রস্তাব

পোশাক খাতের বড় কারখানাগুলোর জন্য বেশি হারে পৃথক মজুরি কাঠামো চালুর প্রস্তাব দিয়েছেন নিম্নতম মজুরি বোর্ডের শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার। একই সঙ্গে প্রতিবছর নতুন করে মজুরি কাঠামো ঘোষণা করারও সুপারিশ করেছেন তিনি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে পোশাক খাতের নিম্নতম মজুরি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব প্রস্তাব তুলে ধরেন তিনি। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

বাবুল আখতার বলেন, ‘‘দেশের সব পোশাক কারখানার পক্ষে একই হারে বাড়তি মজুরি দেওয়া সম্ভব নয়। বিশেষ করে ছোট কারখানাগুলোর আর্থিক সক্ষমতা বড় কারখানার তুলনায় কম। এসব কারখানার ওপর বেশি মজুরির চাপ তৈরি হলে সেগুলো বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে ছোট ও বড় কারখানার জন্য পৃথক মজুরি কাঠামো করা যুক্তিযুক্ত।’’

তিনি বলেন, ‘‘বড় ও সক্ষম কারখানাগুলোতে শ্রমিকদের তুলনামূলক বেশি মজুরি দেওয়ার সুযোগ রয়েছে। বিশেষ করে পরিবেশবান্ধব বা গ্রিন সনদপ্রাপ্ত প্রায় ৩০০টি কারখানা শ্রমিকদের বেশি হারে মজুরি দিতে সক্ষম। এসব কারখানাকে পৃথক মজুরি কাঠামোর আওতায় আনা যেতে পারে।’’

শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় ও মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিবছর মজুরি কাঠামো পর্যালোচনা ও ঘোষণার প্রস্তাবও দেন তিনি।

বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির সভাপতি তাসলিমা আখতার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘শ্রমিকদের মজুরি আরও বাড়ানোর সুযোগ ছিল। কিন্তু ছোট ছোট কারখানা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখিয়ে মালিকপক্ষ ১৭ হাজার টাকার বেশি দিতে রাজি হয়নি।’’

তিনি বলেন, ‘‘শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়, পরিবারের প্রয়োজন এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বিবেচনায় নিলে আরও বেশি মজুরি নির্ধারণ করা যেত। শ্রম আইনে শ্রমিকদের অধিকার ও সুরক্ষার কথা বলা হলেও বাস্তবে তাঁদের জীবনমান নিশ্চিত করার বিষয়টি যথেষ্ট গুরুত্ব পায়নি।’’

অন্যদিকে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) হিসাবে, জীবনধারণের উপযোগী মজুরি হওয়া উচিত ২৪ হাজার ২০৪ টাকা। তাদের প্রস্তাবিত মজুরির পরিসর ১৮ হাজার ৫৭৮ থেকে ২৪ হাজার ২০৪ টাকা। ২০২৩ সালে নির্ধারিত ১২ হাজার ৫০০ টাকার ক্রয়ক্ষমতা ধরে রাখতেই ১৬ হাজার ৩৫১ টাকা প্রয়োজন বলে সংস্থাটির বিশ্লেষণে উঠে এসেছে।

তবে সিপিডির হিসাবের পদ্ধতি নিয়ে আপত্তি জানিয়েছে বিজিএমইএ। সংগঠনটির মতে, পরিবারের সদস্য সংখ্যা ও উপার্জনক্ষম ব্যক্তির সংখ্যা নির্ধারণে ব্যবহৃত পদ্ধতি নিয়ে আরও পর্যালোচনার প্রয়োজন রয়েছে।

মালিকপক্ষের সক্ষমতার যুক্তি

মালিকপক্ষের প্রধান যুক্তি হলো, উৎপাদন ব্যয় বৃদ্ধি, রফতানি দর কমে যাওয়া এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার চাপের কারণে সব কারখানার পক্ষে একই হারে মজুরি বাড়ানো কঠিন।

বিজিএমইএ’র হিসাবে, গত তিন বছরে উৎপাদন খরচ ২৫ থেকে ৩০ শতাংশ বেড়েছে। একই সময়ে পোশাকের রফতানি মূল্য কমেছে ২ দশমিক ৬ শতাংশ। সংগঠনটির দাবি, সদস্য কারখানার প্রায় ৭৮ শতাংশ ছোট ও মাঝারি শ্রেণির। এসব কারখানার ওপর নতুন মজুরি বাস্তবায়নের বাড়তি চাপ পড়বে।

মজুরি বোর্ডে মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম সামছুদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘দেশের প্রায় ৪৩ শতাংশ কারখানার ১৭ হাজার টাকা মজুরি দেওয়ার সক্ষমতা নেই। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে পোশাকশিল্পে অস্থিরতা বিরাজ করছে। এ সময়ে অনেক কারখানা বন্ধ হয়েছে। পাশাপাশি শ্রমিকদের বিভিন্ন সুযোগ-সুবিধা ও ইনসেনটিভও বেড়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়েই মালিকপক্ষ তাদের প্রস্তাব দিয়েছিল।’’

বিজিএমইএ পরিচালক ফয়সাল সামাদের হিসাবে, নতুন মজুরি কার্যকর হলে ছোট কারখানাগুলোর মাসিক বেতন ব্যয় ২০ থেকে ২৫ লাখ টাকা পর্যন্ত বাড়তে পারে। বড় কারখানায় বাড়তি ব্যয়ের পরিমাণ দাঁড়াতে পারে ৪ থেকে ৫ কোটি টাকা।

বিজিএমইএ’র সাবেক পরিচালক ও বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন রুবেল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘তিন বা পাঁচ বছর পরপর মজুরি বাড়ানোকে কেন্দ্র করে যে সংকট তৈরি হয়, তা এড়ানো সম্ভব। মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করে প্রতিবছর শ্রমিকদের মজুরি বাড়ানোর ব্যবস্থা করা প্রয়োজন। এতে একবারে বড় অঙ্কের মজুরি বৃদ্ধির চাপ যেমন কমবে, তেমনি শ্রমিকদের আয়ও নিয়মিত সমন্বয় করা যাবে।’’

তিনি বলেন, ‘‘নিম্নতম মজুরি বোর্ডকে স্থায়ী কমিশনের আদলে গড়ে তোলা যেতে পারে। এই কমিশন শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়, মূল্যস্ফীতি, উৎপাদন খরচ ও শিল্পের সক্ষমতা নিয়মিত পর্যালোচনা করে মজুরি সমন্বয়ের সুপারিশ করতে পারবে।’’

স্থায়ী সূত্রের প্রয়োজন

মজুরি নির্ধারণ নিয়ে মালিক ও শ্রমিকপক্ষের ভিন্ন অবস্থান এবারও স্পষ্ট হয়েছে। শ্রমিকদের দাবি, জীবনযাত্রার ব্যয়ের তুলনায় নতুন মজুরি কম। অপরদিকে মালিকপক্ষ বলছে, শিল্পের বর্তমান পরিস্থিতিতে এর চেয়ে বেশি মজুরি দেওয়া কঠিন।

সিপিডির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদও মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে নির্দিষ্ট সূত্রের ভিত্তিতে প্রতিবছর মজুরি সমন্বয়ের পক্ষে মত দিয়েছেন। সংশ্লিষ্টদের মতে, কয়েক বছর পরপর নতুন করে দর-কষাকষি ও শ্রমিক অসন্তোষের পরিবর্তে তথ্য-উপাত্তভিত্তিক একটি স্থায়ী মজুরি নির্ধারণ ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন।

/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পোশাকে শুল্ক দাঁড়াবে ৩৩.৬ শতাংশ, বদলে যাচ্ছে প্রতিযোগিতার হিসাব
কৃষিপণ্যের রফতানি বাড়াতে ইইউর সঙ্গে যৌথ উদ্যোগের তাগিদ বাণিজ্যমন্ত্রীর
শনিবার থেকে সব কলকারখানা চালুর প্রত্যাশা শ্রমমন্ত্রীর
সর্বশেষ খবর
সংসদকে কার্যকর করতে একগুচ্ছ সংস্কারের তাগিদ
সেমিনারে বক্তারা সংসদকে কার্যকর করতে একগুচ্ছ সংস্কারের তাগিদ
এক জেলায় বিস্ফোরণে আহত, আরেক জেলায় বাড়ি ঘেরাও করে ধরলো এসআরবি
এক জেলায় বিস্ফোরণে আহত, আরেক জেলায় বাড়ি ঘেরাও করে ধরলো এসআরবি
কিশোরী নিয়ে আপত্তিকর পোস্ট কলেজশিক্ষকের, চাইলেন ক্ষমা: অধ্যক্ষ বললেন ‘শোকজ করবো’
কিশোরী নিয়ে আপত্তিকর পোস্ট কলেজশিক্ষকের, চাইলেন ক্ষমা: অধ্যক্ষ বললেন ‘শোকজ করবো’
এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা, পুলিশ বলছে ‘জুলাই আন্দোলনের সময় জেল থেকে পালিয়ে ছিল’
এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা, পুলিশ বলছে ‘জুলাই আন্দোলনের সময় জেল থেকে পালিয়ে ছিল’
সর্বাধিক পঠিত
গ্রেফতারি পরোয়ানা নিয়ে হঠাৎ মাহমুদুর রহমানের বাসায় পুলিশ
গ্রেফতারি পরোয়ানা নিয়ে হঠাৎ মাহমুদুর রহমানের বাসায় পুলিশ
গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ: ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা
গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ: ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা
নগদ ডলার বিক্রিতে সর্বোচ্চ দর বেঁধে দিলো বাংলাদেশ ব্যাংক
নগদ ডলার বিক্রিতে সর্বোচ্চ দর বেঁধে দিলো বাংলাদেশ ব্যাংক
আজ আবারও বসছে মজুরি বোর্ড
আজ আবারও বসছে মজুরি বোর্ড
ডিসেম্বরে বাংলাদেশ দখলে নেওয়ার হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর, জবাবে যা বললেন রিজভী
ডিসেম্বরে বাংলাদেশ দখলে নেওয়ার হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর, জবাবে যা বললেন রিজভী