বিভিন্ন কাজে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট ব্যবহারের সময় অনেক ক্ষেত্রেই ব্যক্তিগত বা সংবেদনশীল তথ্য শেয়ার করতে হয় ব্যবহারকারীদের। এসব গুরুত্বপূর্ণ কথোপকথন যেন অ্যাকাউন্টের চ্যাট হিস্ট্রিতে জমা না থাকে, সে জন্য জেমিনাইতে হিস্ট্রি বন্ধ রাখার সুবিধা ইতিমধ্যেই রয়েছে। তবে এখন থেকে এই চ্যাট হিস্ট্রি বন্ধ রাখলেও ব্যবহারকারীদের কথোপকথন আগের চেয়ে দীর্ঘ সময় সংরক্ষণ করার কথা জানিয়েছে গুগল। নতুন নিয়ম অনুযায়ী, হিস্ট্রি বন্ধ থাকা অবস্থায় করা চ্যাট এবং টেম্পোরারি চ্যাট ৭২ ঘণ্টার পরিবর্তে প্রায় দুই মাস পর্যন্ত গুগলের সার্ভারে রাখা হবে।
গত ১৭ নভেম্বরে প্রকাশিত তথ্য অনুযায়ী, জেমিনাইয়ের প্রাইভেসি হাবের আপডেটেড নীতিমালায় এ পরিবর্তন আনা হয়েছে। গুগলের ভাষ্য, এআই সিস্টেমের সক্ষমতা বাড়ার সঙ্গে সঙ্গে ব্যবহারকারী, প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চ্যাট হিস্ট্রি দীর্ঘ সময় সংরক্ষণ করা প্রয়োজন। এ ছাড়া ব্যবহারকারীর প্রশ্নের উত্তর দিতে এবং তাদের পাঠানো ফিডব্যাক প্রক্রিয়াকরণেও এসব তথ্য কাজে লাগানো হবে। সম্ভাব্য সিস্টেম ত্রুটি দেখা দিলে তা পর্যালোচনার জন্যও চ্যাট হিস্ট্রি সংরক্ষণ করা হয় বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
তবে হিস্ট্রি বন্ধ থাকলে সংরক্ষিত কথোপকথন ব্যবহারকারীর চ্যাট তালিকায় দেখা যাবে না। গুগলের ভাষ্য, ব্যবহারকারীর প্রশ্নের উত্তর দিতে এসব কথোপকথনের সর্বশেষ ২৪ ঘণ্টার তথ্য প্রাসঙ্গিক প্রেক্ষাপট হিসেবে ব্যবহার করা হতে পারে। তবে টেম্পোরারি চ্যাট কিংবা হিস্ট্রি বন্ধ থাকা অবস্থায় করা কথোপকথন গুগলের এআই মডেল প্রশিক্ষণে ব্যবহার করা হবে না, যদি না ব্যবহারকারী সংশ্লিষ্ট কোনো ফিডব্যাক পাঠান।
কোনো উত্তরের বিষয়ে ব্যবহারকারী ফিডব্যাক পাঠালে তথ্য সংরক্ষণের নিয়ম ভিন্ন হবে। সে ক্ষেত্রে ফিডব্যাকের সঙ্গে সংশ্লিষ্ট চ্যাটের সর্বশেষ ২৪ ঘণ্টার কথোপকথন, সংযুক্ত ফাইল ও অন্যান্য তথ্যও সংগ্রহ করতে পারে গুগল। এসব তথ্য বিশেষভাবে প্রশিক্ষিত পর্যালোচকদের মাধ্যমে যাচাই করা হবে। পর্যালোচনার জন্য নির্বাচিত কথোপকথন ও সংশ্লিষ্ট তথ্য ব্যবহারকারীর অ্যাকাউন্ট থেকে বিচ্ছিন্ন করে সর্বোচ্চ তিন বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারে প্রতিষ্ঠানটি। এসব তথ্য জেমিনাইয়ের সেবার মান উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালণ করবে।
এদিকে জেমিনাইয়ের তথ্য নিয়ন্ত্রণের সেটিংসেও পরিবর্তন আনছে গুগল। আগে ‘কিপ অ্যাক্টিভিটি’ অপশন চালু বা বন্ধ করার মাধ্যমে ব্যবহারকারীর কথোপকথন চ্যাট হিস্ট্রিতে সংরক্ষণ এবং সেসব তথ্য এআই মডেল প্রশিক্ষণে ব্যবহারের অনুমতি, দুটিই একসঙ্গে নিয়ন্ত্রণ করা হতো। নতুন ব্যবস্থায় এ দুটি বিষয় আলাদাভাবে নিয়ন্ত্রণ করা যাবে। ফলে ব্যবহারকারীরা চাইলে নিজেদের চ্যাট হিস্ট্রি চালু রেখেও কথোপকথন এআই মডেল প্রশিক্ষণে ব্যবহারের অনুমতি বন্ধ রাখতে পারবেন।
যারা আগে থেকেই কিপ অ্যাক্টিভিটি বন্ধ রেখেছেন, তাদের ক্ষেত্রে নতুন ব্যবস্থায় চ্যাট হিস্ট্রি সংরক্ষণ ও মডেল প্রশিক্ষণ, দুটির অনুমতিই বন্ধ থাকবে। আর যাদের অপশনটি চালু ছিল, তাদের চ্যাট হিস্ট্রি আগের মতোই চালু থাকবে। তবে মডেল প্রশিক্ষণে কথোপকথন ব্যবহারের অনুমতি নতুন সেটিংস থেকে আলাদাভাবে নিয়ন্ত্রণ করতে হবে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে বিশ্বজুড়ে জেমিনাই অ্যাপে এ পরিবর্তন চালু করা হবে বলে জানিয়েছে গুগল।
ভ্রমণের বিস্তারিত পরিকল্পনা তৈরি করবে গুগল ম্যাপস, যুক্ত হলো নতুন এআই ফিচার
মেসেঞ্জারের মতো ইনস্টাগ্রামেও আসছে মেসেজিং অ্যাপ