নব্য-উদারনৈতিক আইনি বৈধতা

বাংলাদেশের আইন প্রণয়ন প্রক্রিয়া এবং ২০২৬ পরবর্তী সংকট

রেজাউর রহমান লেনিন
২৭ নভেম্বর ২০২৬, ১৪:০০ আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ১৪:০০

স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের অর্ধশতাব্দীরও বেশি সময়ের সাংবিধানিক ও আইনি ইতিহাস পর্যালোচনা করলে এক গভীর কাঠামোগত স্ববিরোধ স্পষ্ট হয়ে ওঠে— ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের রক্তক্ষয়ী জুলাই গণঅভ্যুত্থানের মতো যুগান্তকারী জনআকাঙ্ক্ষার বিস্ফোরণ ঘটলেও রাষ্ট্রের আইন প্রণয়ন প্রক্রিয়া ও প্রশাসনিক যন্ত্র কখনোই পুরোপুরি বি-উপনিবেশায়িত বা জনসার্বভৌমত্বের অধীনস্থ হতে পারেনি।

বরং সামরিক-বেসামরিক আমলাতন্ত্রের অতিনির্মিত ক্ষমতা, লুণ্ঠনমূলক ক্রনি পুঁজিপুঞ্জীভবন এবং আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের কাঠামোগত শর্তাবলির চাপে বাংলাদেশে আইন প্রণয়ন এক ধরনের রাজনৈতিক-অর্থনৈতিক প্রকৌশলে রূপ নিয়েছে—যা সমকালীন তত্ত্বে নব্য-উদারনৈতিক আইনি বৈধতা বা নিও-লিবারেল লিগালিটি হিসেবে পরিচিত।

২০২৬ সালের নির্বাচন-পরবর্তী সংসদীয় বাস্তবতায় দাঁড়িয়ে যখন সাইবার নিরাপত্তা আইন সংস্কার, জাতীয় মানবাধিকার কমিশন আইনের সংশোধন এবং বলপূর্বক গুমবিরোধী আইনি পরিকাঠামো নির্মাণের মতো স্পর্শকাতর প্রশ্নগুলো সামনে এসেছে, তখন স্পষ্টতই দেখা যাচ্ছে যে,আইন এখানে নাগরিকের মৌলিক অধিকার রক্ষার ঢাল হওয়ার বদলে মুক্তবাজারের স্থিতিশীলতা, বহুজাতিক পুঁজির নিরাপত্তা এবং রাষ্ট্রযন্ত্রের দীর্ঘস্থায়ী দায়মুক্তিকে প্রাতিষ্ঠানিক বৈধতা দেওয়ার সূক্ষ্ম হাতিয়ারে পরিণত হয়েছে।উত্তর-ঔপনিবেশিক বিলম্বিত পুঁজিবাদ ও নব্য-উদারনৈতিক আইনি বৈধতা মধ্যকার এই জটিল মিথস্ক্রিয়াকে গভীরভাবে ব্যবচ্ছেদ করা ব্যতীত বাংলাদেশের বর্তমান আইনি ও রাজনৈতিক সংকটের প্রকৃত তাত্ত্বিক স্বরূপ উন্মোচন করা অসম্ভব।

উত্তর-ঔপনিবেশিক রাষ্ট্রগুলোতে বিলম্বিত পুঁজিবাদের বিকাশের সাথে আইন প্রণয়ন প্রক্রিয়ার রূপান্তর কোনও ধারাবাহিক, রৈখিক বা জৈব গণতান্ত্রিক বিবর্তনের ফসল নয়; বরং তা ঔপনিবেশিক প্রাতিষ্ঠানিক ধারাবাহিকতা, অসম পুঁজিপুঞ্জীভবন এবং আন্তর্জাতিক অর্থনৈতিক নির্ভরতার জটিল মিথস্ক্রিয়ায় গঠিত একটি সুনির্দিষ্ট রাজনৈতিক-অর্থনৈতিক প্রকৌশল। পশ্চিমা মেট্রোপলিটনে পুঁজিবাদের বিকাশ যেখানে সামন্ততন্ত্রের ভাঙন, বুর্জোয়া গণতান্ত্রিক বিপ্লব এবং নাগরিক অধিকারকে কেন্দ্র করে আইনসভার প্রাতিষ্ঠানিক সার্বভৌমত্ব তৈরি করেছিল, প্রান্তিক বা বিলম্বিত পুঁজিবাদী পরিমণ্ডলে নব্য-উদারনৈতিক আইনি বৈধতা সেখানে হাজির হয়েছে সম্পূর্ণ ভিন্ন এক ভূমিকায়।এখানে এটি ঔপনিবেশিক আমলের বলপ্রয়োগকারী শাসনযন্ত্রকে নব্য-উদারনৈতিক অর্থনৈতিক শোষণের প্রধান পাহারাদারে রূপান্তরিত করার প্রাতিষ্ঠানিক যুক্তি হিসেবে কাজ করে।

পাকিস্তানি-ব্রিটিশ মার্কসবাদী হামজা আলাভির বিখ্যাত উত্তর-ঔপনিবেশিক রাষ্ট্রতত্ত্ব এবং গ্রিক-ফরাসি মার্কসবাদী নিকোস প্যালানজাসের রাষ্ট্রের আপেক্ষিক স্বায়ত্তশাসনের ধারণাটি এখানে বিশেষভাবে প্রাসঙ্গিক। প্যালানজাসের মতে, পুঁজিবাদী রাষ্ট্রে আমলাতন্ত্র ও কার্যনির্বাহী বিভাগ কেবল বুর্জোয়া শ্রেণির প্রত্যক্ষ দালাল হিসেবে কাজ করে না, বরং শাসক শ্রেণির দীর্ঘমেয়াদি স্বার্থ সুরক্ষায় রাষ্ট্র একটি আপেক্ষিক স্বায়ত্তশাসন ভোগ করে। বাংলাদেশের মতো প্রান্তিক অর্থনীতির রাষ্ট্রে অতিনির্মিত রাষ্ট্রযন্ত্র—বিশেষত সুসংগঠিত বেসামরিক-সামরিক আমলাতন্ত্র ও জবরদস্তিমূলক নিরাপত্তা কাঠামো—আইন প্রণয়নের ক্ষেত্রে নির্বাচিত আইনসভার চেয়েও অনেক বেশি অপ্রতিদ্বন্দ্বী ও স্বয়ংক্রিয় প্রভাব বিস্তার করে।

নব্য-উদারনৈতিক আইনি বৈধতা এই অতিনির্মিত রাষ্ট্রযন্ত্রকে ভেঙে ফেলে না, বরং তাকে বাজার সুরক্ষার অনুগত ও সুসংহত পাহারাদার হিসেবে পুনর্বিন্যস্ত করে। ফলে সংবিধানে নাগরিক সমতা ও সার্বজনীন মানবাধিকারের অলঙ্কারিক ও প্রসাধনমূলক উপস্থিতি থাকলেও, আইন প্রণয়নের মূল খসড়া তৈরি, আইনি শব্দচয়ন, প্রশাসনিক ভাষা নির্ধারণ এবং আইনের বাস্তবায়নের একচ্ছত্র নিয়ন্ত্রণ থেকে যায় আমলাতান্ত্রিক ও কার্যনির্বাহী মহলের হাতে।

২০২৬ সালের নির্বাচন-পরবর্তী নির্বাচিত সংসদের ক্ষেত্রেও দেখা যায়, জনপ্রতিনিধিরা আইনসভায় উপস্থিত থাকলেও নীতি নির্ধারণ ও আইন রচনার কাঠামোগত নিয়ন্ত্রণ কার্যত পুরোনো আমলাতান্ত্রিক বলয়ের হাতেই কুক্ষিগত থেকে গেছে। আইন প্রণয়নের মূল চালিকাশক্তি তাই জনকল্যাণমুখী রূপান্তর বা সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার পরিবর্তে আমলাতান্ত্রিক সুবিধা, পুঁজি-বান্ধব শৃঙ্খলা ও রাষ্ট্রের প্রাতিষ্ঠানিক নিয়ন্ত্রণ টিকিয়ে রাখার দিকেই ধাবিত হচ্ছে।

আইন প্রণয়নের এই কাঠামোগত দ্বিচারিতা ও আমলাতান্ত্রিক প্রতিরোধ সবচেয়ে সুস্পষ্টভাবে উন্মোচিত হয় জাতীয় মানবাধিকার কমিশন আইন, সাইবার সুরক্ষা আইন এবং বলপূর্বক গুমবিরোধী আইন প্রণয়নের বাস্তবতায়। আন্তোনিও গ্রামসির সাংস্কৃতিক ও রাজনৈতিক হেজেমনি তত্ত্বের আলোকে দেখলে স্পষ্ট হয় যে শাসক শ্রেণি কেবল বলপ্রয়োগ বা জবরদস্তির মাধ্যমে টিকে থাকে না; বরং আইন এবং প্রাতিষ্ঠানিক কাঠামোর ভেতর দিয়ে তারা এমন এক সর্বসম্মতি বা সম্মতি তৈরি করে, যা শোষণমূলক ব্যবস্থাকে স্বাভাবিক ও বৈধ বলে প্রতিপন্ন করে।

নব্য-উদারনৈতিক আইনি বৈধতার চোখে মানবাধিকার কোনো অবিভাজ্য, সর্বজনীন বা আমূল রাজনৈতিক-অর্থনৈতিক মুক্তি নয়; এটি বড়জোর কিছু আনুষ্ঠানিক পদ্ধতিগত অধিকার, যা বাজারের স্থিতিশীলতা ও আন্তর্জাতিক দাতা সংস্থার সন্তুষ্টি অর্জনের জন্য নিছক একটি অলঙ্কার বা কমপ্লায়েন্স টুল হিসেবে রাখা হয়।

২০২৬ সালের জাতীয় মানবাধিকার কমিশন আইনের ১৫ নম্বর ধারার তাত্ত্বিক ব্যবচ্ছেদ করলে দেখা যায়, শৃঙ্খলা বাহিনী বা নিরাপত্তা সংস্থার বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এলে কমিশন নিজে স্বয়ংক্রিয়ভাবে বা স্বাধীনভাবে তল্লাশি ও তদন্তের আইনি এখতিয়ার রাখে না; বরং তাকে বাধ্যতামূলকভাবে সরকারের অনুমতি বা প্রতিবেদনের ওপর নির্ভর করতে হয়। এই আইনি ফাঁকফোকরটি প্রমাণ করে যে, উত্তর-ঔপনিবেশিক আমলাতন্ত্র ও নিরাপত্তা কাঠামোর কর্পোরেট স্বার্থ সুরক্ষার জন্যই আইনটিকে এমনভাবে ডিজাইন করা হয়েছে, যাতে তা কোনোদিন রাষ্ট্রের জবরদস্তিমূলক যন্ত্রের জবাবদিহি নিশ্চিত করতে না পারে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের বিতর্কিত ধারা থেকে শুরু করে সাইবার নিরাপত্তা আইন পর্যন্ত নজরদারি-মনস্তত্ত্বের প্রাতিষ্ঠানিক ধারাবাহিকতা বজায় রাখা হয়েছে। জর্জ অ্যাগামবেনের ব্যতিক্রমী পরিস্থিতির তত্ত্ব এখানে প্রযোজ্য, যেখানে রাষ্ট্র তথাকথিত জাতীয় নিরাপত্তা বা রাষ্ট্রের ভাবমূর্তি রক্ষার মতো অস্পষ্ট ধারণাকে স্থায়ী নিয়মে পরিণত করে।

উসকানিমূলক বক্তব্য কিংবা বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর মতো অত্যন্ত অস্পষ্ট, ঢালাও ও বিচারহীনভাবে প্রয়োগযোগ্য শব্দবন্ধগুলোর মাধ্যমে রাষ্ট্র বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান ও ই-কমার্স পুঁজির জন্য ডেটা নিষ্কাশনের পথ অবাধ রাখে, অথচ স্থানীয় পর্যায়ে যেকোনও গণআন্দোলন, শ্রমিক অসন্তোষ বা ডিজিটাল প্রতিরোধকে তাৎক্ষণিক অপরাধ হিসেবে দমন করার অবাধ আইনি ক্ষমতা নিজের হাতে সুরক্ষিত রাখে।

আন্তর্জাতিক গুম প্রতিরোধ সংক্রান্ত আন্তর্জাতিক সনদে অনুস্বাক্ষর এবং তদন্ত কমিশন গঠনের বাধ্যবাধকতা সত্ত্বেও, ২০২৬ সালে নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর আমলাতন্ত্র ও নিরাপত্তা সংস্থাগুলো রাষ্ট্রীয় শৃঙ্খলা রক্ষা ও বিদেশি বিনিয়োগের অনুকূল পরিবেশ বজায় রাখার ধোঁয়াশা তুলে গুমবিরোধী আইনে সুস্পষ্ট কমান্ড রেসপনসিবিলিটি বা উচ্চপদস্থ নীতিনির্ধারকদের দায়বদ্ধতা নির্ধারণ এবং নিরাপত্তা বাহিনীর গোপন বন্দিশালা পরিদর্শনের অবাধ ক্ষমতা কমিশনের হাতে ন্যস্ত করার পথ রুদ্ধ করতে সচেষ্ট হয়। ফলে আইন প্রণয়ন প্রক্রিয়া এখানে রাষ্ট্রযন্ত্রের দীর্ঘস্থায়ী দায়মুক্তির সংস্কৃতিকে ভাঙার বদলে তাকে নব্য-উদারনৈতিক স্থিতিশীলতার দোহাই দিয়ে প্রাতিষ্ঠানিক আপসের ভেতর অক্ষত রাখার পুরোনো কৌশলে ফিরে যায়।

বিলম্বিত পুঁজিবাদের মৌলিক ও আগ্রাসী অর্থনৈতিক গতিশীলতা এই আইনি বিকৃতিকে আরও বেগবান করে তোলে। ডেভিড হার্ভে যাকে বেদখল ও উচ্ছেদের মাধ্যমে পুঁজিপুঞ্জীভবন হিসেবে চিহ্নিত করেছেন, সেই প্রক্রিয়ায় সাধারণ মানুষের ভূমি, জলরাশি, প্রাকৃতিক সম্পদ এবং সামাজিক পরিসরকে দেশীয় ও আন্তর্জাতিক করপোরেট গোষ্ঠীর হাতে তুলে দিতে আইন প্রণয়ন প্রক্রিয়াকে প্রধান বৈধতাদাতা হিসেবে ব্যবহার করা হয়। ভূমি অধিগ্রহণ আইন, বিশেষ অর্থনৈতিক অঞ্চলের দায়মুক্তি সংক্রান্ত অধ্যাদেশ এবং কর অবকাশ ও জ্বালানি-অবকাঠামো প্রকল্পের বিশেষ সুবিধাগুলো কোনও গভীর ও অর্থবহ বিতর্ক ছাড়াই আইনসভায় চূড়ান্ত রূপ লাভ করে।

একই সাথে, বিলম্বিত পুঁজিবাদে বৈশ্বিক সাপ্লাই চেইনের জন্য সস্তা, অনুগত ও প্রতিরোধহীন শ্রমের জোগান নিশ্চিত রাখা রাষ্ট্রের এক অপরিহার্য দায় হিসেবে উপস্থিত হয়। ফলে শ্রম আইন প্রণয়ন বা সংস্কারের ক্ষেত্রে শ্রমিকদের সংগঠিত হওয়ার ও ধর্মঘটের অধিকার সংকুচিত রাখা, ট্রেড ইউনিয়নের শর্তাবলি অত্যন্ত কঠিন করা এবং সুবিশাল অনানুষ্ঠানিক খাতকে যেকোনও আইনি সুরক্ষার বাইরে রাখার ধারাগুলো সচেতনভাবে বজায় রাখা হয়। এর মধ্য দিয়ে সাংবিধানিক আইনের শাসন রূপান্তরিত হয় চরম এক আইন দ্বারা শাসনে, যেখানে নতুন সংসদীয় বৈধতাকে ব্যবহার করে অর্থনৈতিক শোষণ ও শ্রমলুণ্ঠনকে চিরস্থায়ী রূপ দেওয়া হয়।

অর্থনৈতিক এই চরিত্র আইনসভার প্রাতিষ্ঠানিক কাঠামোকে ভেতর থেকে পুরোপুরি অন্তঃসারশূন্য ও যান্ত্রিক করে ফেলে। বিলম্বিত পুঁজিবাদী ব্যবস্থায় রাজনীতি ও ব্যবসায়ের মধ্যকার প্রাতিষ্ঠানিক ব্যবধান সম্পূর্ণ মুছে যায় এবং আইনসভায় ব্যবসায়ী, করপোরেট লবিস্ট ও ধনিক শ্রেণির প্রত্যক্ষ একাধিপত্য প্রতিষ্ঠিত হয়। সংবিধানের ৭০ অনুচ্ছেদের মতো কঠোর কাঠামোগত নিয়ন্ত্রণ দলীয় সংসদ সদস্যদের স্বাধীন বিবেকের ভিত্তিতে আইন পর্যালোচনার পথ আমূল রুদ্ধ করে দেয়।

সংসদীয় স্থায়ী কমিটিগুলোতে দীর্ঘ, চুলচেরা ও বিশেষজ্ঞসুলভ বিশ্লেষণের সংস্কৃতি অনুপস্থিত থাকায় মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় বিল পাস করার প্রবণতা প্রমাণ করে যে, আইন প্রণয়ন এখানে কোনও জাতীয় ঐকমত্য বা জনমতের প্রতিফলন নয়, বরং রাজনৈতিক ক্ষমতা ধরে রাখা এবং পুঁজি-বান্ধব একাধিপত্যকে সাংবিধানিক বৈধতা দেওয়ার একটি যান্ত্রিক ও আনুষ্ঠানিক রাবার স্ট্যাম্প মাত্র।

একই সাথে উত্তর-ঔপনিবেশিক বিলম্বিত পুঁজিবাদের আইন প্রণয়ন প্রক্রিয়া বৈশ্বিক ভূরাজনীতি এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল, বিশ্বব্যাংক বা এশীয় উন্নয়ন ব্যাংকের মতো বহুপাক্ষিক অর্থলগ্নিকারী সংস্থাগুলোর কাঠামোগত সমন্বয় কর্মসূচি ও পলিসি প্রেসারের সাথে ওতপ্রোতভাবে যুক্ত। ল্যাটিন আমেরিকা বা দক্ষিণ এশিয়ার অন্যান্য উন্নয়নশীল রাষ্ট্রের ঐতিহাসিক অভিজ্ঞতার দিকে তাকালে দেখা যায়, কীভাবে আন্তর্জাতিক ঋণদাতা সংস্থার শর্ত পূরণ করতে গিয়ে এসব রাষ্ট্র জাতীয় সার্বভৌমত্ব বিসর্জন দিয়ে জনস্বার্থবিরোধী আইন প্রণয়ন করতে বাধ্য হয়েছে।

নব্য-উদারনৈতিক আইনি বৈধতার সবচেয়ে দৃশ্যমান ও আক্রমণাত্মক আন্তর্জাতিক বহিঃপ্রকাশ ঘটে এই শর্তাধীন আইন প্রণয়নের মধ্য দিয়ে। ২০২৬ সালে ক্ষমতা গ্রহণকারী সরকারের জন্য বৈদেশিক মুদ্রার রিজার্ভ রক্ষা, মুদ্রা স্ফীতি নিয়ন্ত্রণ ও অর্থনৈতিক দেউলিয়াত্ব এড়াতে আন্তর্জাতিক ঋণদাতা সংস্থাগুলোর আরোপিত কঠোর শর্তাবলি মান্য করা একপ্রকার কাঠামোগত বাধ্যবাধকতা হয়ে দাঁড়ায়।

ফলে আইনসভায় কোনও বিস্তৃত সামাজিক প্রভাব মূল্যায়ন বা জনশুনানি ছাড়াই রাজস্ব বৃদ্ধি, করের আওতা সম্প্রসারণ, বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানির স্বয়ংক্রিয় মূল্যবৃদ্ধি সমন্বয় এবং সামাজিক নিরাপত্তা ও কল্যাণমূলক ভর্তুকি প্রত্যাহারের মতো জনস্বার্থবিরোধী আইনগুলো অত্যন্ত দ্রুতগতিতে পাস করিয়ে নেওয়া হয়।

এই প্রক্রিয়ায় জাতীয় সংসদ কার্যত বহুজাতিক আর্থিক প্রতিষ্ঠানের পলিসি পেপারের এক অনুগত আইনি রূপকার হিসেবে কাজ করে। স্থানীয় জনসাধারণের প্রকৃত আয়, ক্রয়ক্ষমতা ও চরম অর্থনৈতিক প্রান্তিকতাকে সম্পূর্ণ উপেক্ষা করে বৈশ্বিক আর্থিক পুঁজির নিরবচ্ছিন্ন মুনাফা প্রবাহ, লভ্যাংশ এবং বৈদেশিক ঋণ পরিশোধকে সর্বোচ্চ আইনি সুরক্ষা দেওয়া হয়, যা সমাজে বিদ্যমান শ্রেণি বৈষম্যকে আরও গভীর ও অসহনীয় করে তোলে।

উত্তর-ঔপনিবেশিক বিলম্বিত পুঁজিবাদ ও নব্য-উদারনৈতিক আইনি বৈধতার এই তাত্ত্বিক কাঠামোয় দাঁড়িয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের ১২ সদস্যবিশিষ্ট সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির কার্যক্রম ও মতামতগুলোকে পর্যালোচনা করলে এক গভীর সাংবিধানিক স্ববিরোধ স্পষ্ট হয়ে ওঠে। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী অন্তর্বর্তীকালীন অধ্যায়ে জুলাই জাতীয় সনদ এবং সংবিধান সংস্কার কমিশনের মাধ্যমে যে গণতান্ত্রিক রাষ্ট্ররূপান্তরের মৌলিক আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, ২০২৬ সালের নির্বাচন-পরবর্তী সংসদীয় বাস্তবতায় ১২ সদস্যবিশিষ্ট এই বিশেষ কমিটির প্রস্তাবনা ও কার্যপদ্ধতিতে তার এক ধরনের আমলাতান্ত্রিক, অভিজাততান্ত্রিক ও দলীয় সংকোচন অত্যন্ত স্পষ্টভাবে লক্ষ করা যায়।

দ্বিকক্ষবিশিষ্ট সংসদ গঠন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল, প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি এবং সংবিধানের ৭০ অনুচ্ছেদ নিয়ে কমিটির আলোচনাগুলোতে পুরোনো ক্ষমতাকেন্দ্রিক রাজনীতি ও নব্য-উদারনৈতিক স্থিতিশীলতার ছাপ অত্যন্ত প্রকট। যেমন-উচ্চকক্ষ গঠনের প্রস্তাবে সরাসরি জনগণের সরাসরি ভোটের পরিবর্তে নিম্নকক্ষের আনুপাতিক প্রতিনিধিত্ব বা আমলাতান্ত্রিক মনোনয়নের যে কাঠামো ভাবা হয়েছে, তা বিলম্বিত পুঁজিবাদী সমাজের করপোরেট এলিট, আমলা এবং ব্যবসায়ী-রাজনৈতিক অক্ষের জন্য একটি নিরাপদ সেফটি ভালভ বা অভিজাত পুনর্বাসন কেন্দ্রে পরিণত হওয়ার গুরুতর ঝুঁকি তৈরি করে।

এছাড়া, মৌলিক অধিকারের অধ্যায়ে ডিজিটাল অধিকার, ব্যক্তিগত গোপনীয়তা কিংবা খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার মতো মৌলিক অর্থনৈতিক-সামাজিক অধিকারকে বিচারিকভাবে বলবৎযোগ্য করার বিষয়ে কমিটির অনীহা নব্য-উদারনৈতিক আইনি বৈধতার সেই পুরনো ও রক্ষণশীল দর্শনকেই প্রতিফলিত করে, যেখানে শ্রমজীবী মানুষের অধিকারের চেয়ে মুক্তবাজারের স্বার্থ এবং রাষ্ট্রের নিরাপত্তা যন্ত্রের প্রাধান্য সবসময় অক্ষত রাখা হয়।

সংবিধান সংশোধনের গণতান্ত্রিক প্রক্রিয়াটির তাত্ত্বিক পর্যালোচনায় এই সংকট আরও নগ্নভাবে ধরা পড়ে। সাংবিধানিক সমাজবিজ্ঞানে সার্বভৌম গাঠনিক ক্ষমতা এবং গঠিত ক্ষমতার মধ্যে একটি মৌলিক ও আপসহীন পার্থক্য রয়েছে। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান ছিল মূলত জনগণের রাজনৈতিক সার্বভৌম গাঠনিক ক্ষমতার এক ঐতিহাসিক ও অদম্য বহিঃপ্রকাশ, যার মূল লক্ষ্য ছিল বিদ্যমান ফ্যাসিবাদী, বৈষম্যমূলক ও ঔপনিবেশিক সাংবিধানিক কাঠামোর আমূল রূপান্তর ও পুনর্গঠন।

কিন্তু ২০২৬ সালে ত্রয়োদশ জাতীয় সংসদ গঠিত হওয়ার পর সেই বিপ্লবী সার্বভৌম জনআকাঙ্ক্ষাকে একটি মাত্র ১২ সদস্যবিশিষ্ট সংসদীয় বিশেষ কমিটির রুদ্ধদ্বার কক্ষের আমলাতান্ত্রিক দরকষাকষির মধ্যে সীমাবদ্ধ করে ফেলা হয়েছে।

গণতান্ত্রিক সংবিধান সংস্কারের আন্তর্জাতিক ও তুলনামূলক সাংবিধানিক মানদণ্ড অনুযায়ী, যেকোনও মৌলিক সাংবিধানিক পরিবর্তনের জন্য তিনটি অপরিহার্য স্তম্ভ থাকা বাঞ্ছনীয়—(১) খসড়া প্রণয়নের প্রতিটি স্তরে প্রান্তিক জনগোষ্ঠী, মেহনতি মানুষ, নারী, শ্রমিক ও নাগরিক সমাজের উন্মুক্ত, অন্তর্ভুক্তিপূর্ণ ও অর্থবহ অংশগ্রহণ।

(২) সংসদীয় কমিটিতে দলীয় সংখ্যাগরিষ্ঠতার জোরে মতামত চাপিয়ে দেওয়ার পরিবর্তে একটি ব্যাপকভিত্তিক ও দীর্ঘমেয়াদি জাতীয় ঐকমত্য।

(৩) সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তনকারী যেকোনও মৌলিক সংশোধনী চূড়ান্ত করার ক্ষেত্রে সরাসরি গণভোটের মাধ্যমে জনগণের সার্বভৌম অনুমোদন গ্রহণ।

কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, ১২ সদস্যবিশিষ্ট বিশেষ কমিটির কার্যক্রমে উন্মুক্ত গণশুনানি, জনপরিসরে দীর্ঘমেয়াদি বিতর্ক কিংবা গণভোটের মতো প্রত্যক্ষ গণতান্ত্রিক প্রক্রিয়াগুলোকে সম্পূর্ণ পাশ কাটিয়ে কেবল সংসদীয় সংখ্যাগরিষ্ঠতার যান্ত্রিক ও ফরমাল বৈধতাকে ব্যবহার করা হচ্ছে।

নব্য-উদারনৈতিক আইনি বৈধতার ছত্রছায়ায় সংবিধান সংশোধনকে এখানে জনগণের সার্বভৌম রাজনৈতিক ইচ্ছার প্রতিফলন হিসেবে না দেখে, বরং আন্তর্জাতিক দাতা সংস্থা, সাম্রাজ্যবাদী শক্তি ও করপোরেট বিনিয়োগকারীদের কাছে একটি স্থিতিশীল ও বিনিয়োগ-বান্ধব শাসনতান্ত্রিক কাঠামো প্রদর্শনের নিছক একটি কারিগরি প্রক্রিয়ায় পর্যবসিত করা হয়েছে।

ফলে জুলাই গণঅভ্যুত্থানের যে ঐতিহাসিক মুহূর্তটি রাষ্ট্রের প্রকৃত বি-উপনিবেশায়ন ও জনসার্বভৌমত্ব প্রতিষ্ঠার সোনালী সুযোগ তৈরি করেছিল, সংসদীয় বিশেষ কমিটির এই সংকীর্ণ ও অভিজাততান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে তা আবারও সেই পুরোনো আইন দ্বারা শাসন এবং দলীয়-আমলাতান্ত্রিক সমঝোতার অন্ধকার চক্রে আবদ্ধ হয়ে পড়ার সমূহ আশঙ্কা তৈরি করেছে।

সামগ্রিকভাবে বিচার করলে অত্যন্ত স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে, উত্তর-ঔপনিবেশিক রাষ্ট্রে বিলম্বিত পুঁজিবাদের বিকাশের সাথে আইন প্রণয়ন প্রক্রিয়া কখনোই কোনও প্রকৃত নাগরিক অধিকার, সামাজিক ন্যায়বিচার বা সুষম সামাজিক চুক্তি গড়ে তুলতে পারেনি; বরং তা ঔপনিবেশিক দমনমূলক মনস্তত্ত্ব, নব্য-উদারনৈতিক করপোরেট লুণ্ঠন এবং দলীয় শাসন সংহতকরণের এক অভিন্ন ও শক্তিশালী প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে।

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের বৈষম্যহীন, জবাবদিহিমূলক ও মানবিক মর্যাদাসম্পন্ন রাষ্ট্র গঠনের ঐতিহাসিক অঙ্গীকার ২০২৬ সালের সংসদীয় বাস্তবতায় এসে ঔপনিবেশিক আমলাতান্ত্রিক ধারাবাহিকতা এবং করপোরেট-পুঁজির স্বার্থরক্ষাকারী আইনি প্রকৌশলের মুখে অত্যন্ত কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছে।

সাইবার আইনের নজরদারিমূলক ধারাগুলো সচেতনভাবে অক্ষত রাখা, জাতীয় মানবাধিকার কমিশনকে আইনগতভাবে ঠুঁটো-জগন্নাথ করে রাখা, গুমবিরোধী আইনে উচ্চপদস্থদের দায়বদ্ধতা আড়াল করা কিংবা সংবিধান সংশোধন কমিটিতে সংকীর্ণ অভিজাততান্ত্রিকতা বজায় রাখা—কোনোটিই বিচ্ছিন্ন কোনও নীতিগত দুর্বলতা বা প্রশাসনিক ভুল নয়; এগুলো হলো উত্তর-ঔপনিবেশিক বিলম্বিত পুঁজিবাদী রাষ্ট্রে শাসক শ্রেণির দায়মুক্তি ও পুঁজি-বান্ধব শৃঙ্খলা বজায় রাখার সুপরিকল্পিত প্রাতিষ্ঠানিক কৌশল।

অতএব, আইন দ্বারা শাসনের এই নিবর্তনমূলক ও শোষক চক্র ভেঙে প্রকৃত আইনের শাসন ও জনসার্বভৌমত্ব প্রতিষ্ঠা করতে হলে কেবল সংসদীয় দলের সামান্য পরিবর্তন বা আইনের কয়েকটি ধারার আনুষ্ঠানিক সংশোধনীর মাধ্যমে তা কখনোই সম্ভব নয়।এর জন্য প্রয়োজন রাষ্ট্রের কাঠামোগত ও দার্শনিক সামগ্রিক বি-উপনিবেশায়ন, সংবিধানের ৭০ অনুচ্ছেদসহ নির্বাহী বিভাগের একচ্ছত্র ও স্বেচ্ছাচারী ক্ষমতার আমূল রূপান্তর, আমলাতান্ত্রিক অতিনির্মিত আধিপত্যের চূড়ান্ত অবসান এবং নব্য-উদারনৈতিক আইনি বৈধতার বাজার-কেন্দ্রিক দর্শনকে পরাস্ত করে আইন প্রণয়ন প্রক্রিয়ার প্রতিটি স্তরে দেশের মেহনতি, প্রান্তিক ও সাধারণ শ্রমজীবী মানুষের সরাসরি, সার্বভৌম ও গণতান্ত্রিক হিস্যা ও অংশগ্রহণ নিশ্চিত করা।

লেখক: গবেষক ও মানবাধিকারকর্মী

/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
রোহিঙ্গা জেনোসাইডের বিচারিক স্বীকৃতি এবং আমাদের মানবিক দায়
একটি শব্দের অপেক্ষায় রোহিঙ্গারা, ফিরতে চান নাগরিক অধিকার নিয়ে
কিছু দেখা, কিছু ভাবনা এবং কিছু প্রশ্ন 
সর্বশেষ খবর
মোশাররফ করিম-শিমুর ‘যাত্রা বিরতি’, সঙ্গে দীঘি
মোশাররফ করিম-শিমুর ‘যাত্রা বিরতি’, সঙ্গে দীঘি
ভারতে জাকির নায়েকের সংগঠনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে পদক্ষেপের অনুমতি
ভারতে জাকির নায়েকের সংগঠনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে পদক্ষেপের অনুমতি
বিএনপির মহাসমাবেশ হবে সোহরাওয়ার্দী উদ্যানে
বিএনপির মহাসমাবেশ হবে সোহরাওয়ার্দী উদ্যানে
মেঘনায় অবৈধ বালু উত্তোলন, দুই ড্রেজারসহ আটক ৫
মেঘনায় অবৈধ বালু উত্তোলন, দুই ড্রেজারসহ আটক ৫
সর্বাধিক পঠিত
গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ: ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা
গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ: ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা
সরকারি সম্মানি পাচ্ছেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন, কবে থেকে চালু জানালেন প্রতিমন্ত্রী
সরকারি সম্মানি পাচ্ছেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন, কবে থেকে চালু জানালেন প্রতিমন্ত্রী
নগদ ডলার বিক্রিতে সর্বোচ্চ দর বেঁধে দিলো বাংলাদেশ ব্যাংক
নগদ ডলার বিক্রিতে সর্বোচ্চ দর বেঁধে দিলো বাংলাদেশ ব্যাংক
ভারতের বক্তা ফরিদপুরে, ‘আ.লীগের অশান্তি থেকে মানুষকে রক্ষা করার’ দোয়া চাইলেন বিএনপির এমপি
ভারতের বক্তা ফরিদপুরে, ‘আ.লীগের অশান্তি থেকে মানুষকে রক্ষা করার’ দোয়া চাইলেন বিএনপির এমপি
কয়েক ঘণ্টার ব্যবধানে পুলিশ বক্স ও ভূমি অফিসে আগুন
কয়েক ঘণ্টার ব্যবধানে পুলিশ বক্স ও ভূমি অফিসে আগুন