কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার ভোর ৬টা ৩০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি পরিবার, আত্মীয়স্বজন, সহকর্মী, অসংখ্য শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাই ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক (অস্ট্রেলিয়াতে শিক্ষা ছুটিতে থাকা) মেহেদী হাসান।
পুলিশ সুপারের কার্যালয় কুমিল্লা ও পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি ৩৪তম বিসিএস পুলিশ ক্যাডারে উত্তীর্ণ হয়ে বাংলাদেশ পুলিশে যুক্ত হোন। চাঁদপুর জেলার হাজীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা আবুল কালামের ছেলে। তার জন্ম ১৯৮১ সালে। ২০০৫ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে প্রাণিবিদ্যায় এমএসসি করেন। তিনি প্রাণিবিদ্যার ২৮তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। ২০১৩ সালে বিয়ে করেন। ২০১৬ সালে পুলিশ ক্যাডারে যোগ দেন।
সাইফুল মালিক কয়েকদিন আগে স্ট্রোক করেছিলেন। পরে তাৎক্ষণিক তাকে কুমিল্লা মডার্ন হাসপাতাল ও পরে ঢাকার গ্রীণ লাইফ হাসপাতাল হয়ে এভারকেয়ারে নেওয়া হয়। বুধবার রাতে অপারেশনের পর বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টায় মারা যান।
জেলা পুলিশ সুপার আনিসুজ্জামান বাংলা ট্রিবিউনকে জানান, মোহাম্মদ সাইফুল মালিক বাংলাদেশ পুলিশে একজন সৎ, দক্ষ, মানবিক ও কর্তব্যনিষ্ঠ কর্মকর্তা হিসেবে সুপরিচিত ছিলেন। কর্মজীবনের প্রতিটি ধাপে তিনি সততা, পেশাদারিত্ব এবং নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে সহকর্মী ও সাধারণ মানুষের আস্থা অর্জন করেন। জনসেবায় তার আন্তরিকতা এবং ন্যায়নিষ্ঠ ভূমিকা তাকে একজন জনপ্রিয় কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। বাংলাদেশ পুলিশ একজন সৎ, যোগ্য ও নিষ্ঠাবান অফিসার হারিয়েছে যে ক্ষতি অপূরণীয়।

বেনাপোল কাস্টমসে ৪,৭৩১ কোটির রাজস্ব ঘাটতি, নতুন অর্থবছরে লক্ষ্যমাত্রা কত 







