বর্ষাকালীন এডিস মশার লার্ভা জরিপ করছে দক্ষিণ সিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৩৫ আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৩৫

ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার প্রজননস্থল ও ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিতকরণ এবং তথ্যনির্ভর মশক নিধন কার্যক্রমের লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে ১২ দিনব্যাপী বর্ষাকালীন এডিস মশার লার্ভা জরিপ-২০২৬ শুরু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) নগর ভবনে এ জরিপ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

চলমান এই জরিপ গত ২৭ সেপ্টেম্বর শুরু হয়েছে এবং আগামী ৮ অক্টোবর পর্যন্ত চলবে। এতে ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডের প্রতিটিতে দৈবচয়ন ভিত্তিতে ৩০টি করে মোট ২ হাজার ২৫০টি বাড়ি থেকে বৈজ্ঞানিক পদ্ধতিতে তথ্য সংগ্রহ করা হচ্ছে। জরিপের মাধ্যমে ডিএসসিসির ১০টি অঞ্চলের মধ্যে মশার প্রাদুর্ভাব ও লার্ভার প্রধান উৎসগুলো চিহ্নিত করা হবে।

ডিএসসিসি ও স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার মোট ৭২ জন মাঠকর্মী এই জরিপে অংশ নিচ্ছেন। তথ্যের স্বচ্ছতা ও নির্ভুলতা নিশ্চিত করতে ব্যবহার করা হচ্ছে আধুনিক ‘কোবো টুলবক্স’ অ্যাপ্লিকেশন। জরিপ শেষে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে ব্রেটু ইনডেক্স (বিআই), হাউস ইনডেক্স (এইচআই), কনটেইনার ইনডেক্স (সিআই) এবং পিউপা ইনডেক্স (পিআই) নির্ধারণ করা হবে।

সিটি করপোরেশন জানিয়েছে, ব্রেটু ইনডেক্সের (বিআই) ভিত্তিতে জরিপের তথ্যের ওপর ভিত্তি করে এলাকাগুলোকে ঝুঁকিপূর্ণ (বিআই ইনডেক্স ২০ বা তার বেশি); মাঝারি ঝুঁকিপূর্ণ (বিআই ইনডেক্স ১০ থেকে ১৯) এবং সাধারণ ঝুঁকিপূর্ণ (বিআই ইনডেক্স ১০-এর নিচে) তিনভাগে চিহ্নিত করা হবে। জরিপের ফলাফলের ওপর ভিত্তি করে চিহ্নিত হটস্পটগুলোতে পরিচ্ছন্নতা অভিযান, লার্ভিসাইড প্রয়োগ এবং বিশেষ ক্র্যাশ প্রোগ্রামসহ মশক নিধন কার্যক্রম জোরদার করা হবে।

উদ্বোধনী বক্তব্যে ডিএসসিসি প্রশাসক বলেন, ‘ডেঙ্গু নিয়ন্ত্রণে বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রজননস্থল ও ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে পদক্ষেপ নেওয়া জরুরি। এই জরিপ ডিএসসিসির বর্তমান পরিস্থিতির একটি নির্ভুল চিত্র দেবে, যার ওপর ভিত্তি করে আমরা কার্যকর ব্যবস্থা নেবো।’

নগরবাসীর সহযোগিতা চেয়ে তিনি আরও বলেন, ‘প্রাক-বর্ষা জরিপে দেখা গেছে, বাসাবাড়ি ও আঙিনায় জমে থাকা পানিই এডিস মশার প্রধান প্রজননক্ষেত্র। তাই ছাদ, বারান্দা, নির্মাণাধীন ভবন ও আশপাশের স্থান জমে থাকা পানি মুক্ত রাখতে নগরবাসীকে সচেতন হতে হবে। সিটি কর্পোরেশনের পাশাপাশি নাগরিকরা এগিয়ে এলেই এডিস মশা নিয়ন্ত্রণ সম্ভব হবে।’

উল্লেখ্য, এর আগে পরিচালিত বর্ষাপূর্ব জরিপে ডিএসসিসির ৬৩টি ওয়ার্ডে লার্ভার ঘনত্ব নির্ধারিত সূচকের চেয়ে বেশি পাওয়া যায় এবং ২৭টি ওয়ার্ডকে অতি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছিল। ওই জরিপের ওপর ভিত্তি করেই সিটি কর্পোরেশন এলাকাগুলোতে ক্র্যাশ প্রোগ্রাম পরিচালনা করেছিল।

উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান, সচিব মো. মশিউর রহমান খান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদার এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহানে ফেরদৌস বিনতে রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এএইচএস/ইউএস/
সম্পর্কিত
বছরের শেষ পর্যন্ত জরিমানা ছাড়া রেলভূমির লাইসেন্স ফি দেওয়ার সুযোগ
বিমান যেন ‘স্বর্ণের খনি’
বাণিজ্য মেলার মাঠ থেকে ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার
সর্বশেষ খবর
দখলকারীরাই এখন রাড্ডা ক্লিনিক পরিষ্কার করছেন, দাবি আসিফ মাহমুদের
দখলকারীরাই এখন রাড্ডা ক্লিনিক পরিষ্কার করছেন, দাবি আসিফ মাহমুদের
ভেরিফিকেশনে বাদ পড়া বিশেষ চাহিদাসম্পন্ন জাহিদ পেলেন খুশির খবর
ভেরিফিকেশনে বাদ পড়া বিশেষ চাহিদাসম্পন্ন জাহিদ পেলেন খুশির খবর
বছরের শেষ পর্যন্ত জরিমানা ছাড়া রেলভূমির লাইসেন্স ফি দেওয়ার সুযোগ
বছরের শেষ পর্যন্ত জরিমানা ছাড়া রেলভূমির লাইসেন্স ফি দেওয়ার সুযোগ
ইউএপিতে দেশের বিশিষ্ট ফার্মাসিস্টদের সম্মাননা
ইউএপিতে দেশের বিশিষ্ট ফার্মাসিস্টদের সম্মাননা
সর্বাধিক পঠিত
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!