প্রিমিয়ার লিগে গুরুতর আর্থিক অনিয়মের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছে ম্যানচেস্টার সিটি। এখন এসব অভিযোগে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে শাস্তি হিসেবে শুধু জরিমানা যথেষ্ট নয় বলে মনে করেন সাবেক চেয়ারম্যান ডেভিড বার্নস্টেইন। একই সঙ্গে ক্লাবটির পরিচালকদের পদত্যাগ করা উচিত বলেও মনে করেন তিনি।
মঙ্গলবার এক স্বাধীন কমিশন ম্যানচেস্টার সিটিকে গুরুতর আর্থিক নিয়ম ভঙ্গের অভিযোগে দোষী সাব্যস্ত করার পর এমন মন্তব্য করেন বার্নস্টেইন।
প্রিমিয়ার লিগ জানিয়েছে, প্রায় এক দশক ধরে আয় বাড়িয়ে দেখানো এবং খরচ কম দেখানোর বিভিন্ন পরিকল্পনার অংশ হিসেবে ম্যানচেস্টার সিটি ‘ভুয়া’ বাণিজ্যিক চুক্তি ব্যবহার করেছে। এর মাধ্যমে ৯০০ মিলিয়ন পাউন্ডের বেশি (প্রায় ১.১৯ বিলিয়ন ডলার) অর্থের হিসাব প্রভাবিত করা হয়েছে বলে কমিশনের তদন্তে উঠে এসেছে।
অবশ্য কোনো ধরনের অনিয়মের কথা অস্বীকার করেছে সিটি। ক্লাবটি এক বিবৃতিতে জানিয়েছে, কমিশনের রায়ের বিরুদ্ধে তারা আপিল করবে।
রায় ঘোষণার পর টকস্পোর্টকে বার্নস্টেইন বলেছেন, ‘আমি সত্যিই এমন কোনো শাস্তির কথা ভাবতে পারছি না, যা এর জন্য যথেষ্ট হবে। মানে, এটি একেবারেই ভয়াবহ। আমি আরেকটি প্রশ্ন তুলতে চাই, সেটি হলো পরিচালনা পর্ষদের বর্তমান অবস্থান।’
তিনি আরও বলেন, ‘কারণ ক্লাবের পরিচালকরা, প্রধান নির্বাহীসহ যিনি বহু বছর ধরে সেখানে আছেন এবং এই পুরো সময়ের মধ্য দিয়ে গেছেন। সব দিক থেকেই ক্লাব পরিচালনার জন্য দায়ী।’
তারপরেই তার মন্তব্য, ‘আবারও বলছি, এটি যদি কোনো ধরনের পাবলিক কোম্পানি হতো, তাহলে এত গুরুতর কোনো ঘটনার ক্ষেত্রে আমার মনে হয়, পুরো বিষয়টির ফলাফল না আসা পর্যন্ত, আপিল হোক বা না হোক-পরিচালকদের পদত্যাগ করতে হতো অথবা সাময়িকভাবে দায়িত্ব থেকে সরিয়ে দিতে হতো। ফলে আমি মনে করি না, বর্তমান ব্যবস্থাপনা বিশ্বাসযোগ্যভাবে তাদের দায়িত্ব চালিয়ে যেতে পারে।’
আজীবন ম্যানচেস্টার সিটির সমর্থক এই সাবেক চেয়ারম্যান ১৯৯৮ থেকে ২০০৩ সাল পর্যন্ত ক্লাবটির দায়িত্বে ছিলেন। তার সময়েই ইংলিশ ফুটবলের তৃতীয় স্তর থেকে আবার প্রিমিয়ার লিগে ফিরে আসে সিটি। তিনি মনে করেন, ‘আমি শুধু এটুকুই বলবো, এখন শুধু জরিমানা যথেষ্ট নয়।’
ম্যানচেস্টার সিটির সঙ্গে যোগাযোগ করা হলেও ক্লাবটি তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
এখনও ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে কোনো শাস্তি ঘোষণা করা হয়নি। আপিল করার জন্য ক্লাবটির হাতে শুক্রবার পর্যন্ত সময় আছে। সম্ভাব্য শাস্তির মধ্যে জরিমানা ও পয়েন্ট কেটে নেওয়া থেকে শুরু করে প্রিমিয়ার লিগ থেকে অবনমন পর্যন্ত হতে পারে। তবে পুরো প্রক্রিয়া শেষ হতে আরও কয়েক মাস সময় লেগে যেতে পারে।