কুষ্টিয়ার দৌলতপুরে শ্রেণিকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের বাংলা উচ্চারণ নিয়ে মন্তব্য করার অভিযোগে গোলাম কিবরিয়া লালন নামের এক স্কুলশিক্ষককে আটক করেছে পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ভেড়ামারা-প্রাগপুর আঞ্চলিক মহাসড়ক এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক গোলাম কিবরিয়া লালন দৌলতপুর উপজেলার প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
শিক্ষার্থীদের দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে বিদ্যালয়ের দশম শ্রেণির বাংলা ক্লাস নিচ্ছিলেন শিক্ষক গোলাম কিবরিয়া লালন। ক্লাসে তিনি সম্প্রতি জাতিসংঘে প্রধানমন্ত্রীর দেওয়া বাংলা ভাষণের প্রসঙ্গ তোলেন। এ সময় তিনি প্রধানমন্ত্রীর বাংলা উচ্চারণ নিয়ে মন্তব্য করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বিষয়টি জানাজানি হলে স্থানীয় বিএনপি নেতাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। বুধবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে বিএনপির নেতাকর্মীসহ একদল লোক জড়ো হয়ে অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবি জানান। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায়।
প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল জানান, বুধবার সকালে বিদ্যালয়ের সাবেক সভাপতিসহ সংশ্লিষ্টদের নিয়ে ওই শিক্ষককে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে শিক্ষক লালন কটূক্তির অভিযোগ অস্বীকার করেছেন। তবে তিনি বলেছেন—দীর্ঘদিন দেশের বাইরে থাকায় প্রধানমন্ত্রীর বাংলা উচ্চারণে কিছুটা অস্পষ্টতা রয়েছে—এমন কথা ক্লাসে বলেছিলেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি এবং বিদ্যালয়ের পরিবেশ উত্তপ্ত করার অভিযোগে ওই শিক্ষককে আটক করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।’
রাত ৯টা পর্যন্ত শিক্ষক গোলাম কিবরিয়া দৌলতপুর থানায় আটক আছেন। এখনও তার বিষয়ে কোনও সিদ্ধান্ত হয়নি বলে জানালেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (দৌলতপুর সার্কেল) দেলোয়ার হোসেন।