২০২৬ সালের প্রথম আটলান্টিক হারিকেন হিসেবে উত্তর মেক্সিকো উপসাগর থেকে শুক্রবার সন্ধ্যায় ফ্লোরিডার ডেস্টিনের কাছে স্থলভাগে আঘাত হেনেছে ইসাইয়াস। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান এ খবর জানিয়েছে।
মায়ামির ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) জানায়, স্থানীয় সময় রাত ৯টা ৩০ মিনিটে ক্যাটাগরি-২ হারিকেন হিসেবে ঘূর্ণিঝড়টির কেন্দ্র স্থলভাগে পৌঁছায়। তখন বাতাসের গতি ছিল ঘণ্টায় ১০৫ মাইল। এর আগে শুক্রবারই ক্যাটাগরি-৩ এর বড় হারিকেন হিসেবে সর্বোচ্চ শক্তিতে পৌঁছেছিল ইসাইয়াস। পূর্বাভাসকারীরা ধারণা করছিলেন, বাতাসের গতির পরিবর্তনের কারণে তা দুর্বল হয়ে পড়বে।
তবে ক্যাটাগরি-২ এর উচ্চ পর্যায়ের ঝড় হলেও লুইজিয়ানা থেকে ফ্লোরিডা পর্যন্ত উত্তর উপসাগরীয় উপকূলের বিস্তীর্ণ এলাকায় এবং অভ্যন্তরের অনেক দূর পর্যন্ত মারাত্মক প্রভাব পড়বে বলে জানিয়েছে এনএইচসি। এর মধ্যে রয়েছে আলাবামা-ফ্লোরিডা সীমান্ত বরাবর ৭ ফুট পর্যন্ত প্রাণঘাতী জলোচ্ছ্বাস এবং উত্তর জর্জিয়ার কিছু অংশে পৌঁছানো শক্তিশালী দমকা হাওয়া।
শুক্রবারের এক সতর্কবার্তায় এনএইচসির হারিকেন বিশেষজ্ঞ রবি বার্গ লেখেন, স্থলভাগে আঘাতের পর ঝড় দুর্বল হবে, তবে ইসাইয়াসের গতিপথের কাছে এবং বরাবর ১০০ মাইল ভেতরে পর্যন্ত হারিকেন-শক্তির স্থায়ী বাতাস বইতে পারে।
ফ্লোরিডা প্যানহ্যান্ডলে ইসাইয়াসের প্রাথমিক প্রভাব দেখা গেছে। প্যানামা সিটি বিচে নোয়ার কর্মকর্তারা পানির স্তর গড়ের চেয়ে ৫ দশমিক ৪ ফুট (১ দশমিক ৬৪ মিটার) ওপরে দেখেছেন। প্রায় ১২৫ মাইল পশ্চিমে পেনসাকোলা সিটি হলে ঘণ্টায় ১০২ মাইল পর্যন্ত দমকা হাওয়া রেকর্ড করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় প্রবল দমকা হাওয়া ও ভারী বৃষ্টিতে ক্রেস্টভিউয়ের একটি গ্যাস স্টেশনের ছাউনি ভেঙে পড়েছে বলে জানা যায়। আবহাওয়াবিদ নিক স্টুয়ার্টের ধারণ করা ভিডিওতে দেখা যায়, ফিলিং স্টেশনের ওপর ছেঁড়া ছাউনি ঝুলছে।
ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস এক সংবাদ সম্মেলনে বলেন, ঝড় এসে গেছে। এখন সবাই সতর্ক হোন। রাস্তায় বের হবেন না। তিনি আরও বলেন, পুরো অঞ্চলজুড়ে আকস্মিক বন্যার ঝুঁকি রয়েছে। ঝড় আসার আগে মিসিসিপি, আলাবামা ও ফ্লোরিডার গভর্নররা জরুরি অবস্থা ঘোষণা করেছেন। তারা উপকূলীয় জনপদের কিছু বাসিন্দাকে সরে যেতে এবং আরও অনেককে ঝড়ের সম্ভাব্য ভয়াবহ আঘাতের জন্য প্রস্তুতি নিতে বলেছেন।
আলাবামার গভর্নর কে আইভি হারিকেন স্থলভাগে আঘাত হানার কিছু আগে জানান, ডোনাল্ড ট্রাম্প তার রাজ্যের জরুরি অবস্থা ঘোষণা অনুমোদন করেছেন। আইভি বলেন, এটি যেকোনও ত্রাণ-তৎপরতায় ফেডারেল অংশীদারদের সহায়তায় লাল ফিতার দৌরাত্ম্য কাটাতে সাহায্য করবে।
ন্যাশনাল ওয়েদার সার্ভিসের মোবাইল কার্যালয় সতর্ক করেছে, ফ্লোরিডার কিছু অংশে ঘূর্ণিঝড়ের মতো অত্যন্ত বিপজ্জনক বাতাস বইতে পারে। ন্যাশনাল হারিকেন সেন্টারের উপ-পরিচালক জেমি রোম এপিকে বলেন, পরিস্থিতি সত্যিই খুব বিপজ্জনক হয়ে উঠবে।
‘যুদ্ধবিরতির’ এক বছরে গাজায় শিশুসহ ১৪০০ ফিলিস্তিনি নিহত