রাজধানীর মোহাম্মদপুরে সেন্ট ক্রিস্টিনা ক্যাথলিক চার্চ থেকে ৭০ কেজি ওজনের ঘণ্টা চুরির ঘটনায় চক্রের মূল হোতা ও চুরি হওয়া ঘণ্টার কথিত ক্রেতাসহ চার জনকে গ্রেফতার করেছে এসআরবি-২। প্রায় সাড়ে তিন লাখ টাকা মূল্যের ঘণ্টাটি চুরির পর লালমাটিয়ার একটি ময়লার স্তূপে ফেলে রাখা হয়েছিল। পরে সেখান থেকে ঘণ্টাটি উদ্ধার করে পুলিশ।
সোমবার (১২ অক্টোবর) এসআরবি-২-এর উপপরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন— চুরি চক্রের মূলহোতা হিসেবে অভিযুক্ত আলমগীর হোসেন (৪৫) এবং চুরি হওয়া ঘণ্টার ক্রেতা হিসেবে অভিযুক্ত রিফাতুল ইসলাম অন্তর (২৫)। এর আগে এ ঘটনায় রহিম বাদশাহ (৪১) ও সোহাগ (২৯) নামের আরও দুজনকে আটক করা হয়।
মেজর মুবীন রহমান জানান, ১ অক্টোবর রাজধানীর মোহাম্মদপুরের আসাদ গেটসংলগ্ন সেন্ট ক্রিস্টিনা ক্যাথলিক চার্চ থেকে বিভিন্ন ধাতু দিয়ে তৈরি প্রায় সাড়ে তিন লাখ টাকার ঘণ্টাটি চুরি হয়। এ ঘটনায় চার্চের সদস্য পিটার বাড়ৈ বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা করেন।
ঘটনার পরপরই চুরি হওয়া ঘণ্টা উদ্ধার এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারে গোয়েন্দা নজরদারি শুরু করে এসআরবি-২। এর ধারাবাহিকতায় গত ৩ অক্টোবর মোহাম্মদপুর এলাকা থেকে রহিম বাদশাহকে এবং গাজীপুর থেকে সোহাগকে আটক করা হয়। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রবিবার (১১ অক্টোবর) মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকায় অভিযান চালিয়ে আলমগীর হোসেন ও রিফাতুল ইসলাম অন্তরকে আটক করা হয়। এ নিয়ে চার্চের ঘণ্টা চুরির ঘটনায় মোট চার জনকে গ্রেফতারের কথা জানিয়েছে সংস্থাটি।
এসআরবি-২-এর উপপরিচালক আরও জানান, চুরি হওয়া ঘণ্টাটি গত ২ অক্টোবর লালমাটিয়ার একটি ময়লার স্তূপ থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে মোহাম্মদপুর থানা-পুলিশ।
এদিকে গ্রেফতার আলমগীর হোসেনের বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানায় ডাকাতির প্রস্তুতির একটি এবং সিঁধেল চুরির দুটি মামলা রয়েছে বলে জানিয়েছেন মেজর মুবীন রহমান।