নাটোর-৪ আসনের এমপি আব্দুল আজিজের ছেলে ছাত্রদল নেতা শাকিল ইসলাম হত্যার ঘটনায় জড়িত থাকা ও তার নিজের অশালীন ভিডিও ভাইরাল হওয়ায় দল ইমেজ সংকটে পড়েছে দাবি করে এই এমপির বিষয়ে সিদ্ধান্ত নিতে জেলা বিএনপির পক্ষ থেকে কেন্দ্রে চিঠি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে অনুষ্ঠিত নাটোর জেলা বিএনপির প্রস্তুতি সভায় এ কথা জানান জেলা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ।
তিনি জানান, এমপি আব্দুল আজিজ নাটোর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক। একজন জেলা বিএনপি নেতার বিরুদ্ধে গঠনতন্ত্র অনুযায়ী কোনও সিদ্ধান্ত জেলা বিএনপি নিতে পারে না। তাই বিষয়গুলো লিখিতভাবে কেন্দ্রীয় সংগঠনকে জানানো হবে। কেন্দ্র তার বিষয়ে সিদ্ধান্ত নেবে।
উল্লেখ্য, ১৪ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে ছাত্রদল নেতা শাকিল ইসলাম তার বাড়িতে যাওয়ার সময় বিলচলন শামসুজ্জোহা কলেজের পাশে পেছন থেকে একটি মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা এসে তাকে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় শাকিল ইসলামকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়। এরপর শাকিলকে বাংলাদেশ মেডিক্যালে স্থানান্তর করা হয়। গত সোমবার তিনি মারা যান।