এমপি আব্দুল আজিজের বিষয়ে ৮ ঘণ্টা চললো বৈঠক, এরপর যে সিদ্ধান্ত হলো

নাটোর প্রতিনিধি
৩০ অক্টোবর ২০২৬, ২৩:২৬ আপডেট : ৩০ অক্টোবর ২০২৬, ২৩:২৬

দীর্ঘ ৮ ঘণ্টা বৈঠকের পরও নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আবদুল আজিজের সদস্য পদ নিয়ে সিদ্ধান্তে আসতে পারেনি জেলা বিএনপি। তার দলীয় পদ থাকবে কি না সেই সিদ্ধান্তের জন্য কেন্দ্রীয় বিএনপির কাছে সুপারিশ করা হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় জেলা পরিষদ মিলনায়তনে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে নাটোর জেলা বিএনপি।

আব্দুল আজিজ নাটোর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক। ফলে বিএনপির গঠনতন্ত্র মোতাবেক জেলা বিএনপি তাকে দলীয় পদ থেকে বহিষ্কার করতে পারে না বলে নিশ্চিত করেছেন জেলা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ।

সম্প্রতি আব্দুল আজিজের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ওই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করে নাটোর জেলা বিএনপি। এ ছাড়া তার ছেলে নুরুজ্জামান মিন্টু ছাত্রদল নেতা শাকিল হত্যার আসামি হয়ে রিমান্ড শেষে কারাগারে আছেন। একই সময় ভাঙচুর লুটপাটসহ পর পর ঘটা পিতা-পুত্রের এসব ঘটনায় দেশজুড়ে নানা ধরনের সমালোচনা শুরু হয়েছে। রাজনৈতিক অঙ্গনেও চলছে তুমুল বিতর্ক। অনেকেই আব্দুল আজিজের এমপি পদ থেকে পদত্যাগ ও তার ছেলের ফাঁসির দাবি জানাচ্ছেন।

জেলা বিএনপির একটি সূত্র বলছে, এমপি আব্দুল আজিজের আপত্তিকর ভিডিওটি সঠিক। ওই ভিডিও ছড়িয়ে পড়ার নৈতিক স্খলন তৈরি হয়েছে। যার প্রভাব পড়ছে জাতীয়তাবাদী দল বিএনপির ওপর। এই পরিস্থিতিতে করণীয় ঠিক করতে শুক্রবার সকালে বৈঠকে বসে নাটোর জেলা বিএনপি। ওই বৈঠকে জেলা বিএনপির সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠকটি দীর্ঘ আট ঘণ্টা ধরে চলে। তবে কোনও সিদ্ধান্ত আসতে পারেনি।

সভায় শাকিল হত্যা মামলায় রিমান্ডের পর কারাগারে থাকা এমপিপুত্র মিন্টুর সংশ্লিষ্টতার অভিযোগ এবং আব্দুল আজিজের ভাইরাল ভিডিও নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সাম্প্রতিক ঘটনাগুলো আনুষ্ঠানিকভাবে উপস্থাপনের পর সদস্যরা নিজেদের মতামত তুলে ধরেন। পরে দলের গঠনতন্ত্র পর্যালোচনা করে আব্দুল আজিজের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা না নেওয়ার সিদ্ধান্ত হয়। একই সঙ্গে সার্বিক বিষয় আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় বিএনপির কাছে তুলে ধরার সিদ্ধান্তে পৌঁছান তারা।

জেলা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ বলেন, ‘আমরা সবগুলো ঘটনা নিয়ে আলোচনা করেছি। আমাদের কাছে আব্দুল আজিজের পরিচয় তিনি জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক। এ ছাড়া তিনি একজন সংসদ সদস্য। তাই গঠনতন্ত্র মোতাবেক জেলা কমিটির ক্ষমতা নেই কোনও যুগ্ম আহ্বায়কের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার। সর্বসম্মতিক্রমে এ বিষয়ে যেকোনও পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত দলের উচ্চ পর্যায়ের ওপর ন্যস্ত করেছেন তারা।’

এদিকে শাকিল ইসলাম হত্যা মামলায় তিন দিনের রিমান্ড শেষে গোয়েন্দা পুলিশ শুক্রবার সন্ধ্যায় গ্রেফতার নুরুজ্জামান মিন্টুকে আদালতে হাজির করে আরও ৭ দিনের রিমান্ড চায়। এই মামলায় জড়িত সন্দেহে আরও দুই জনকে আটক করেছে ডিবি পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে  জেলা গোয়েন্দা পুলিশের ওসি নজরুল ইসলাম বলেন, ছাত্রদল নেতা শাকিল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার আসামি মিন্টুকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। শুক্রবার রিমান্ড শেষ হলে আসামিকে আদালতে হাজির করে আরও ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। রিমান্ড আবেদন গ্রহণ করলেও বিচারক শুনানি না করে আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে রিমান্ড আবেদন শুনানির জন্য কোনও তারিখ ধার্য করা হয়নি।

/এফআর/
সম্পর্কিত
এমপি আব্দুল আজিজের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেন্দ্রে চিঠি দেবে জেলা বিএনপি
বিএনপির এমপির ছেলের আরও ৭ দিন রিমান্ড চাইলো গোয়েন্দা পুলিশ
এমপির ছেলের পর এবার শাকিল হত্যা মামলায় আটক আরও দুজন
সর্বশেষ খবর
এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ
এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ
তাহসিফের লাশ উদ্ধার: তদন্তের শুরুতেই উঠছে যেসব প্রশ্ন
তাহসিফের লাশ উদ্ধার: তদন্তের শুরুতেই উঠছে যেসব প্রশ্ন
কলাবাগানে ককটেল বিস্ফোরণ, আটক ৪
কলাবাগানে ককটেল বিস্ফোরণ, আটক ৪
উত্তরাখণ্ডে হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটসহ নিহত ৬
উত্তরাখণ্ডে হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটসহ নিহত ৬
সর্বাধিক পঠিত
শততম ছবিতে চমক, শেষ ছবিতে বিদায়: আলমগীর-শাবানা জুটির গল্প
শততম ছবিতে চমক, শেষ ছবিতে বিদায়: আলমগীর-শাবানা জুটির গল্প
শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, প্রধান শিক্ষিকা ও দফতরি গ্রেফতার
শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, প্রধান শিক্ষিকা ও দফতরি গ্রেফতার
প্রাপ্তবয়স্কদের নিয়ে ভিন্ন বার্তা প্রভার
প্রাপ্তবয়স্কদের নিয়ে ভিন্ন বার্তা প্রভার
ধানক্ষেতে আত্মগোপন করেও শেষ রক্ষা হলো না আওয়ামী লীগ নেতার
ধানক্ষেতে আত্মগোপন করেও শেষ রক্ষা হলো না আওয়ামী লীগ নেতার
হাজারো মোমবাতির আলোয় আলোকিত গারো পাহাড়
হাজারো মোমবাতির আলোয় আলোকিত গারো পাহাড়