কী, কেন, কীভাবে

ট্রাম্প-পুতিনের চুক্তির পরও রুশ ডিজেল কিনছেন না ব্যবসায়ীরা, কেন এই অনীহা?

আন্তর্জাতিক ডেস্ক 
০৭ নভেম্বর ২০২৬, ২০:৩৬ আপডেট : ০৭ নভেম্বর ২০২৬, ২০:৩৬

যুক্তরাষ্ট্রে রুশ ডিজেল সরবরাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে চুক্তি হওয়া সত্ত্বেও কোনও ডিজেল পৌঁছায়নি মার্কিন বাজারে। অন্তত তিনটি ডিজেলবাহী রুশ ট্যাঙ্কার যুক্তরাষ্ট্রের দিকে না গিয়ে তাদের যাত্রাপথ পরিবর্তন করেছে, যা অক্টোবরে হওয়া ওই চুক্তির বাস্তবায়ন নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি করেছে।

মার্কিন-ইসরায়েল ও ইরান সংঘাত শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম প্রায় দ্বিগুণ হয়েছে। বিদ্যমান নিষেধাজ্ঞা সত্ত্বেও মার্কিন ও আন্তর্জাতিক বাজারে রাশিয়ার ডিজেল সরবরাহের অনুমোদন দিতে সম্মত হন ট্রাম্প। তবে চুক্তি স্বাক্ষরের এক মাস হতে চললেও চারটির মধ্যে তিনটি ট্যাঙ্কারই পথ বদলেছে।

মেরিন অ্যানালিটিক্স ফার্ম ‘কপ্লার’ এবং ভেসেল ট্র্যাকিং সাইট ‘মেরিন ট্রাফিক’-এর তথ্যানুযায়ী, গত মাসে বাল্টিক বন্দর প্রিমোর্স্ক থেকে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের উদ্দেশে রওনা হওয়া রুশ ট্যাঙ্কার ‘তালিসমান’ এবং সিয়েরা লিওনের পতাকাবাহী ‘লারুও’ তাদের পথ পরিবর্তন করেছে। বৃহস্পতিবার পর্যন্ত একটি ট্যাঙ্কার ব্রাজিলের দিকে এবং অন্যটি ভূমধ্যসাগরের দিকে এগোচ্ছে। এছাড়া উত্তর আটলান্টিকে থাকা তৃতীয় ট্যাঙ্কারটি নিউইয়র্কের বদলে গন্তব্য বদলে ‘ফর অর্ডার্স’ নির্ধারণ করেছে, অর্থাৎ এর খালাসের স্থান উন্মুক্ত রাখা হয়েছে। অন্যদিকে অক্টোবরের শেষের দিকে প্রিমোর্স্ক বন্দর থেকে ছাড়া পাওয়া সেশেলসের মালিকানাধীন ‘বিস্ট’ নামের অপর একটি ট্যাঙ্কার আটলান্টিকের দিকে যাওয়ার সংকেত দিচ্ছে।

গত ৯ অক্টোবর ট্রাম্প-পুতিন ফোনালাপের পর এই চুক্তির ঘোষণা দেওয়া হয়। ট্রাম্প তার ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে জানান, রাশিয়া অবিলম্বে মার্কিন ও বৈশ্বিক বাজারের জন্য ৩ লাখ টনের বেশি ডিজেল সরবরাহ করবে এবং নভেম্বরে আরও ৫ লাখ টন ও পরবর্তীতে ১ মিলিয়ন টন ডিজেল পাঠাবে। এই চুক্তির আওতায় আগামী ৭ এপ্রিল পর্যন্ত রুশ ডিজেল বিক্রি, বিতরণ ও আমদানির অনুমতি দেওয়া হয়। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আগ্রাসনের পর রুশ জ্বালানি আমদানির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা তুলে নিয়ে মার্কিন অর্থমন্ত্রণালয় একটি সাময়িক ছাড় প্রদান করে। তবে এই চুক্তির অধীনে দরদাম, পরিশোধের শর্ত বা কোন কোন প্রতিষ্ঠান জড়িত- তার বিস্তারিত কোনও পক্ষই প্রকাশ করেনি।

এদিকে মার্কিন বাজারে প্রতি গ্যালন ডিজেলের দাম ৬ ডলার ছাড়িয়ে গেছে। বিশেষজ্ঞদের মতে, রাশিয়া যে পরিমাণ তেল পাঠাচ্ছে তা যুক্তরাষ্ট্রের সার্বিক সংকটের তুলনায় খুবই নগণ্য। রক্ষা ইন্টেলিজেন্সের সিইও আরতি কৃষ্ণান জানান, প্রথম ট্যাঙ্কারের জ্বালানি যুক্তরাষ্ট্রের মাত্র দুই ঘণ্টার ব্যবহারের সমান, যা জাতীয় সরবরাহে তেমন কোনও প্রভাব ফেলবে না।

মূলত আইনি ঝুঁকির কারণেই ব্যবসায়ীরা এই জ্বালানি কিনতে দ্বিধাবোধ করছেন। মার্কিন ট্রেজারি সাময়িক ছাড় দিলেও রুশ জ্বালানি আমদানিতে কংগ্রেসের যে স্থায়ী নিষেধাজ্ঞা রয়েছে তা এখনও বহাল। নিউজার্সির গভর্নর মিকি শেরিল তার রাজ্যের বন্দর পরিচালকদের রুশ তেলবাহী জাহাজ ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়ে সতর্ক করেছেন, এই বেআইনি বাণিজ্যে লিপ্ত হলে কঠোর শাস্তির মুখে পড়তে হবে।

তবে মস্কো দাবি করছে চুক্তি যথারীতি কার্যকর রয়েছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, ‘সব ডিজেলই তার ক্রেতা খুঁজে নেবে’। এছাড়া পুতিনের বিশেষ দূত কিরিল দিমিত্রিভ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ট্যাঙ্কারগুলোর দিক পরিবর্তনের খবরটি ‘ভুয়া’ এবং যুক্তরাষ্ট্রের উদ্দেশে নির্ধারিত ট্যাঙ্কারগুলো সঠিক পথেই রয়েছে। 

সূত্র: আল জাজিরা

/এএস/ 
সম্পর্কিত
হুথি দমনে সৌদি আরব ও ইয়েমেনে সেনা পাঠাচ্ছে সিরিয়া
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
চীনের মহাকাশ স্টেশনে প্রথম বিদেশি নভোচারী হিসেবে যাচ্ছেন পাকিস্তানি
সর্বশেষ খবর
বিল বেশি আসায় বাগবিতণ্ডা করায় গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করেছে পল্লী বিদ্যুৎ
বিল বেশি আসায় বাগবিতণ্ডা করায় গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করেছে পল্লী বিদ্যুৎ
হুথি দমনে সৌদি আরব ও ইয়েমেনে সেনা পাঠাচ্ছে সিরিয়া
হুথি দমনে সৌদি আরব ও ইয়েমেনে সেনা পাঠাচ্ছে সিরিয়া
মাদকসহ যুবদল নেতাকে ধরে পুলিশে দিলো এলাকাবাসী
মাদকসহ যুবদল নেতাকে ধরে পুলিশে দিলো এলাকাবাসী
কোনও ডিসেম্বরেই ‘আপা’ দেশে আসার সুযোগ নেই, এলেও ফাঁসির মঞ্চ প্রস্তুত: নাহিদ ইসলাম
কোনও ডিসেম্বরেই ‘আপা’ দেশে আসার সুযোগ নেই, এলেও ফাঁসির মঞ্চ প্রস্তুত: নাহিদ ইসলাম
সর্বাধিক পঠিত
তানজিন তিশার সদস্যপদ স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ
তানজিন তিশার সদস্যপদ স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ
তারেক রহমানের জায়গায় শেখ হাসিনার নাম, স্বয়ংক্রিয় অনুবাদের ভুলে অস্বস্তিতে জাপানি মন্ত্রী 
তারেক রহমানের জায়গায় শেখ হাসিনার নাম, স্বয়ংক্রিয় অনুবাদের ভুলে অস্বস্তিতে জাপানি মন্ত্রী 
এনসিপিতে কী হচ্ছে?
এনসিপিতে কী হচ্ছে?
চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী ফিরিয়ে নেওয়ার সময় এসেছে: বিজেপি এমপি নিশিকান্ত
চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী ফিরিয়ে নেওয়ার সময় এসেছে: বিজেপি এমপি নিশিকান্ত
লাঠি খেলে ঐতিহ্যবাহী লাঠিখেলা উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী
লাঠি খেলে ঐতিহ্যবাহী লাঠিখেলা উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী