মার্কিন প্রতিনিধি পরিষদে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে পদচ্যুত করার অভিশংসন উদ্যোগটি কার্যকরভাবে আটকে দিয়েছেন রিপাবলিকান আইনপ্রণেতারা। ইরান যুদ্ধের কারণে সম্প্রতি মধ্যবর্তী নির্বাচনে ভোটারদের অসন্তোষ ও ভরাডুবির পর এ নিয়ে হাউসে ভোটাভুটি অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে অভিশংসনের অভিযোগগুলো রিপাবলিকান নিয়ন্ত্রিত হাউস জুডিশিয়ারি কমিটিতে পাঠানোর একটি প্রস্তাবের ওপর ভোটাভুটি হয়। ২১১-২০৪ ভোটের এই ব্যবধানে প্রস্তাবটি কমিটিতে পাঠানোর মাধ্যমে রিপাবলিকান প্রতিনিধি থমাস ম্যাসির নেতৃত্বাধীন হেগসেথকে অপসারণের প্রচেষ্টাটি কার্যত ভেস্তে গেলো। একমাত্র থমাস মাসি ছাড়া সব রিপাবলিকান সদস্য প্রস্তাবের পক্ষে ভোট দেন। এর ফলে এই প্রক্রিয়ার গতি ধীর হয়ে যাবে এবং সরাসরি অভিশংসন ভোট এড়ানো সম্ভব হবে।
ভোটের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, যুদ্ধমন্ত্রী পিট হেগসেথকে অভিশংসনের ডেমোক্র্যাটদের চেষ্টা চরমভাবে ব্যর্থ হয়েছে! থমাস মাসি ছাড়া প্রতিটি রিপাবলিকান পিটের পক্ষে ভোট দিয়েছেন।
অভিশংসন প্রস্তাবটিকে হেগসেথ ‘নাশকতা’ এবং ‘প্রহসন’ বলে আখ্যা দেন। মেয়াদের মাঝামাঝি সময়ে পণ্যের দাম ও জ্বালানি খরচ বৃদ্ধির কারণে ভোটারদের মধ্যে এই যুদ্ধ নিয়ে ক্ষোভ রয়েছে। বিদায়ী রিপাবলিকান সিনেটর জনি আর্নস্ট হেগসেথ সম্পর্কে বলেন, ‘যুদ্ধ যেভাবে চলছে, সে বিষয়ে তিনি কি সত্য বলছেন?’
সূত্র: আল জাজিরা
বৈরুতের ফ্ল্যাটে সাবেক ইরাকি এমপির মরদেহ উদ্ধার
ইসরায়েলকে বিশ্ব শান্তির জন্য ‘হুমকি’ মনে করেন ৭৮ শতাংশ ব্রিটিশ