সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানের কাছে হেরে ফাইনালে ওঠার স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশের। শেষ মুহূর্তের এক ভুলে ১-০ গোলে হারের পর সেই হতাশা কিছুতেই কাটিয়ে উঠতে পারছেন না গোলকিপার মেহেদী হাসান শ্রাবণ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় সতীর্থ, কোচ ও সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন তিনি।
শ্রাবণ লিখেছেন, ‘গত রাতে তোমাদের সবার সঙ্গে উদ্যাপন করার স্বপ্ন দেখেছিলাম। কিন্তু ভারাক্রান্ত হৃদয়ে এসব কথা লিখতে হবে, তা ভাবিনি।’
ম্যাচের শেষ দিকে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ভুলে সবকিছু বদলে গেছে উল্লেখ করে তিনি আরও লিখেছেন, ‘একটি দুর্ভাগ্যজনক ভুল সবকিছু বদলে দিয়েছে। এই ভুলের কারণে যে হতাশা তৈরি হয়েছে, তা আমি বুঝতে পারছি। এটিকে আমি বেদনাদায়ক শিক্ষা হিসেবে নিচ্ছি। আমার সতীর্থ, কোচ এবং প্রত্যেক সমর্থকের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি।’
বার্তার শেষাংশে বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে শ্রাবণ লিখেছেন, ‘আমি সত্যিই দুঃখিত, বাংলাদেশ।’
শনিবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে নির্ধারিত সময়ের পাঁচ মিনিট আগে শ্রাবণের ভুলে আবদুল সামাদ শাহজাদের গোলে বাংলাদেশের ফাইনালে ওঠার স্বপ্ন শেষ হয়ে যায়। ১-০ গোলের হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয় স্বাগতিকদের।
রাইজিং স্টার্স এশিয়া কাপে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন সাইফ