যুক্তরাষ্ট্রের উচ্চ বেতনের চাকরি ছেড়ে ভারতে উৎপাদনশিল্প গড়ে তোলার স্বপ্ন নিয়ে দেশে ফিরেছিলেন উদ্যোক্তা আনন্দ বালাকৃষ্ণন। এবার তার তৈরি পণ্যটি ভারতের বাজারে উৎপাদনের পথে। পণ্যটির ছাঁচ তৈরি ও পরীক্ষার কাজ শেষ হয়েছে। পরবর্তী ধাপে সেগুলো ভারতে এনে উৎপাদন শুরুর পরিকল্পনা রয়েছে। এরই মধ্যে পরীক্ষামূলকভাবে বাজারে ছাড়া প্রথম চালানের সব পণ্য বিক্রি হয়ে গেছে।
ভারতের ইলেকট্রনিকস ও গৃহস্থালি পণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান টপসেইলের প্রতিষ্ঠাতা প্রকাশ দাদলানি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ তথ্য জানিয়েছেন। তিন দশকের বেশি সময় ধরে উৎপাদন, আমদানি ও রফতানি খাতে কাজ করছেন তিনি। তার প্রতিষ্ঠান টপসেইল আনন্দের সঙ্গে যৌথভাবে পণ্যটি তৈরি করছে।
পণ্যের ধারণা থেকে উৎপাদনের প্রস্তুতি
যুক্তরাষ্ট্র থেকে ভারতে ফেরার পর নিজের প্রকৌশলবিদ্যার দক্ষতা কাজে লাগিয়ে পণ্যটি তৈরির উদ্যোগ নেন আনন্দ। তার ধারণা ছিল, পণ্যটির ভারতের বাজারে চাহিদা রয়েছে। এ জন্য শিল্পনকশাবিদদের সঙ্গে কাজ করেন, নিজেই বিভিন্ন যন্ত্রাংশ সংগ্রহ করেন এবং নকশায় একাধিকবার পরিবর্তন আনেন।
প্রকাশ দাদলানি জানান, পণ্যটির ছাঁচ তৈরির পর্যায়ে টপসেইল প্রকল্পটির সঙ্গে যুক্ত হয়। উৎপাদনের উপযোগী করে তুলতে চীনের উৎপাদন অংশীদারদের সঙ্গে সমন্বয় করে কাজ করেছে প্রতিষ্ঠানটি।
এক্সে দেওয়া পোস্টে দাদলানি লেখেন, ছাঁচ তৈরির পর্যায় থেকেই আমরা আনন্দের সঙ্গে কাজ করেছি। উৎপাদনের জন্য ছাঁচ তৈরি ও প্রস্তুত করতে চীনের উৎপাদন অংশীদারদের সঙ্গে সমন্বয় করেছি।
ছাঁচ তৈরি শেষ, ভারতে উৎপাদনের অপেক্ষা
পণ্যটির ছাঁচ তৈরির কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। দাদলানি নিজে পরীক্ষামূলক উৎপাদন পর্যবেক্ষণ করেছেন। পরীক্ষার ফলাফল নিয়েও সন্তোষ প্রকাশ করেছেন তিনি। দাদলানি লেখেন, ছাঁচ তৈরির কাজ শেষ। আমি নিজে পরীক্ষামূলক উৎপাদন দেখতে গিয়েছিলাম। যন্ত্রাংশগুলো চমৎকার হয়েছে।
এখন ছাঁচগুলো ভারতে এনে টপসেইলের মাধ্যমে উৎপাদন শুরুর পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে প্রাথমিক পর্যায়ের কাজ চীনে সম্পন্ন হলেও পণ্যটির মূল উৎপাদন ভারতে শুরু হবে।
প্রথম চালানের সব পণ্য বিক্রি
ভারতে উৎপাদন শুরুর আগেই পণ্যটির বাজার যাচাই করেছেন আনন্দ। পরীক্ষামূলকভাবে বাজারে ছাড়া প্রথম চালানের সব পণ্য বিক্রি হয়ে গেছে। দাদলানি তার পোস্টে লেখেন, সবচেয়ে ভালো বিষয় হলো, আনন্দ ইতিমধ্যে বাজার যাচাই করেছেন। প্রথম চালানের সব পণ্য বিক্রি হয়ে গেছে।
আনন্দের উদ্যোগের প্রশংসা করে দাদলানি বলেন, যুক্তরাষ্ট্রের ভালো বেতনের চাকরি ছেড়ে দেশে ফিরে ব্যবসা গড়ে তোলার সিদ্ধান্ত অন্য প্রবাসী ভারতীয়দের জন্য অনুপ্রেরণার। লিংকডইনে দেওয়া আরেকটি পোস্টে তিনি লেখেন, আনন্দ সেই প্রত্যেক প্রবাসী ভারতীয়র জন্য অনুপ্রেরণা, যারা দেশে ফিরে নিজেদের কিছু গড়ে তোলার স্বপ্ন দেখেন।
দাদলানির মতে, আনন্দ শুধু ভারতের উৎপাদনশিল্পের সম্ভাবনা নিয়ে কথা বলছেন না; বরং নিজের অর্থ ও শ্রম বিনিয়োগ করে ঝুঁকি নিয়ে ব্যবসা গড়ে তুলছেন। টপসেইল তার উৎপাদন অংশীদার হতে পেরে গর্বিত বলেও জানান তিনি।
এই অংশীদারত্ব ভারতের নিজস্ব উৎপাদন সক্ষমতা বাড়াতে উদ্যোক্তাদের সহায়তার গুরুত্ব তুলে ধরেছে। পণ্যের নকশা, ছাঁচ তৈরি থেকে শুরু করে উৎপাদন পর্যন্ত বিভিন্ন পর্যায়ে উদ্যোক্তাদের সহযোগিতা করতে চায় টপসেইল।
সূত্র: ইন্ডিয়া টুডে
‘বাবার কোলে মা’ মন্তব্য নিয়ে বিতর্কে মুখ খুললেন রাহুল গান্ধী