কম্পিউটার ব্যবহারের সময় হঠাৎ ব্লু স্ক্রিন, সফটওয়্যার ক্র্যাশ কিংবা ড্রাইভার বন্ধ হয়ে যাওয়ার মতো আরও নানাবিধ সমস্যার দেখা দিলে এর নির্দিষ্ট কারণ খুঁজে বের করা কঠিন হয়ে পড়ে। অনেক সময় কোন অ্যাপ বা সিস্টেমের ত্রুটির কারণে এমন হচ্ছে, তা যাচাই করতে বিভিন্ন সেটিংস ও লগ পরীক্ষা করতে হয়। তবে উইন্ডোজ অপারেটিং সিস্টেমেই রয়েছে ‘রিলায়েবিলিটি মনিটর’ নামের একটি বিল্ট-ইন টুল, যা কম্পিউটারের বিভিন্ন ত্রুটি ও সিস্টেমের স্থিতিশীলতার হিস্ট্রি সহজে দেখাতে পারে। ফলে আলাদা কোনও সফটওয়্যার ইনস্টল না করেই কম্পিউটারের সমস্যার সম্ভাব্য কারণ শনাক্ত করা সম্ভব।
যেভাবে চালু করবেন রিলায়েবিলিটি মনিটর
উইন্ডোজের প্রায় সব সংস্করণেই রিলায়েবিলিটি মনিটর সুবিধাটি ব্যবহার করা যায়। এটি সবচেয়ে সহজ উপায়ে চালু করতে হলে প্রথমে কিবোর্ডের ‘উইন্ডোজ’ ও ‘আর’ বোতাম একসঙ্গে চেপে ‘রান’উইন্ডো চালু করতে হবে। এরপর সেখানে পারফর্মন/আরইএল লিখে এন্টার বোতাম চাপতে হবে। এ ছাড়া উইন্ডোজ ৮ বা পরবর্তী সংস্করণে স্টার্ট মেনুতে গিয়ে ‘রিলায়াবিলিটি’লিখে সার্চ করলেও ‘ভিউ রিলায়াবিলিটি হিস্ট্রি’অপশন পাওয়া যাবে। সেটিতে ক্লিক করলেই টুলটি চালু হবে।
কীভাবে বুঝবেন কম্পিউটারের সমস্যা
রিলায়েবিলিটি মনিটরে দিন ও তারিখ অনুযায়ী কম্পিউটারের কার্যক্রমের একটি বিস্তারিত তালিকা দেখা যায়। এতে সফটওয়্যার ইনস্টল, উইন্ডোজ আপডেট এবং বিভিন্ন সিস্টেম পরিবর্তনের তথ্যের পাশাপাশি ত্রুটির ঘটনাও চিহ্নিত থাকে। কোনও দিন গুরুতর সফটওয়্যার বা হার্ডওয়্যার সমস্যা দেখা দিলে সেই তারিখের পাশে লাল রঙের ক্রস চিহ্ন দেখায়। চিহ্নটিতে ক্লিক করলে কোন অ্যাপ বা সিস্টেমে সমস্যা হয়েছে, কখন হয়েছে এবং কী ধরনের ত্রুটির দেখা দিয়েছে, সে সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়।
এ ছাড়া প্রতিদিনের জন্য একটি স্ট্যাবিলিটি স্কোর দেখানো হয়। কম্পিউটার দীর্ঘ সময় বড় কোনও ত্রুটি ছাড়া চললে স্কোর সাধারণত বেশি থাকে। তবে শুধু এ স্কোর দেখে কম্পিউটারের অবস্থা নির্ধারণ করা ঠিক নয়। কারণ, কম্পিউটার দীর্ঘদিন যাবৎ অব্যবহৃত অবস্থায় থাকলেও সাধারণত এই স্কোর বেশি দেখায়।
সমস্যার কারণ খুঁজে সমাধান করবেন যেভাবে
রিলায়েবিলিটি মনিটর সরাসরি কম্পিউটারের পারফর্মেন্স বাড়ায় না বা ত্রুটি মেরামত করে না। তবে কোন অ্যাপ বা ড্রাইভারের কারণে বারবার সমস্যা হচ্ছে, তা শনাক্ত করতে সাহায্য করে। যেমন, নির্দিষ্ট সফটওয়্যার চালানোর সময় গ্রাফিক কার্ডের ড্রাইভার ক্র্যাশ করলে সংশ্লিষ্ট দিনের ত্রুটির বিবরণে তা দেখাবে এই টুলটি। এরপর সেই অ্যাপ বা ড্রাইভার আপডেট, পুনরায় ইনস্টল কিংবা প্রয়োজনে অপসারণ করে সমস্যা সমাধানের চেষ্টা করতে পারবেন ব্যবহারকারী।
উইন্ডোজের ‘ইভেন্ট ভিউয়ার’টুলেও এ ধরনের ত্রুটির তথ্য পাওয়া যায়। তবে সেখানে অনেক বেশি কারিগরি তথ্য থাকায় সাধারণ ব্যবহারকারীদের জন্য প্রয়োজনীয় বিষয় খুঁজে বের করা কঠিন হতে পারে। রিলায়েবিলিটি মনিটরে তুলনামূলক সহজভাবে নির্দিষ্ট সময় ও ঘটনার ভিত্তিতে সমস্যার বিবরণ দেখা যায়। আর বিস্তারিত বিশ্লেষণের প্রয়োজন হলে ইভেন্ট ভিউয়ার ব্যবহার করা যেতে পারে।
বিশ্বে ইন্টারনেটের গতিতে বাংলাদেশের অবস্থান কত?
ফিশিং লিংক কী, যেভাবে ফাঁদে ফেলে ব্যাংকের টাকা হাতিয়ে নেয় প্রতারকরা