‘মিস ইউনিভার্স ২০২৬’ নিয়ে বিতর্ক: ফলাফল কি পাতানো ছিল?

আন্তর্জাতিক ডেস্ক
২৬ নভেম্বর ২০২৬, ১৯:১১ আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ১৯:১১

পুয়ের্তো রিকোয় ২৪ নভেম্বর পর্দা নেমেছে ‘মিস ইউনিভার্স ২০২৬’-এর। এবারের আসরে বর্তমান মিস ইউনিভার্স ফাতিমা বশের হাত থেকে মুকুট পরেছেন স্বাগতিক দেশের প্রতিযোগী জেনিফার ব্যারেটো। ২০২৩ সালে নিয়ম পরিবর্তনের পর প্রথম মা হিসেবে এই মর্যাদাপূর্ণ খেতাব জিতে ইতিহাসও গড়েছেন তিনি। তবে ফলাফল ঘোষণার পরপরই প্রতিযোগিতাটি ‘পাতানো’ ছিল বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক বিতর্ক ও অভিযোগ উঠেছে।

চূড়ান্ত পর্বে শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছিলেন ফিলিপাইন, নিউজিল্যান্ড, ভেনেজুয়েলা, ডোমিনিকান রিপাবলিক এবং পুয়ের্তো রিকোর প্রতিযোগীরা। এতে ডোমিনিকান রিপাবলিকের মেলিসা নুনেজ প্রথম রানারআপ এবং ভেনেজুয়েলার ক্লারা ভেগাস গোয়েটজ দ্বিতীয় রানারআপ হন।

নেটিজেনদের একাংশের দাবি, স্বাগতিক দেশ হওয়ার কারণেই ২৭ বছর বয়সী জেনিফার ব্যারেটোকে বাড়তি সুবিধা দেওয়া হয়েছে। এ ছাড়া চূড়ান্ত পর্বে সব প্রতিযোগীকে একই প্রশ্ন করা হলেও জেনিফারের উত্তরটি ‘সবচেয়ে দুর্বল এবং আগে থেকে মুখস্থ করা’ ছিল বলে অনেকে মনে করছেন।

একজন ব্যবহারকারী ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, ‘বড় ধরনের কারচুপি! সবচেয়ে বাজে উত্তর। (পুয়ের্তো রিকান সুন্দরীর চেয়ে) মিস ডোমিনিকান রিপাবলিক এবং মিস ভেনেজুয়েলা স্বাভাবিক সৌন্দর্য ও বৈশিষ্ট্যে কোটি গুণ বেশি সুন্দরী ছিলেন।’

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের এক ব্যবহারকারী উল্লেখ করেন, জেনিফার বেশির ভাগ প্রশ্নের উত্তর ও সাক্ষাৎকার স্প্যানিশ ভাষায় দিয়েছেন এবং আগের রাউন্ডে দোভাষীর সাহায্য নিয়েছেন। কিন্তু চূড়ান্ত পর্বে দোভাষী ইংরেজি প্রশ্নটি স্প্যানিশে অনুবাদ করে দেওয়ার পর জেনিফার হঠাৎ ইংরেজিতেই উত্তর দেন। ওই ব্যবহারকারী প্রশ্ন তোলেন, ‘প্রথম প্রশ্নের উত্তর যিনি ইংরেজিতে দিতেই পারলেন না, তিনি এখন হঠাৎ কীভাবে ইংরেজিতে কথা বলছেন?’

হেডফোন ও বাড়তি সুবিধার অভিযোগ

চূড়ান্ত পর্বে একে অপরের উত্তর নকল করা ঠেকাতে প্রতিযোগীদের সাউন্ডপ্রুফ হেডফোন পরতে হয়েছিল। ইনস্টাগ্রামে এক ব্যবহারকারী জেনিফারের হেডফোন পরা ছবি শেয়ার করে দাবি করেন, মাথার অলংকার না খুলেই হেডফোন পরায় অন্যদের উত্তর তার শুনে ফেলার সুযোগ ছিল।

ছবির ক্যাপশনে ওই ব্যবহারকারী লিখেছেন, ‘এগুলো যৌক্তিক উদ্বেগ, যা নীরবতা নয় বরং স্বচ্ছতা ও সঠিক ব্যাখ্যার দাবি রাখে। যে প্রতিযোগিতা ন্যায্যতা বজায় রাখার দাবি করে, দর্শকদের তোলা প্রতিটি অসংগতির জবাব দেওয়ার সদিচ্ছা তাদের থাকা উচিত।’ তিনি ভক্তদের মিস ইউনিভার্স বয়কট করার এবং আয়োজকদের অন্ধভাবে বিশ্বাস না করারও আহ্বান জানান।

ফিলিপাইন বনাম পুয়ের্তো রিকোর উত্তর

চূড়ান্ত পর্বে প্রশ্ন ছিল: ‘এই মুহূর্তে বিশ্বের নেতাদের কাছ থেকে পৃথিবীর সবচেয়ে বেশি কী প্রয়োজন?’

মিস ফিলিপাইন বিয়া মিলান-উইন্ডরস্কি উত্তরে বলেন, ‘এই মুহূর্তে, আজীবন পরিবেশবাদী হিসেবে কাজ করা একজন মানুষ হিসেবে আমি চাই আমাদের বিশ্বনেতারা প্রকৃতির কথা শুনুন এবং উপলব্ধি করুন যে আমাদের অনেক কিছু শেখার আছে।’

সামুদ্রিক কচ্ছপ নিয়ে ১০ বছর স্বেচ্ছাসেবী হিসেবে কাজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি ‘কাঁকড়া মানসিকতার’ (একে অপরকে টেনে নামানো) বদলে ‘কচ্ছপ মানসিকতা’ গ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, ‘সবচেয়ে শক্তিশালী সামুদ্রিক কচ্ছপের ছানারা আসলে বাসায় থেকে যায় তাদের দুর্বল ভাইবোনদের বেরিয়ে আসতে এবং সমুদ্রে যেতে সাহায্য করার জন্য। আমি চাই আমাদের বিশ্বনেতারাও একই মানসিকতা ধারণ করুন এবং বুঝুন যে একজন এগিয়ে গেলে আমরা সবাই এগিয়ে যাই।’

অন্যদিকে জেনিফার ব্যারেটো বলেন, ‘আমি বিশ্বাস করি বিশ্বের এমন নেতা প্রয়োজন যিনি পেশাদার ও সহানুভূতিশীল। আমরা এমন এক পৃথিবীতে বাস করি যেখানে প্রায়ই অন্যদের বিচার করি ও প্রশ্ন তুলি। তবে নিজের অবস্থান থেকে দাঁড়ানো এবং দৃষ্টান্ত স্থাপন করা আমাদের নেতাদের হাতেই রয়েছে।’

মিস ইউনিভার্স হিসেবে তিনি এমন নেটওয়ার্ক গড়ে তোলার পক্ষে মত দেন যা জনগোষ্ঠীর চাহিদা পূরণ করবে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেরই মত, জেনিফারের চেয়ে মিস ফিলিপাইন অনেক ভালো উত্তর দিয়েছিলেন।

লাতিন নারীদের প্রতি পক্ষপাতের অভিযোগ

মিস ইউনিভার্স কর্তৃপক্ষ লাতিন নারীদের প্রতি পক্ষপাতদুষ্ট বলেও অভিযোগ তুলেছেন অনেকে। এক অনুসারী লিখেছেন, ‘প্রতি বছর সারা বিশ্ব থেকে নারীদের একত্রিত করার মানে কী, যদি সব সময় লাতিন আমেরিকার প্রতিযোগীদেরই সেরা হিসেবে তুলে ধরা হয়?’

এক্সে আরেকজন লিখেছেন, ‘আমার মনে হয় মিস ইউনিভার্স অত্যন্ত পক্ষপাতদুষ্ট এবং নিশ্চিতভাবেই পাতানো, কারণ আমি সব সময় লক্ষ করেছি লাতিন দেশগুলোর নারীরাই জেতেন, কিন্তু এশিয়া, ইউরোপ বা আফ্রিকার নারীরা খুব কমই মুকুট পান।’

উল্লেখ্য, ২০২৫ সালে মেক্সিকোর ফাতিমা বশ মুকুট জেতার পরও একই ধরনের বিতর্ক তৈরি হয়েছিল। ইনস্টাগ্রামে এক ব্যবহারকারী লিখেছেন, মিস ইউনিভার্স ২০২৬ হলো ২০২৫-এর পুনরাবৃত্তি। পাতানো খেলা! এটা অস্বীকার করার উপায় নেই।

আরেকজন লিখেছেন, এটি সত্যিই খুব নিম্নমানের। আরে! এখানে ঠিক কী চলছে?

এসব অভিযোগের বিষয়ে মিস ইউনিভার্স অর্গানাইজেশন এখনও কোনও আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি।

সূত্র: এনডিটিভি

/এএ/
সম্পর্কিত
পরিবার থেকে বিতাড়িত হয়ে বৃদ্ধাশ্রমে ঘর বাঁধলেন ৭৫ বছরের বৃদ্ধ ও ৬৩ বছরের বৃদ্ধা
রোহিঙ্গা গণহত্যার রায়ের ‘অনুপযুক্ত’ অংশ মানবে না মিয়ানমার: মিন অং হ্লাইং
বিশ্ববাজারে আবারও কমলো স্বর্ণের দাম
সর্বশেষ খবর
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন শনিবার, থাকছেন প্রধানমন্ত্রী
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন শনিবার, থাকছেন প্রধানমন্ত্রী
গবেষণা বরাদ্দের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে চায় ইউজিসি
গবেষণা বরাদ্দের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে চায় ইউজিসি
গোপালগঞ্জে মেসেজ আসছে ‌‘স্যার-ম্যাডাম আপনার অ্যাকাউন্ট বন্ধ’, প্রধান অফিসে তালা
গোপালগঞ্জে মেসেজ আসছে ‌‘স্যার-ম্যাডাম আপনার অ্যাকাউন্ট বন্ধ’, প্রধান অফিসে তালা
পরিবার থেকে বিতাড়িত হয়ে বৃদ্ধাশ্রমে ঘর বাঁধলেন ৭৫ বছরের বৃদ্ধ ও ৬৩ বছরের বৃদ্ধা
পরিবার থেকে বিতাড়িত হয়ে বৃদ্ধাশ্রমে ঘর বাঁধলেন ৭৫ বছরের বৃদ্ধ ও ৬৩ বছরের বৃদ্ধা
সর্বাধিক পঠিত
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল
গ্রেফতারি পরোয়ানা নিয়ে হঠাৎ মাহমুদুর রহমানের বাসায় পুলিশ
গ্রেফতারি পরোয়ানা নিয়ে হঠাৎ মাহমুদুর রহমানের বাসায় পুলিশ
আ.লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ রাখায় বগুড়ার বিএনপি নেতা বহিষ্কার
আ.লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ রাখায় বগুড়ার বিএনপি নেতা বহিষ্কার
নাশকতা মামলার বাদী হতে না চাওয়ায় এক ট্রাফিক সার্জেন্ট বরখাস্ত
নাশকতা মামলার বাদী হতে না চাওয়ায় এক ট্রাফিক সার্জেন্ট বরখাস্ত
বিয়ে বিচ্ছেদের সিদ্ধান্ত ন্যানসির
বিয়ে বিচ্ছেদের সিদ্ধান্ত ন্যানসির