নয়াদিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সরকারি বাসভবন, যা ক্ষমতাসীন দল বিজেপি ‘শিশমহল’ নামে আখ্যা দিয়েছে, শুক্রবার গণমাধ্যমের জন্য খুলে দিয়েছে দিল্লি সরকার। বিলাসবহুল দাবি করা এই বাংলোয় ৩০ লাখ রুপির টিভি ইউনিট, ১১ লাখ ৫৬ হাজার রুপির ঝাড়বাতি, ৬ লাখ ৭১ হাজার রুপির মন্দির এবং ৫ লাখ ৪৭ হাজার রুপির টু-সিটার সোফা প্রদর্শন করেছে বিজেপি।
৬, ফ্ল্যাগস্টাফ রোডের ওই বাসভবনে গণমাধ্যমের পরিদর্শনের সময় গৃহস্থালির বিভিন্ন সামগ্রীতে দামের ট্যাগ লাগানো দেখা যায়। এ সময় দিল্লির মন্ত্রী প্রবেশ ভার্মা এনডিটিভিকে বলেন, ‘আমরা কেবল দেখাচ্ছি অরবিন্দ কেজরিওয়াল কীভাবে জনগণের অর্থ ব্যয় করেছেন’।
বিজেপির এই জ্যেষ্ঠ নেতা আরও বলেন, ‘কেজরিওয়াল বলতেন যে তিনি সরকারি গাড়ি বা সরকারি বাসভবন ব্যবহার করবেন না, কিন্তু এই সরকারি বাংলোয় ৫৬ কোটি রুপি ব্যয় করেছেন’। ২০১৩ সাল থেকে যে আসনটি আম আদমি পার্টির (আপ) এই নেতা ধরে রেখেছিলেন, ২০২৫ সালের বিধানসভা নির্বাচনে সেই নয়াদিল্লি আসনে কেজরিওয়ালকে পরাজিত করেন ভার্মা। তিনি অভিযোগ করেন, কোভিড-১৯ মহামারির সময় মানুষ যখন মারা যাচ্ছিল, তখনই ‘শিশমহল’ নির্মিত হয়েছিল।
‘বিলাসবহুল’ এই বাসভবন ঘুরিয়ে দেখানোর সময় পূর্ত বিভাগের (পিডব্লিউডি) মন্ত্রী একটি ‘ফেসবুক লাইভ রুম’-ও দেখান। ছেঁড়া আসনের একটি কাঠের চেয়ার দেখিয়ে তিনি বলেন, এই ঘরে সবকিছুই খুব সাধারণ ছিল। সাধারণ জীবনযাপন করেন- জনগণকে এটা দেখাতে কেজরিওয়াল এখান থেকেই ফেসবুক লাইভ করতেন।
পিডব্লিউডি রক্ষণাবেক্ষণকৃত এই বাংলোয় আটটি শয়নকক্ষ, ১২টি শৌচাগার, জাকুজি বাথ, স্পা, পাঁচটি ওএলইডি টিভিসহ নানা সুবিধা রয়েছে। জনগণের চাহিদার ভিত্তিতে ভবিষ্যতে সাধারণ মানুষের পরিদর্শনের জন্যও ‘শিশমহল’ খুলে দেওয়া হতে পারে বলে জানিয়েছে সরকার। ২০১৫ থেকে ২০২৪ সাল পর্যন্ত মুখ্যমন্ত্রী থাকাকালে কেজরিওয়াল এই বাংলোয় বসবাস করতেন। আম আদমি পার্টির কথিত দুর্নীতি তুলে ধরতে বিজেপি এর নাম দিয়েছিল ‘শিশমহল’।
সূত্র: এনডিটিভি
পুতিনকে বন্ধু বলা হিটলারকে বন্ধু বলার মতো: জেলেনস্কি
লাহোরে জমিয়তে উলামায়ে ইসলামের প্রধান আটক, অস্বীকার পুলিশের