বিষয়ভিত্তিক ফলে সবচেয়ে পিছিয়ে ইংরেজি-গণিতে

২০২৬ সালের এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় বিষয়ভিত্তিক ফলে ইংরেজি ও সাধারণ গণিতে সবচেয়ে পিছিয়ে রয়েছে কয়েকটি বোর্ডের শিক্ষার্থীরা। ইংরেজিতে ময়মনসিংহ বোর্ডে পাসের হার মাত্র ৬৬ দশমিক ৬৪ শতাংশ। একই বোর্ডে সাধারণ গণিতে পাসের হার ৬৯ দশমিক ৬১ শতাংশ; যা এ দুই বিষয়ের মধ্যে সর্বনিম্ন। বাংলাতেও যশোর বোর্ডের পাসের হার নেমেছে ৬৬ দশমিক ২৭ শতাংশে।

অন্যদিকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে প্রায় সব বোর্ডেই পাসের হার ৯৮ থেকে প্রায় ১০০ শতাংশ। ফলে বিষয়ভিত্তিক ফলে ইংরেজি ও গণিতের তুলনায় আইসিটিতে শিক্ষার্থীদের সাফল্য অনেক বেশি।

সোমবার (১০ আগস্ট) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুক মিলন।

ফল প্রকাশের পর সামগ্রিকভাবে বিষয়ভিত্তিক ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, ইংরেজি ও সাধারণ গণিতেই ফলাফলের দুর্বলতা সবচেয়ে বেশি চোখে পড়ছে। বিশেষ করে ময়মনসিংহ বোর্ডে ইংরেজিতে ৬৬ দশমিক ৬৪ শতাংশ এবং সাধারণ গণিতে ৬৯ দশমিক ৬১ শতাংশ পাস করেছে। বিপরীতে আইসিটিতে প্রায় শতভাগ শিক্ষার্থী পাস করেছে।

ইংরেজিতে ময়মনসিংহে পাস ৬৬ দশমিক ৬৪ শতাংশ

ইংরেজিতে ময়মনসিংহ বোর্ডে পাসের হার সবচেয়ে কম, ৬৬ দশমিক ৬৪ শতাংশ। বিপরীতে কারিগরি শিক্ষা বোর্ডে এ বিষয়ে পাসের হার ৯৪ দশমিক ৭০ শতাংশ।

বাংলা বিষয়ে তুলনামূলক ভালো ফল হলেও বোর্ডভেদে বড় পার্থক্য রয়েছে। কুমিল্লা বোর্ডে সর্বোচ্চ ৯৮ দশমিক ৩৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। বরিশাল বোর্ডে এ হার ৯০ দশমিক ৫০ শতাংশ। তবে যশোর বোর্ডে বাংলায় পাসের হার মাত্র ৬৬ দশমিক ২৭ শতাংশ।

গণিতেও পিছিয়ে ময়মনসিংহ

 

সাধারণ গণিতে যশোর বোর্ডে সর্বোচ্চ ৮৩ দশমিক ৩৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। ময়মনসিংহ বোর্ডে এ হার সর্বনিম্ন ৬৯ দশমিক ৬১ শতাংশ।

উচ্চতর গণিতে অবশ্য ফল তুলনামূলক ভালো। দিনাজপুর বোর্ডে এ বিষয়ে পাসের হার ৯৬ দশমিক ০৫ শতাংশ।

আইসিটিতে প্রায় শতভাগ পাস

বিষয়ভিত্তিক ফলাফলে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি)। প্রায় সব বোর্ডেই এ বিষয়ে পাসের হার ৯৮ থেকে প্রায় ১০০ শতাংশ।

চট্টগ্রাম বোর্ডে আইসিটিতে পাসের হার সর্বোচ্চ ৯৯ দশমিক ৯৯ শতাংশ। কারিগরি শিক্ষা বোর্ডে এ হার ৯৯ দশমিক ৯৮ শতাংশ।

বিজ্ঞান বিভাগের অন্যান্য বিষয়ের মধ্যে পদার্থবিজ্ঞানে কুমিল্লা বোর্ডে পাসের হার ৯৭ দশমিক ০৮ শতাংশ এবং রসায়নে রাজশাহী বোর্ডে ৯৪ দশমিক ০৪ শতাংশ।

মানবিক ও ব্যবসায় শিক্ষায়ও পার্থক্য

পৌরনীতি বিষয়ে রাজশাহী বোর্ডে পাসের হার ৯৯ দশমিক ৪ শতাংশ। ইতিহাস ও অর্থনীতিতেও রাজশাহী ও কুমিল্লা বোর্ডের শিক্ষার্থীরা ভালো ফল করেছে। হিসাববিজ্ঞানে চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৯৩ দশমিক ৫৮ শতাংশ।