সঙ্গী যদি আপনার ব্যক্তিগত সীমানাকে সম্মান করেন, তবে সেটি সরাসরি সবুজ সংকেত। আর রেস্তোরাঁর কর্মীর সঙ্গে যদি তিনি খারাপ আচরণ করেন? তবে সেটি লাল সংকেত। কিন্তু সঙ্গী যদি আপনার শখের বিষয়ে আগ্রহী না হন, সারাক্ষণ শুধু আপনার সঙ্গেই সময় কাটাতে চান বা মেসেজের উত্তর দিতে অনন্তকাল লাগিয়ে দেন, তখন কী করবেন? এমন বিভ্রান্তিকর পরিস্থিতিগুলোই হলো প্রেমের সম্পর্কের হলুদ সংকেত।
ট্রাফিক সিগন্যালের মতো সম্পর্কের ক্ষেত্রেও হলুদ সংকেত দেখলে সামনে এগোনোর আগে একটু থামতে হয় এবং ভাবতে হয়। এটি ‘বেইজ ফ্ল্যাগ’-এর মতো কোনও নিরপেক্ষ বিষয় নয়; বরং সঙ্গীর যেসব আচরণ আপনার মনে অস্বস্তি বা খটকা তৈরি করে, কিন্তু আপনি ঠিক বুঝতে পারেন না এগুলো কি নিছকই চরিত্রের ত্রুটি নাকি ভবিষ্যতের কোনও বড় বিপদের পূর্বাভাস; তা-ই হলো হলুদ সংকেত। সহজ কথায়, এটি উদ্বেগের বিষয় হলেও সম্পর্ক শেষ করে দেওয়ার মতো চূড়ান্ত কিছু নয়।
ম্যাচ গ্রুপের ইঅ্যান্ডই ব্র্যান্ডের হেড অব কমিউনিকেশনস অ্যান্ড ন্যারেটিভস মাইকেল কেই বলেন, হলুদ সংকেত হলো এমন আচরণ যা আপনাকে থমকে দাঁড়াতে বাধ্য করে। এগুলো সম্পর্কচ্ছেদের মতো কোনও বিষয় না হলেও, তড়িঘড়ি করে সম্পর্কে জড়ানোর আগে এই বিষয়গুলোতে আরেকটু মনোযোগ দেওয়া প্রয়োজন।
ম্যাচমেকার এবং ডেটিং কোচ জেনি হার্টের মতে, সবচেয়ে বড় হলুদ সংকেতগুলোর মধ্যে একটি হলো অতীতের সম্পর্ক নিয়ে খারাপ কথা বলা। আমরা সেখানে ছিলাম না এবং পুরো ঘটনা জানি না ঠিকই, তবে আপনাদের সম্পর্ক যদি কোনও কারণে না টেকে, তবে তিনি আপনার সম্পর্কে অন্যদের কাছে কীভাবে কথা বলবেন, এটি তার একটি সতর্কবার্তা।
লাইসেন্সপ্রাপ্ত মানসিক স্বাস্থ্য পরামর্শক জেস ডফেইড বলেন, নিজের ভুল স্বীকার না করে ব্রেকআপের জন্য কেবল প্রাক্তনকে দোষারোপ করা একটি হলুদ সংকেত। অন্যদিকে, অতীত সম্পর্কের ইতি টানার ক্ষেত্রে দুজনেরই দায়বদ্ধতা ছিল, এমন আলোচনা হতে পারে একটি সবুজ সংকেত।
ই-হারমোনি’র সম্পর্ক বিশেষজ্ঞ লরেল হাউস বলেন, যে ব্যক্তি দিনে মাত্র দুবার মেসেজ করেন, তিনি যে আবেগগতভাবে বিচ্ছিন্ন তা কিন্তু নয়। হয়তো তিনি সারা দিন ফোনে মুখ গুঁজে থাকতে পছন্দ করেন না। মেসেজ কতবার দেওয়া হলো তার চেয়ে বড় হলুদ সংকেত হলো যখন সঙ্গীর যোগাযোগের ধরন আপনার চেয়ে সম্পূর্ণ আলাদা হয় বা তিনি আপনার স্বস্তিদায়ক গতির চেয়ে খুব দ্রুত বা ধীরগতিতে এগোতে চান।
এ ক্ষেত্রে মাইকেল কেই জানান, কেউ হয়তো এক সপ্তাহে খুব ভালোভাবে সাড়া দিলেন, কিন্তু পরের সপ্তাহে কোনও ব্যাখ্যা ছাড়াই গায়েব হয়ে গেলেন। এর মানে এই নয় যে সম্পর্কটি টিকবে না, তবে আপনারা সত্যিই একে অপরের জন্য উপযুক্ত কি না, তা বোঝার জন্য আরও গভীর আলোচনার প্রয়োজন।
কাজের চাপে ডেট বাতিল করা হলুদ সংকেত হলেও, বারবার ডেট বাতিল করে পুনরায় শিডিউল করার কোনও চেষ্টা না করাকে লাল সংকেত বলে মন্তব্য করেন লরেল হাউস। কেই আরও বলেন, কেউ যদি বলেন তিনি সন্তান নিতে চান, কিন্তু আবার এমন মন্তব্য করেন যা থেকে মনে হয় তিনি আসলে নিশ্চিত নন, তবে বিষয়টি খতিয়ে দেখা উচিত।
মাইকেল কেইয়ের মতে, মাঝেমধ্যে সম্পর্কের বাইরের মানুষেরা ভেতরের মানুষটির চেয়ে অস্বাস্থ্যকর বিষয়গুলো আরও স্পষ্টভাবে দেখতে পান।
শুধু নিজের বন্ধু নয়, সঙ্গীর বন্ধুদের সঙ্গে তার সম্পর্ক কেমন, সেটিও গুরুত্বপূর্ণ বিষয়। টয় অ্যান্ড মই ম্যাচমেকিং-এর প্রতিষ্ঠাতা সোফি কেমারলে বলেন, ভৌগোলিক অবস্থান, সংস্কৃতি, ধর্ম বা আর্থসামাজিক পার্থক্যের কারণে অনেকেরই দীর্ঘমেয়াদি বন্ধুত্ব থাকে না।
তাই বন্ধু না থাকাকে সরাসরি লাল সংকেত ভাবার আগে পেছনের প্রেক্ষাপট বিবেচনা করা জরুরি।
পোষা প্রাণীর প্রতি নিষ্ঠুরতা, সারাক্ষণ মিথ্যা বলা এবং আপনার শরীরের গঠন নিয়ে নেতিবাচক মন্তব্য করা স্পষ্টতই লাল সংকেত। এগুলোর পার্থক্য বুঝতে না পারলে ভবিষ্যতে আক্ষেপ করতে হতে পারে।
এই দুই সংকেতের মূল পার্থক্য সম্পর্কে মাইকেল কেই বলেন, সবচেয়ে বড় পার্থক্য হলো, হলুদ সংকেত আপনার মনে কৌতূহল জাগায়, আর লাল সংকেত আপনাকে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানায়।
সূত্র: কসমোপলিটন