দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর

বিশ্বের রাজনৈতিক আকাশে প্রতিদিনই নতুন মেঘ জমছে, নতুন ঝড় উঠছে। বৈশ্বিক নীতি-নির্ধারণের নীরব সিদ্ধান্ত থেকে শুরু করে ভূ-রাজনীতির জটিল খেলা, কূটনীতির অদৃশ্য সুতো, সংঘাতের আগুন এবং প্রতিরক্ষা খাতের নীরব প্রস্তুতি- সবকিছু মিলিয়ে যেন এক অবিরাম পরিবর্তন চলছে। এই পরিবর্তনের প্রতিটি দৃশ্য আজকের বিশ্বব্যবস্থাকে নতুন করে গড়ে তুলছে, ভবিষ্যতের দিকনির্দেশনা দিচ্ছে। ৩ আগস্ট (সোমবার) বাংলা ট্রিবিউনে প্রকাশিত আন্তর্জাতিক প্রতিবেদনগুলোর কয়েকটি পাঠকদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে।

ইরানের সঙ্গে বৈঠক নিয়ে নতুন বার্তা ট্রাম্পের; তসলিমা নাসরিনের সংবর্ধনা অনুষ্ঠানে জয় গোস্বামীর সঙ্গে কী হয়েছে? কেন এত আলোচনা; কেরালায় সর্বোচ্চ সতর্কতা: বন্ধ স্কুল, বন্যার ঝুঁকি আরও বেড়েছে; ট্রাম্পকে নতিস্বীকার করাতে ইরানের নতুন কৌশল; নাম পাল্টালো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ; ৩০ বছরের দুর্গ ভেঙেছে ৩০ দিনে, বিজেপিকে হারিয়ে প্রশান্ত কিশোরের চমক; উত্তর আফ্রিকায় কেন স্পেনের ‘ছিটমহল’- এই খবরগুলো নিয়ে সাজানো হয়েছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদগুলোর এই সংকলন। 

 

ইরানের সঙ্গে সোমবার (৩ আগস্ট) বিকেলে আলোচনা শুরু হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির নিউ জার্সিতে রোববার (২ আগস্ট) সাংবাদিকদের তিনি এ কথা জানান। তবে কোথায় বৈঠক হবে, এতে কারা অংশ নেবেন; এসব বিষয়ে তিনি কিছু জানাননি।

 

ভারতের কলকাতার রবীন্দ্র সদনে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিনের সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে ঘটে যাওয়া একটি ঘটনা দেশটির সাহিত্যাঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাল আমলে বাংলা ভাষার অন্যতম প্রধান কবি জয় গোস্বামী। কিন্তু তাকে মঞ্চে ডাকার পর দর্শকদের একাংশের আপত্তির মুখে তিনি আর মঞ্চে ওঠেননি। পরে এ ঘটনাকে কেন্দ্র করে মতপ্রকাশের স্বাধীনতা, সাহিত্যাঙ্গনের পরিবেশ এবং কথিত ‘থ্রেট কালচার’ নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে।

 

সোমবার ভারতীয় আবহাওয়া অধিদফতরের (আইএমডি) তথ্য অনুযায়ী, কেরালার বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি হয়েছে। তিনটি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করেছে। টানা বর্ষণের কারণে রাজ্যের কয়েকটি জেলার জেলা প্রশাসকরা সোমবার (৩ আগস্ট) সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করেছেন।

 

মধ্যপ্রাচ্যের বাণিজ্য পথ, নৌপথ এবং জ্বালানি অবকাঠামোকে চাপের হাতিয়ার হিসেবে ব্যবহার করে যুক্তরাষ্ট্রের তৈরি সংঘাতের মূল্য বাড়াতে চাইছে ইরান। ওয়াশিংটন ইনস্টিটিউটের মাইকেল নাইটস জানান, সরাসরি সামরিক বিজয়ের পরিবর্তে ইরান সংঘাত বাড়িয়ে মার্কিন মিত্র ও বৈশ্বিক অর্থনীতিকে কোণঠাসা করার কৌশল বেছে নিয়েছে, যাতে হরমুজ প্রণালি ইস্যুতে যুক্তরাষ্ট্র তাদের শর্ত মেনে নিতে বাধ্য হয়।

 

বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ‘নাউরু’ তাদের নাম পরিবর্তন করে ‘রিপাবলিক অব নাওয়েরো’ রেখেছে। দেশের মূল ভাষার বানান ও উচ্চারণের সঙ্গে মিল রেখে প্রেসিডেন্ট ডেনিস অ্যাডিয়াং এই ঘোষণা দেন।

 

বিহারের বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে জন সুরজ পার্টির প্রধান প্রশান্ত কিশোর ১৯ হাজার ২৪৬ ভোটের ব্যবধানে জয়ী হয়ে নতুন ইতিহাস গড়েছেন। দীর্ঘ ৩০ বছর ধরে বিজেপির দখলে থাকা এই আসনে জয় পাওয়ার পর তিনি বলেন, ৩০ বছরের দুর্গ ভেঙে পড়েছে ৩০ দিনে।

 

উত্তর আফ্রিকার উপকূলে অবস্থিত স্পেনের ছোট দুটি ছিটমহল দীর্ঘদিন ধরেই প্রতিবেশী দেশ মরক্কোর সঙ্গে স্পেনের সম্পর্কের ক্ষেত্রে একটি বড় উত্তেজনার কারণ। আফ্রিকার মাটিতে একমাত্র ইউরোপীয় অঞ্চল হিসেবে পরিচিত এই এলাকাগুলোর মধ্যে রয়েছে স্বায়ত্তশাসিত শহর-ছিটমহল সেউটা ও মেলিলা। এ ছাড়া মরক্কো উপকূলের কাছে অবস্থিত শাফারিনাস আইল্যান্ডস, আলহুসেমাস আইল্যান্ডস এবং পেনন দে ভেলেজ দে লা গোমেরা নামক কয়েকটি পাথুরে দ্বীপের সমন্বয়ে গঠিত প্লাজাস দে সোবেরানিয়াও এর অন্তর্ভুক্ত।