দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর

বিশ্বের রাজনৈতিক আকাশে প্রতিদিনই নতুন মেঘ জমছে, নতুন ঝড় উঠছে। বৈশ্বিক নীতি-নির্ধারণের নীরব সিদ্ধান্ত থেকে শুরু করে ভূ-রাজনীতির জটিল খেলা, কূটনীতির অদৃশ্য সুতো, সংঘাতের আগুন এবং প্রতিরক্ষা খাতের নীরব প্রস্তুতি- সবকিছু মিলিয়ে যেন এক অবিরাম পরিবর্তন চলছে। এই পরিবর্তনের প্রতিটি দৃশ্য আজকের বিশ্বব্যবস্থাকে নতুন করে গড়ে তুলছে, ভবিষ্যতের দিকনির্দেশনা দিচ্ছে। ৭ সেপ্টেম্বর (সোমবার) বাংলা ট্রিবিউনে প্রকাশিত আন্তর্জাতিক প্রতিবেদনগুলোর কয়েকটি পাঠকদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে।

মে মাসের পর শেষ ১০ দিনে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সর্বনিম্ন; জার্মানির স্যাক্সনি-আনহাল্টে জয় পেলো কট্টর ডানপন্থি দল এএফডি; নয়াদিল্লিতে ভবন ধসে নিহত বেড়ে ৬, কারণ জানালো কর্তৃপক্ষ; নেপালে বন্যায় মৃত ভেবে শেষকৃত্যের প্রস্তুতি, ১০ দিন পর জীবিত উদ্ধার বৃদ্ধা; ওয়াশিংটনের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত তেহরানের; নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’, ট্রাম্পের ছবি শেয়ার নিয়ে তোলপাড়; ইন্দোনেশিয়ায় দাবানল: বায়ুমণ্ডলে বিস্ফোরিত হতে পারে ‘কার্বন বোমা’; দুর্গাপূজার মণ্ডপের কাছে আমিষ খাবার বিক্রি না করার আহ্বান বাগেশ্বর বাবার, ক্ষুব্ধ বাঙালি হিন্দুরা; সাগরের তলদেশে আস্ত উড়োজাহাজ, ককপিটে ভেসে বেড়াচ্ছেন ডুবুরিরা; রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে প্রথম সড়ক সেতু উদ্বোধন; নির্বাচনের কারণে গাজা ইস্যুতে অযৌক্তিক আচরণ করছে ইসরায়েল: কুশনার; পশ্চিম তীরে ‘সর্বাত্মক যুদ্ধের’ হুমকি দিলো ইসরায়েল- এই খবরগুলো নিয়ে সাজানো হয়েছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদগুলোর এই সংকলন। 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক ট্যাঙ্কার এবং যুদ্ধজাহাজে পাল্টাপাল্টি হামলার জেরে কৌশলগতভাবে অতি গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে পণ্যবাহী জাহাজ চলাচল মে মাসের পর থেকে সর্বনিম্নে নেমে এসেছে। সামুদ্রিক অ্যানালিটিক্স প্রতিষ্ঠান কেপলার এর তথ্যের বরাতে এই খবর জানিয়েছে টাইমস অব ইসরায়েল। 

জার্মানির পূর্বাঞ্চলীয় রাজ্য স্যাক্সনি-আনহাল্টের রাজ্য নির্বাচনে বিপুল ব্যবধানে জয় পেয়েছে কট্টর ডানপন্থি দল অল্টারনেটিভ ফর জার্মানি (এএফডি)। বুথফেরত জরিপের ফল অনুযায়ী, দ্বিতীয় বিশ্বযুদ্ধের থুরিঙ্গিয়া রাজ্যে জয়ের পর এই প্রথম জার্মানির আরও কোনও এক রাজ্যে ক্ষমতার কাছাকাছি পৌঁছালো ডানপন্থি দলটি। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

ভারতের রাজধানী নয়াদিল্লির সত্য নিকেতন এলাকায় ৫০ বছরের পুরনো একটি ভবনের বেসমেন্টে মেরামতের কাজ করার সময় পিলারের ভারসাম্য ভেঙে পুরো ভবনটি ধসে পড়েছে। রবিবার এই ভয়াবহ দুর্ঘটনায় অন্তত ছয় জন নিহত এবং আরও ছয় জন মারাত্মকভাবে আহত হয়েছেন। এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

নেপালে ঘটে যাওয়া সাম্প্রতিক ভয়াবহ বন্যায় স্বজনরা ভেবেছিলেন চান্দিকা কুমারী শ্রেষ্ঠা আর বেঁচে নেই। সনাতন ধর্মীয় রীতি মেনে পরিবারটি তখন এই বৃদ্ধার শ্রাদ্ধ ও ১১ দিনের শোক পালনের আনুষ্ঠানিকতা শুরু করেছিল। তবে সবাইকে অবাক করে দিয়ে প্রলয়ঙ্করী সেই বন্যার ১০ দিন পর তার ধসে পড়া ঘরের ভেতর থেকে তাকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকারীরা। এমন খবর প্রকাশ করেছে বিট্রিশ সংবাদ সংস্থা রয়টার্স। 

যুক্তরাষ্ট্র সামরিক শক্তি প্রয়োগ ও অর্থনৈতিক নিষেধাজ্ঞার ওপর ভিত্তি করে ইরানের বিরুদ্ধে কৌশল বজায় রাখলেও ওয়াশিংটনের বিরুদ্ধে এবার আরও কঠোর ও জোরালো পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তেহরান। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পদক্ষেপের জবাবে ইরানি সংসদ স্পিকার মোহাম্মাদ বাঘের গালিবাফ এক কড়া বার্তা দিয়েছেন। এমন খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

লেক অন্টারিওর নাম বদলে ‘লেক আমেরিকা’ করার নির্বাহী আদেশে স্বাক্ষরের কয়েক দিন পরই নতুন বিতর্কের জন্ম দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ‘নিউ মেক্সিকো’র নাম বদলে ‘নিউ আমেরিকা’ করার ইঙ্গিত দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিতর্কিত মানচিত্র পোস্ট করেছেন তিনি।

ইন্দোনেশিয়ার বোর্নিও দ্বীপে ভয়াবহ দাবানলের কারণে লাখ লাখ টন কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড ও মিথেন গ্যাস বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। বোর্নিও দ্বীপের প্রায় ৪৫ লাখ হেক্টর বনাঞ্চলজুড়ে ছড়িয়ে থাকা বিশ্বের বৃহত্তম ট্রপিক্যাল পিটল্যান্ড পুড়ে ছাই হয়ে যাচ্ছে। প্রাচীনকাল থেকে এসব জলাভূমির নিচে জমা হয়ে থাকা বিশাল পরিমাণ কার্বনকে বিজ্ঞানীরা অভিহিত করছেন ‘কার্বন বোমা’ হিসেবে।

দুর্গাপূজার মণ্ডপের কাছে আমিষ খাবার বিক্রি ও গ্রহণ না করার আহ্বান জানিয়ে পশ্চিমবঙ্গজুড়ে তীব্র বিতর্কের মুখে পড়েছেন মধ্যপ্রদেশের বাগেশ্বর ধামের প্রধান ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী। হাওড়ার লিলুয়ায় তিন দিনের হনুমান কাইথা অনুষ্ঠানে তিনি বাঙালি হিন্দুদের এই নিদান দেন। এর আগে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) পূজামণ্ডপের পবিত্রতা রক্ষায় আমিষ খাবার দূরে রাখার পরামর্শ দিয়েছিল। শাস্ত্রীর এই সাম্প্রতিক বক্তব্য সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে।

একটি বিশালাকার এয়ারবাস এ৩০০ উড়োজাহাজের শেষ অবতরণ কোনও বিমানবন্দরে হয়নি, হয়েছিল ইজিয়ান সাগরের তলদেশে। ডাইভিং পর্যটন জোরদার করা এবং সামুদ্রিক জীবনের জন্য একটি কৃত্রিম প্রবাল প্রাচীর (রিফ) তৈরি করার লক্ষ্যে ২০১৬ সালে তুরস্কের আইদিন প্রদেশের কুশাদাসি উপকূলীয় শহরের কাছে অবসরপ্রাপ্ত বিমানটি ইচ্ছা করেই সাগরে ডুবিয়ে দেওয়া হয়।

ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার অংশ হিসেবে নিজেদের যৌথ সীমান্তে নির্মিত প্রথম সড়ক সেতু উদ্বোধন করেছে রাশিয়া ও উত্তর কোরিয়া। রাশিয়ার দূরপ্রাচ্যের খাসান এবং উত্তর কোরিয়ার তুমেনগং এলাকার মধ্য দিয়ে প্রবাহিত তুমেন নদীর ওপর নির্মিত এক কিলোমিটার দীর্ঘ এই সেতুটি দুই দেশকে যুক্ত করেছে।

মার্কিন বিশেষ দূত জ্যারেড কুশনার রবিবার বলেছেন, আগামী মাসে অনুষ্ঠেয় নেসেট (ইসরায়েলি সংসদ) নির্বাচনকে কেন্দ্র করে গাজা ইস্যুতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার ‘খানিকটা অযৌক্তিক’ আচরণ করছে। হামাসকে নিরস্ত্র করার লক্ষ্যে গঠিত বোর্ড অব পিস-এর প্রস্তাব ইসরায়েল প্রত্যাখ্যান করা এবং গাজায় অব্যাহত হামলার পটভূমিতে তিনি এই মন্তব্য করেন।

পশ্চিম তীরের শাসক প্যালেস্টাইন অথরিটির (পিএ) সঙ্গে যুক্ত কোনও গোষ্ঠীকে সামরিক অভিযানের পরিকল্পনা করতে দেখা গেলে অধিকৃত পশ্চিম তীরে ‘সর্বাত্মক যুদ্ধ’ শুরুর হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। সোমবার তিনি জানান, এমন পরিস্থিতি তৈরি হলে ফিলিস্তিনি কর্তৃপক্ষের জ্যেষ্ঠ কর্মকর্তা, তাদের নিরাপত্তা ব্যবস্থা এবং ‘সন্ত্রাসবাদী অবকাঠামোর’ বিরুদ্ধে এক ব্যাপক অভিযান চালানো হবে।