যুক্তরাষ্ট্রের বোস্টনের ঐতিহাসিক ইসাবেলা স্টুয়ার্ট গার্ডনার মিউজিয়ামের দেয়ালে আজও ঝুলছে সোনালি রঙের কারুকাজ করা কিছু শূন্য ফ্রেম। ৩৬ বছর আগে ইতিহাসের সবচেয়ে বড় শিল্পকর্ম চুরির ঘটনায় খোয়া যাওয়া অমূল্য ১৩টি শিল্পকর্ম ফিরে আসার আশায় সেগুলো খালি রাখা হয়েছে। জাদুঘরের নিরাপত্তা পরিচালক ও প্রধান তদন্তকারী অ্যান্থনি অ্যামোর বলেন, এটি আশার প্রতীক। আমরা বিশ্বাস করি, শিল্পকর্মগুলো আবার এখানে ফিরে আসবে। এটি মনে করিয়ে দেয় যে এই চুরি যাওয়া শিল্পকর্মগুলোর একমাত্র উপযুক্ত ঠিকানা এটিই।
এফবিআইয়ের অবসরপ্রাপ্ত তদন্তকারী জিওফ্রে কেলির মতে, চুরি যাওয়া ওই সংগ্রহের বর্তমান বাজারমূল্য প্রায় ১০০ কোটি ডলার। ২২ বছর ধরে এই মামলার তদন্তে নেতৃত্ব দেওয়া কেলি জানান, ৩৬ বছরের বেশি সময়েও শিল্পকর্মগুলো উদ্ধার হয়নি এবং কাউকে অভিযুক্তও করা যায়নি। তিনি বলেন, ল্যুভর জাদুঘরে ডাকাতিসহ সম্প্রতি ইউরোপজুড়ে জাদুঘরগুলোতে যেসব চুরির ঘটনা ঘটছে, তা দেখলেই বোঝা যায় মানুষ শিল্পকর্ম চুরির গল্প পছন্দ করে।
১৯৯০ সালের ১৭ মার্চ রাতে বস্টন যখন সেন্ট প্যাট্রিকস ডে-র উৎসবে মেতে ছিল, ঠিক তখনই রাত দেড়টার আগে পুলিশের পোশাক পরা দুই ব্যক্তি জাদুঘরের কর্মচারীদের প্রবেশপথে এসে কলবেল বাজান। তারা নৈশপ্রহরী রিচার্ড ‘রিক’ অ্যাবাথকে জানান, একটি বিশৃঙ্খলার অভিযোগ পেয়ে তারা এসেছেন। জাদুঘরের নিয়ম ভেঙে অ্যাবাথ দরজা খুলে দেন। ২০১৩ সালে অ্যাবাথ বলেছিলেন, ‘তারা ক্যাপ, কোট ও ব্যাজ পরে দাঁড়িয়ে ছিলেন এবং দেখতে একদম পুলিশের মতোই লাগছিল, তাই আমি দরজা খুলে দিই।’
ভেতরে ঢুকেই তারা আরেক প্রহরীকে ডেকে আনতে বলেন এবং দুজনকেই গ্রেফতার দেখিয়ে হাতকড়া ও ডাক্ট টেপ দিয়ে বেঁধে বেজমেন্টে আটকে রাখেন। অ্যাবাথ স্মৃতিচারণা করে বলেন, আমাকে এবং আমার সঙ্গীকে হাতকড়া পরানোর পর তারা বেশ নাটকীয়ভাবে বললেন, ‘ভদ্রমহোদয়গণ, এটি একটি ডাকাতি।’
এরপর ভুয়া পুলিশবেশী ওই দুই চোর মাত্র ৮১ মিনিটে রেমব্রান্ট, ভার্মিয়ার, দেগা ও মানে-র আঁকা চিত্রকর্ম এবং নেপোলিয়নের পতাকার শীর্ষভাগসহ মোট ১৩টি অমূল্য শিল্পকর্ম নিয়ে পালিয়ে যান। ২০২৪ সালে মৃত্যুর আগপর্যন্ত অ্যাবাথ কখনও অভিযুক্ত হননি এবং জড়িত থাকার কথা অস্বীকার করেছেন। তার আইনজীবী জর্জ গর্মলি বলেন, ‘একদিকে জাদুঘরের নিয়ম, অন্যদিকে দরজার কাঁচের ওপারে বোস্টনের এক পুলিশ কর্মকর্তা দরজা খুলতে বলছেন, আমার কাছে সিদ্ধান্ত নেওয়াটা খুব সহজ ছিল।
তিনি আরও বলেন, আপনি কখনোই আপনার হারানো সম্মান পুরোপুরি ফিরে পাবেন না।
কেলির মতে, হলিউড সিনেমার মতো কোনও অভিজাত চক্র নয়, বরং বোস্টনের স্থানীয় মাদক ব্যবসায়ী কারমেলো মার্লিনোর দলের সদস্যরাই এই চুরি করেছিল। ১৯৯৯ সালে এফবিআই মার্লিনো ও তার সহযোগীদের অন্য একটি ডাকাতির পরিকল্পনায় গ্রেফতার করে। মার্লিনোর আইনজীবী মার্টিন লেপ্পো এক তথ্যচিত্রে বলেন, গ্রেফতারের পর তারা বলেছিলেন, ‘চিত্রকর্মগুলো ফিরিয়ে দাও, তোমরা মুক্ত হয়ে যাবে।’
কেলির মতে, বাজারে বিখ্যাত চুরি যাওয়া চিত্রকর্ম বিক্রি করা অসম্ভব। তাই অপরাধীরা ভবিষ্যতে কোনও মামলায় গ্রেফতার হলে জেল থেকে বাঁচার তুরুপের তাস বা দর-কষাকষির হাতিয়ার হিসেবে এগুলো লুকিয়ে রেখেছিল। অ্যামোরও একই মত দিয়ে বলেন, কেউ এগুলো কেনে না। ভবিষ্যতে কোনও অজানা উদ্দেশ্যে ব্যবহারের জন্য এগুলো লুকিয়ে রাখা হয়।
কেলি আরও জানান, চুরির দেড় বছরের মধ্যে এর সঙ্গে জড়িত তিন-চারজন খুন হওয়ায় ভয়ে কেউ তথ্য দিতে এগিয়ে আসেননি।
অপরাধের বিচারের আইনি সময়সীমা পেরিয়ে যাওয়ায় এখন এফবিআইয়ের একমাত্র লক্ষ্য হলো শিল্পকর্মগুলো উদ্ধার করা। কেলির বিশ্বাস, শিল্পকর্মগুলো এখনও অক্ষত আছে। উদাহরণ হিসেবে তিনি লিওনার্দো দ্য ভিঞ্চির ‘সালভাতর মুন্ডি’ চিত্রকর্মের কথা উল্লেখ করেন, যা ১৭৬৩ সালে নিখোঁজ হওয়ার ২৪২ বছর পর উদ্ধার হয়েছিল। কেলি বলেন, রেমব্রান্টের ‘দ্য স্টর্ম অন দ্য সি অব গ্যালিলি’ চিত্রকর্মটি দেখার বেশ কিছু বিশ্বাসযোগ্য তথ্য আমরা পেয়েছি।
সাম্প্রতিক সময়ে ইউরোপে, যেমন ২০২৫ সালে প্যারিসের ল্যুভর জাদুঘরে চার মিনিটের ঝটিকা অভিযানে নেপোলিয়নের আমলের অলংকার চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে কেলি বলেন, অলংকার ভেঙে বা গলিয়ে বিক্রি করা গেলেও বিখ্যাত চিত্রকর্ম তা করা যায় না।
তবুও গার্ডনার মিউজিয়ামের শিল্পকর্মগুলো ফিরে পাওয়ার ব্যাপারে আশাবাদী অ্যামোর ও কেলি। অ্যামোর বলেন, তদন্তকারী ও জাদুঘরগুলোর কখনোই তাদের সেরা শিল্পকর্মের আশা ছাড়া উচিত নয়। কেলি বলেন, এগুলো আমাদের অভিন্ন ইতিহাসের অংশ... এগুলোই আমাদের পরিচয়।
সূত্র: সিএনএন