১৯৯৬ সালে জামিনে মুক্তি পেয়ে পালিয়ে গিয়েছিলেন ১৮ বছর বয়সী এক তরুণ। এরপর বদলে ফেলেন নিজের পরিচয়, শহর ছেড়ে নতুন ঠিকানায় বিয়ে করে সংসার পাতেন, সন্তানও হয়। দীর্ঘ তিন দশক পর একটি পুরোনো মোবাইলের কল রেকর্ডের সূত্র ধরে সেই পলাতক আসামিকে গ্রেফতার করেছে ভারতের কেরালা পুলিশ।
গত ৭ নভেম্বর কেরালার কোল্লাম জেলার কুন্দারা থেকে ৪৯ বছর বয়সী কৃষ্ণকুমারকে গ্রেফতার করা হয়। ১৯৯৫ সালের ৩১ অক্টোবর ত্রিশূরের লুরদুপুরম এলাকায় ৬৪ বছর বয়সী বৃদ্ধা মার্থাকে শ্বাসরোধে হত্যা ও স্বর্ণালংকার-টাকা লুটের ঘটনায় তিনি অভিযুক্ত। এসিপি রাজেশ টি আর-এর নেতৃত্বাধীন বিশেষ পুলিশ দল কেরালা, দিল্লি ও উত্তর প্রদেশের বিভিন্ন সূত্র, একটি পুরোনো ছবি, পারিবারিক সংযোগ এবং কল রেকর্ড বিশ্লেষণ করে তাকে শনাক্ত করে।
পুলিশ জানায়, ১৯৯৫ সালে মার্থা যে হোটেলে নিয়মিত খেতেন, সেখানকার চাকরিচ্যুত কর্মী প্রসাদ (১৯) ও পাল্লাক্কাডের কৃষ্ণকুমার মিলে ওই বৃদ্ধার বাড়িতে ডাকাতির পরিকল্পনা করেন। প্রসাদ তখনই ধরা পড়লেও ১৯৯৬ সালের ১৮ ফেব্রুয়ারি গ্রেফতার হন কৃষ্ণকুমার। তিন মাস পর জামিন পেয়ে তিনি আত্মগোপনে চলে যান। ১৯৯৮ সালে আদালত মামলাটিকে দীর্ঘদিন ধরে অমীমাংসিত মামলার তালিকায় পাঠিয়ে দেন।
২০২২ সালে মামলাটি পুনরায় সচল হয় এবং সম্প্রতি নগর পুলিশ কমিশনার নকুল রাজেন্দ্র দেশমুখের নির্দেশে তদন্ত জোরদার করা হয়। তদন্তের একপর্যায়ে পুলিশ জানতে পারে, কৃষ্ণকুমারের কোচির প্রয়াত এক চাচার ব্যবহৃত মোবাইল ফোন পরিবারের এক সদস্য ব্যবহার করছেন। এক পুলিশ কর্মকর্তা বলেন, আমরা কল রেকর্ড পরীক্ষা করে উত্তর প্রদেশের মিরাটের একটি ল্যান্ডলাইন নম্বর খুঁজে পাই।
সেই সূত্র ধরে মিরাটের একটি চিনিকলে গিয়ে পুলিশ জানতে পারে, কৃষ্ণকুমারের আরেক চাচা, সাবেক সেনাসদস্য গোপালকৃষ্ণন নায়ার অবসরের পর সেখানে কাজ করতেন। স্থানীয় মালয়ালি বাসিন্দারা পুলিশকে জানান, নায়ারের এক পালক পুত্র ছিল, যে কেরালার এক নারীকে বিয়ে করে এক দশক আগে কেরালায় ফিরে গেছে।
পুলিশ কৃষ্ণকুমারের কৈশোরের একটি ছবি কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে বর্তমান বয়সের উপযোগী করে মিরাটের বাসিন্দাদের দেখালে তারা তাকে শনাক্ত করেন। পরে তার স্ত্রীর আত্মীয়দের কল রেকর্ড যাচাই করে কোল্লামের কুন্দারায় তার অবস্থান নিশ্চিত হয়। সেখানে তিনি ‘কৃষাণ কুমার’ পরিচয়ে ও ভুয়া নথিপত্র বানিয়ে দুই সন্তানসহ বসবাস করছিলেন; কোনও ব্যাংক হিসাবও ছিল না তার।
এক পুলিশ কর্মকর্তা বলেন, কেরালায় ফেরার প্রথম দিকে ধরা পড়ার ভয়ে থাকলেও সময়ের সঙ্গে তার সেই ভয় কেটে গিয়েছিল।
৭ নভেম্বর একটি শোকসভায় যোগ দিতে গেলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। কর্মকর্তা জানান, যখন তিনি বুঝতে পারলেন যে শেষ পর্যন্ত ধরা পড়ে গেছেন, তখন তিনি স্তব্ধ হয়ে যান এবং আবেগপ্রবণ হয়ে পড়েন। শিগগিরই তার বিচার শুরু হবে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস