ভারতের রাজস্থানে ব্যস্ত মহাসড়কের একটি টানেলের ভেতরে গাড়ি থামিয়ে আতশবাজি ফাটানোর ঘটনায় সমালোচনার মুখে পড়েছে একটি পরিবার। অন্য এক গাড়িচালকের ধারণ করা এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন অনেকে।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, উদয়পুরের কাছে জাতীয় মহাসড়ক-৫৮-এর একটি টানেলে ঘটনাটি ঘটে। এক্সে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একটি সাদা গাড়ি থেকে কয়েকজন নেমে টানেলের ভেতরে আতশবাজি ফাটাচ্ছেন। এতে পুরো টানেল ধোঁয়ায় ভরে যায়।
টানেলের ভেতরে বায়ু চলাচলের সুযোগ সীমিত থাকায় ধোঁয়া দ্রুত বের হতে পারে না। ফলে দৃশ্যমানতা কমে গিয়ে অন্য গাড়িচালকদের জন্য দুর্ঘটনার ঝুঁকি তৈরি হতে পারে। সামনে থাকা যানবাহন দেখতে না পেলে চালকেরা প্রতিক্রিয়া জানানোর পর্যাপ্ত সময়ও নাও পেতে পারেন।
এক্সে একটি অ্যাকাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করা হয়। এরপর সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা পরিবারটির এমন কর্মকাণ্ডের সমালোচনা করেন।
এক ব্যবহারকারী লেখেন, এটি উদ্যাপন নয়, দায়িত্বজ্ঞানহীন বোকামি। টানেল একটি আবদ্ধ জায়গা, যেখানে ধোঁয়া জমে বিপজ্জনকভাবে দৃশ্যমানতা কমে যেতে পারে। একটি পরিবারের কয়েক মুহূর্তের আনন্দ শত শত নিরপরাধ মানুষের জীবন ঝুঁকিতে ফেলতে পারে। মানুষ কি ন্যূনতম নাগরিক বোধও ভুলে গেছে?
আরেক ব্যবহারকারী সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেফতারের দাবি জানিয়ে লেখেন, আশা করি তাদের গ্রেফতার করা হবে।
অন্য একজন মন্তব্য করেন, আমি নিশ্চিত, এই সমস্যাসৃষ্টিকারীদের কিছুই হবে না। গ্রেফতার নয়, বড় অঙ্কের জরিমানাও নয় কিছুই না। আরেক ব্যবহারকারী তাদের কারাগারে পাঠানোর দাবি জানান। তবে এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কোনও আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, সে বিষয়ে প্রতিবেদনে কিছু জানানো হয়নি।
সূত্র: এনডিটিভি