হুথিদের প্রতিরোধে মান্দেব প্রণালিতে পিছু হটলো ইয়েমেনি বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক
১৫ নভেম্বর ২০২৬, ২০:২১ আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ২০:২১

লোহিত সাগরের প্রবেশপথ বাব আল-মান্দেব প্রণালির কাছ থেকে সেনা সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বাহিনী। সৌদি আরব-সমর্থিত বাহিনীর এ সিদ্ধান্তকে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে চলমান যুদ্ধে বড় ধরনের ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। সরকারি বাহিনী জানিয়েছে, এখন তাদের প্রধান অগ্রাধিকার দক্ষিণাঞ্চলীয় শহর আদেন ও আশপাশের এলাকা রক্ষা করা।

রবিবার (১৫ নভেম্বর) এক বিবৃতিতে দক্ষিণ ইয়েমেনে সরকারের পক্ষে লড়াই করা প্রধান সামরিক বাহিনী জানায়, তারা তাইজ প্রদেশের পশ্চিমাঞ্চলে ধুবাব বিমানবন্দর ও বাব আল-মান্দেব এলাকা থেকে সেনাদের পুনর্বিন্যাস করছে। আদেনকে নিরাপদ রাখা, আশপাশের প্রদেশগুলোর সুরক্ষা জোরদার এবং বিদ্যমান হুমকি মোকাবিলায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, এ ঘোষণার মধ্য দিয়ে লোহিত সাগরের উপকূলীয় এলাকা পুনর্দখলে সরকারি বাহিনীর ছয় সপ্তাহের পাল্টা অভিযান কার্যত শেষ হওয়ার ইঙ্গিত মিলেছে। গত সেপ্টেম্বরে আকস্মিক অগ্রযাত্রায় ওই উপকূলের নিয়ন্ত্রণ নেয় হুথিরা। এতে ইয়েমেনের তেল রফতানি ব্যাহত হয়।

সরকারি বাহিনীর এ পশ্চাদপসরণে আদেনের দিকে হুথিদের নতুন করে অগ্রসর হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ২০১৫ সালে রাজধানী সানা দখলের পর থেকে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার ও তাদের সমর্থিত বাহিনীর প্রধান ঘাঁটি আদেন।

হুথিদের অগ্রযাত্রা, চাপে সৌদি আরব

গত মাসে সৌদি সমর্থিত সরকারি বাহিনী বাব আল-মান্দেবের আশপাশে ধুবাবসহ কয়েকটি গুরুত্বপূর্ণ অবস্থান পুনর্দখল করেছিল। তবে হুথিদের পুরোপুরি ওই এলাকা থেকে সরাতে পারেনি। উপকূলের আরও উত্তরে অবস্থিত আল-মোখা শহরও পুনর্দখল করা সম্ভব হয়নি।

এর জবাবে সৌদি আরবের ওপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বাড়িয়েছে হুথিরা। দেশটির প্রধান বিমানবন্দরগুলোতে হামলার কারণে ফ্লাইট চলাচল ব্যাহত হয়েছে। পাশাপাশি জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়ে বৈশ্বিক জ্বালানি বাজারেও উদ্বেগ তৈরি করেছে তারা।

আদেনের উত্তরের পার্বত্য এলাকাতেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে হুথিদের। অক্টোবরের শুরুতে তাইজের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার পর আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের পক্ষে লড়াই করা বিভিন্ন বাহিনীর ওপর চাপ বেড়েছে।

ইয়েমেনের সামরিক সূত্রগুলো রয়টার্সকে জানিয়েছে, বাব আল-মান্দেবের কাছ থেকে সরকারি বাহিনী ধুবাবের দক্ষিণে আল-সুকিয়াহ এলাকায় পুনরায় অবস্থান নিয়েছে। জায়গাটি আদেন থেকে প্রায় ১৫০ কিলোমিটার পশ্চিমে। তবে আশপাশের উপকূলীয় এলাকা থেকে হুথিদের সরিয়ে দেওয়ার চেষ্টা এখনো চলছে।

তাইজের দক্ষিণে লাহিজ প্রদেশের তুর আল-বাহাহ জেলার কাছেও অবস্থান নিয়েছে হুথিরা। এলাকাটি আদেন থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে।

অবরুদ্ধ তাইজে বাড়ছে মানবিক সংকট

সামরিক সূত্রগুলোর মতে, তাইজের আশপাশে হুথিদের অগ্রগতি বাব আল-মান্দেব এলাকায় সরকারি বাহিনীর অভিযানকে দুর্বল করেছে। ইয়েমেনের গৃহযুদ্ধে বর্তমানে সবচেয়ে তীব্র লড়াই চলছে তাইজের পশ্চিমাঞ্চলে।

সেখানে যুদ্ধের কারণে মানবিক পরিস্থিতিরও অবনতি হচ্ছে। সাম্প্রতিক সংঘাতে ইয়েমেনজুড়ে বাস্তুচ্যুত হওয়া প্রায় তিন লাখ মানুষের অর্ধেকের বসবাস তাইজ শহরে। শহরটি অবরুদ্ধ থাকায় সেখানে ত্রাণ সরবরাহ ঢুকতে পারছে না, একই সঙ্গে বেসামরিক বাসিন্দাদের বের হওয়ার পথও বন্ধ রয়েছে।

এদিকে আন্তর্জাতিক রেডক্রস কমিটি (আইসিআরসি) জানিয়েছে, রবিবার ৬০০ বন্দিকে মুক্তি দিয়েছে হুথিরা। এ বিষয়ে হুথি বিদ্রোহী বা সৌদি আরবের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সূত্র: আল মনিটর 

/এসএইচএম/
সম্পর্কিত
৩০ বছর পর এক ফোন কলের সূত্র ধরে ধরা পড়লো খুনের আসামি
ভারতে হাইওয়ের টানেলে গাড়ি থামিয়ে আতশবাজি, সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ
যে জাফরান বারান্দাতেই ফলানো যায় তা কেন এত দাম দিয়ে কিনবেন?
সর্বশেষ খবর
মোহাম্মদপুরে এজেআর কুরিয়ার সার্ভিসের গাড়িতে হামলা-ভাঙচুর
মোহাম্মদপুরে এজেআর কুরিয়ার সার্ভিসের গাড়িতে হামলা-ভাঙচুর
ডিসেম্বর ঘিরে বড় ধরনের শঙ্কা নেই: এসআরবি
ডিসেম্বর ঘিরে বড় ধরনের শঙ্কা নেই: এসআরবি
সংস্কৃতি, বিজ্ঞান ও মানবিক বিদ্যার সেতুবন্ধনে আইসিবিসি সম্মেলন শুরু ২০ নভেম্বর
সংস্কৃতি, বিজ্ঞান ও মানবিক বিদ্যার সেতুবন্ধনে আইসিবিসি সম্মেলন শুরু ২০ নভেম্বর
মোহাম্মদপুরে ধর্ষণ মামলায় কথিত পীর সোহেল রানা কারাগারে
মোহাম্মদপুরে ধর্ষণ মামলায় কথিত পীর সোহেল রানা কারাগারে
সর্বাধিক পঠিত
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ
সবজি চাষে শীর্ষে জেলাটি, বছরে আয় ২৬৫৫ কোটি
সবজি চাষে শীর্ষে জেলাটি, বছরে আয় ২৬৫৫ কোটি
অফিসের তালা খুললো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ, ভেঙে ফেলেছে ‌জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বর
অফিসের তালা খুললো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ, ভেঙে ফেলেছে ‌জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বর