বুধবার থেকে স্বাভাবিক কার্যক্রমে ফিরছেন চিকিৎসকরা

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় সারাদেশে গতিহীন হয়ে পড়া স্বাস্থ্যসেবা আগামীকাল বুধবার (৪ সেপ্টেম্বর) থেকে স্বাভাবিক সূচিতে ফিরবেন বলে জানিয়েছেন চিকিৎসকেরা। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকালে ঢামেক হাসপাতালে এই তথ্য জানান হাসপাতালের রেসিডেন্ট চিকিৎসক আব্দুল আহাদ।

তিনি বলেন, পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল ৮টা থেকে দুই ঘণ্টা আমরা অবস্থান কর্মসূচি পালন করেছি। এরপর সকাল ১০টা থেকে আমাদের বহির্বিভাগে সেবা চালু হয়েছে। চিকিৎসকরাও বহির্বিভাগসহ অন্যান্য বিভাগে কাজে যোগ দিয়েছেন। আগামীকাল (বুধবার) থেকে সারা দেশের হাসপাতালগুলোতে স্বাভাবিক সূচিতে চিকিৎসাসেবা দেওয়া হবে।

রোগী মৃত্যুর ঘটনায় অবহেলার অভিযোগে ঢামেক হাসপাতালে শনিবার (৩১ আগস্ট) চিকিৎসকদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে রবিবার (১ সেপ্টেম্বর) সকাল থেকে ‘কমপ্লিট শাটডাউন’ পালন করেন ঢামেকসহ সরকারি হাসপাতালের চিকিৎসকেরা। হামলাকারীদের গ্রেফতার-বিচার, নিরাপদ কর্মস্থল নিশ্চিত করাসহ চার দফা দাবিতে তারা এই কর্মসূচি পালন করেন।

পরে দাবি পূরণের আশ্বাস পেয়ে রবিবার রাত পৌনে আটটার দিকে প্রায় ১২ ঘণ্টা পর কর্মবিরতি স্থগিত করে কাজে ফেরেন চিকিৎসকেরা।

আরও পড়ুন-