বিশ্বকাপ শেষ। এবার অপেক্ষা জমজমাট ক্লাব ফুটবলের। ইউরোপিয়ান ফুটবলের অন্যতম আকর্ষণ স্প্যানিশ লা লিগার ২০২৬-২৭ মৌসুমের পূর্ণাঙ্গ সূচি চূড়ান্ত হয়েছে। প্রথম ম্যাচ থেকেই জমে উঠবে লড়াই, মাঝপথে থাকবে রোমাঞ্চকর মাদ্রিদ ডার্বি, আর মৌসুমের সবচেয়ে প্রতীক্ষিত দুই এল ক্লাসিকো।
নতুন মৌসুমে মোট ৩৮০টি ম্যাচ অনুষ্ঠিত হবে। লিগ শুরু হবে ১৫ আগস্ট, আর শেষ হবে ৩০ মে।
আরও পড়ুন: বিশ্বকাপ জয়ের পুরস্কার, ওজন সমান টমেটো পেলেন গাভি-রুইজ
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনা তাদের শিরোপা রক্ষার অভিযান শুরু করবে অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে। অন্যদিকে হোসে মরিনহোর রিয়াল মাদ্রিদ মৌসুমের প্রথম ম্যাচ খেলবে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে।
বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালে অংশ নেওয়া খেলোয়াড় থাকায় বার্সেলোনা-অ্যাথলেটিক, রিয়াল মাদ্রিদ-রিয়াল সোসিয়েদাদ, অ্যাতলেতিকো মাদ্রিদ-মালাগা এবং ভ্যালেন্সিয়া-বেতিস ম্যাচগুলো সপ্তাহের মাঝে ২৫, ২৬ বা ২৭ আগস্ট অনুষ্ঠিত হবে।
নতুন তিন দলের কঠিন সূচনা
এবার লা লিগায় উঠে আসা রেসিং, দেপোর্তিভো ও মালাগা নিজেদের প্রথম ম্যাচ খেলবে যথাক্রমে ভিয়ারিয়াল, এলচে এবং অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে।
স্টেডিয়ামের সংস্কার, স্থানীয় অনুষ্ঠান এবং নিরাপত্তাজনিত কারণে ভিয়ারিয়াল, মালাগা ও রিয়াল সোসিয়েদাদ মৌসুমের শুরুতে অ্যাওয়ে ম্যাচ খেলবে।
এল ক্লাসিকো ও মাদ্রিদ ডার্বির দিনক্ষণ
মৌসুমের প্রথম মাদ্রিদ ডার্বি হবে ২০ সেপ্টেম্বর, যেখানে অ্যাতলেতিকো মাদ্রিদ নিজেদের মাঠে আতিথ্য দেবে রিয়াল মাদ্রিদকে। ফিরতি লেগ হবে ৪ এপ্রিল।
অন্যদিকে প্রথম এল ক্লাসিকো অনুষ্ঠিত হবে ২৫ অক্টোবর, ভেন্যু বার্সেলোনার ন্যু ক্যাম্প। আর দ্বিতীয় এল ক্লাসিকো হবে ৯ মে রিয়াল মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যুতে।
এবার বড়দিন উপলক্ষে ২২ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত লিগে কোনো ম্যাচ থাকবে না। এছাড়া আন্তর্জাতিক বিরতির জন্য লিগ বন্ধ থাকবে: ২১ সেপ্টেম্বর – ৬ অক্টোবর, ৯ নভেম্বর – ১৭ নভেম্বর, ২২ মার্চ – ৩০ মার্চ।