হলুদ জার্সিতে অসংখ্য জাদুকরী মুহূর্ত, অগণিত গোল আর কোটি ভক্তের ভালোবাসা-সবকিছুর ইতি টানলেন ব্রাজিলের পোস্টারবয় নেইমার। গোল ডটকম-এর বুধবারের প্রতিবেদনে বলা হয়েছে, কার্লো আনচেলত্তির অধীনে ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের হতাশাজনক অভিযানের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি।
সান্তোসের ৪-২ গোলের জয়ের পর জাতীয় দলে নিজের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হলে নেইমার স্পষ্ট ভাষায় বলেন, ‘জাতীয় দলের সঙ্গে আমার পথচলা শেষ।’
তিনি আরও বলেন, ‘আমি ইতিহাস গড়েছি। অসংখ্য আনন্দের মুহূর্ত পেয়েছি। দেশের জন্য আমার রক্ত, আমার জীবন উজাড় করে দিয়েছি। সবসময় হলুদ জার্সির জন্য লড়েছি। কিন্তু এখন আর সেটা করতে চাই না।’
৩৪ বছর বয়সী নেইমার সাম্প্রতিক সময়ে তাকে ঘিরে সমালোচনা সম্পর্কেও মুখ খুলেছেন। বলেছেন, ‘এসব ঘটনা দুঃখজনক এবং বিরক্তিকর, কিন্তু এতে আমার কোনো দোষ নেই। এসব গল্প অনেক মানুষের কাছে পৌঁছে যায়। ম্যাচের পর আমি শুধু বলেছিলাম, আমাদের আরও ভালো খেলতে হবে। এতটা ঢিলেঢালা হলে চলবে না। চ্যাপেকোয়েন্সের মতো দলের বিপক্ষে এভাবে ড্র করা যায় না-সব ধরনের সম্মান রেখেই বলছি। আমি শুধু এটুকুই বলেছি। আর বলেছি, আগামী বছর তাদের বিপক্ষে আবার দেখা হবে, যদি বুঝে থাকেন আমি কী বলতে চাই। অধিনায়ক হিসেবে এসব বলার পূর্ণ অধিকার আমার আছে। লুকাস ভেরিসিমো এবং গ্যাবিগোলও একই কথা বলেছেন।’
বর্তমানে ৩৪ বছর বয়সী নেইমারের সান্তোসের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে ২০২৬ সালের শেষ দিকে। এরপরই তিনি নিজের ক্লাব ক্যারিয়ারের পরবর্তী সিদ্ধান্ত নেবেন।