জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ই-রিটার্ন ব্যবস্থায় আয়কর রিটার্ন দাখিলের সময় বৃদ্ধির আবেদনে ব্যাপক সাড়া মিলেছে। গত কয়েক দিনে পাঁচ হাজারের বেশি করদাতা অনলাইনে রিটার্ন জমা দেওয়ার সময় বাড়ানোর আবেদন করেছেন। এসব আবেদনের বেশিরভাগই স্বল্প সময়ের মধ্যে অনলাইনে অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছে এনবিআর।
রবিবার (২৯ মার্চ) এনবিআরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫-২৬ করবর্ষে কিছু ব্যতিক্রম ছাড়া সব ব্যক্তি শ্রেণির করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। ইতোমধ্যে এনবিআরের ই-রিটার্ন সিস্টেমে ৫০ লাখের বেশি করদাতা নিবন্ধন করেছেন। এর মধ্যে ৪১ লাখ ৫০ হাজারের বেশি করদাতা চলতি করবর্ষের রিটার্ন অনলাইনে জমা দিয়েছেন।
এ বছর ব্যক্তি করদাতাদের রিটার্ন দাখিলের সময়সীমা ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে নির্ধারিত সময়ের মধ্যে লিখিত আবেদন করলে সংশ্লিষ্ট কর কমিশনার সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত অতিরিক্ত সময় দিতে পারবেন।
এনবিআর জানায়, রিটার্ন দাখিলের সময় বাড়ানোর আবেদন প্রক্রিয়াকে সহজ, দ্রুত ও স্বচ্ছ করতে অনলাইন ব্যবস্থা চালু করা হয়েছে। করদাতারা ই-রিটার্ন সিস্টেমে লগইন করে ‘টাইম এক্সটেনশন’ মেন্যু ব্যবহার করে সময় বৃদ্ধির আবেদন করতে পারছেন। সংশ্লিষ্ট কর অঞ্চলের কর কমিশনাররাও অনলাইনে এসব আবেদন অনুমোদন করছেন।
আবেদন অনুমোদিত হলে করদাতারা বর্ধিত সময়ের মধ্যে কোনো জরিমানা বা অতিরিক্ত কর ছাড়াই অনলাইনে রিটার্ন জমা দিতে পারবেন।
এনবিআর আরও জানায়, যেসব করদাতা এখনও রিটার্ন জমা দেননি এবং জরিমানা ছাড়া বর্ধিত সময়ের সুযোগ নিতে চান, তাদের অবশ্যই আগামী ৩১ মার্চের আগে সময় বৃদ্ধির আবেদন করতে হবে। এজন্য আগে ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন করতে হবে এবং নিবন্ধনের ক্ষেত্রে নিজের নামে বায়োমেট্রিক সিম ব্যবহার করতে হবে।
তবে যেসব করদাতার জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক নয়, তারা চাইলে অনলাইনে অথবা সরাসরি সংশ্লিষ্ট কর সার্কেলে লিখিত আবেদন করে সময় বৃদ্ধির সুযোগ নিতে পারবেন।
জরিমানা বা অতিরিক্ত কর পরিহার করতে এনবিআর সকল ব্যক্তি করদাতাকে ৩১ মার্চ ২০২৬ এর মধ্যে ই-রিটার্ন সিস্টেম ব্যবহার করে আয়কর রিটার্ন দাখিলের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল সম্ভব না হলে যৌক্তিক কারণ উল্লেখ করে ৩১ মার্চের মধ্যেই সর্বোচ্চ ৯০ দিনের সময় বৃদ্ধির আবেদন করার পরামর্শ দিয়েছে সংস্থাটি।








