বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে যমুনা নদীতীরবর্তী চার জেলার এক লাখ মানুষকে প্যারামেট্রিক বীমার আওতায় এনেছে সরকার। পরীক্ষামূলকভাবে চালু হওয়া এ কার্যক্রমের আওতায় আগামী দুই বছর নির্ধারিত সূচক অনুযায়ী বড় ধরনের বন্যা হলে বীমার আওতাভুক্ত ব্যক্তিদের আর্থিক সহায়তা দেওয়া হবে।
জেলাগুলো হলো— সিরাজগঞ্জ, কুড়িগ্রাম, গাইবান্ধা ও জামালপুর। বন্যার ক্ষয়ক্ষতি মোকাবিলায় প্রচলিত ত্রাণ ও পুনর্বাসন ব্যবস্থার পাশাপাশি আগাম আর্থিক সুরক্ষা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) কার্যালয়ে ‘শিখন ও অভিজ্ঞতা বিনিময় কর্মশালা: দুর্যোগ ঝুঁকি অর্থায়ন ও প্যারামেট্রিক ইনস্যুরেন্স’ শীর্ষক অনুষ্ঠানে এসব তথ্য জানান যমুনা নদী টেকসই ব্যবস্থাপনা প্রকল্প-১-এর দুর্যোগ ঝুঁকি অর্থায়ন কম্পোনেন্টের প্রকল্প পরিচালক কামরুল হক মারুফ।
তিনি বলেন, বাংলাদেশ দুর্যোগপ্রবণ দেশ। প্রতিবছর বন্যা, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে মানুষের জীবন ও সম্পদের ক্ষতি হয়। এত দিন দুর্যোগ মোকাবিলায় মূলত ত্রাণ, উদ্ধার, জরুরি সাড়া প্রদান ও পুনর্বাসন কার্যক্রমের ওপর নির্ভর করা হয়েছে। তবে এখন দুর্যোগের ক্ষতি মোকাবিলায় আধুনিক আর্থিক ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন। সেই লক্ষ্যেই দুর্যোগ ঝুঁকি অর্থায়ন কার্যক্রম নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনস্যুরেন্স রিপোর্টার্স ফোরামের (আইআরএফ) সভাপতি গোলাম মওলা। এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিনসহ ৪০ জন সদস্য অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইডিআরএর পরামর্শক (জনসংযোগ) সাদিক আরমান।
কামরুল হক মারুফ বলেন, ‘যমুনা নদীর পানি বেড়ে গেলে নদীতীরবর্তী চার জেলার মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হন। তাঁদের ক্ষয়ক্ষতি কিছুটা পুষিয়ে দিতে প্যারামেট্রিক ইনস্যুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ পদ্ধতিতে নির্ধারিত কিছু সূচক বা প্যারামিটারের ভিত্তিতে দুর্যোগের মাত্রা বিবেচনা করে বীমার অর্থ দেওয়া হয়।’
তিনি জানান, প্রকল্পটির মেয়াদ তিন বছর। এর আওতায় তিনটি বন্যা মৌসুম কাভার করার পরিকল্পনা রয়েছে। প্রথম বছরের কার্যক্রম ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এ সময়ে প্যারামেট্রিক বীমা পণ্য তৈরি করা হয়েছে। সরকারি প্রকল্প হওয়ায় বীমাকারী প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব পালন করছে সাধারণ বীমা করপোরেশন।
প্রকল্প পরিচালক বলেন, ‘প্রথম বছরের জন্য জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত চার মাসের বন্যা মৌসুম বিবেচনায় চার জেলার এক লাখ উপকারভোগীকে নির্বাচন করে বীমার আওতায় আনা হয়েছিল। তবে ওই বছর নির্ধারিত সূচক অনুযায়ী বড় ধরনের বন্যা না হওয়ায় বীমার শর্ত পূরণ হয়নি। ফলে কাউকে আর্থিক সহায়তা দিতে হয়নি।’
তিনি বলেন, ‘এ বছর আমাদের নির্ধারিত প্যারামিটার অনুযায়ী বন্যা হলে উপকারভোগীরা বীমার সুবিধা পেতেন। কিন্তু বড় ধরনের বন্যা না হওয়ায় আমাদের ইনস্যুরেন্স প্রোডাক্টটি ট্রিগার করেনি।’
আগামী দুই বছর এ কার্যক্রম চলবে জানিয়ে কামরুল হক মারুফ বলেন, ‘এ সময়ে নির্ধারিত প্যারামিটার অনুযায়ী বড় ধরনের বন্যা হলে বীমার আওতাভুক্ত ব্যক্তিরা আর্থিক সহায়তা পাবেন। দ্বিতীয় বছরের জন্য নতুন করে বীমা পণ্য তৈরির কাজও চলছে।’
তিনি আরও জানান, যমুনা নদী টেকসই ব্যবস্থাপনা প্রকল্পের একাধিক কম্পোনেন্ট রয়েছে। প্রথম কম্পোনেন্ট বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড। এর আওতায় গাইবান্ধা এলাকায় যমুনা নদীর তীর সংরক্ষণে গ্রোয়েন নির্মাণসহ বিভিন্ন অবকাঠামোগত কাজ চলছে। আরেকটি কম্পোনেন্ট বাস্তবায়ন করছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। তারা নদীর নাব্যতা ও চ্যানেল ব্যবস্থাপনা নিয়ে কাজ করবে। তৃতীয় কম্পোনেন্টের আওতায় বাস্তবায়ন করা হচ্ছে দুর্যোগ ঝুঁকি অর্থায়ন কার্যক্রম।
প্রকল্প পরিচালক বলেন, চার জেলার বিপুলসংখ্যক মানুষ বন্যার ঝুঁকিতে থাকলেও সীমিত সম্পদের কারণে প্রাথমিকভাবে এক লাখ মানুষকে বীমার আওতায় আনা হয়েছে। তবে এ উদ্যোগ দীর্ঘমেয়াদে কার্যকর ও টেকসই করতে উপকারভোগীর সংখ্যা এবং কার্যক্রমের ভৌগোলিক পরিধি বাড়ানো প্রয়োজন। ভবিষ্যতে যমুনা নদী অববাহিকার আরও এলাকা এবং প্রয়োজনে দেশের অন্যান্য দুর্যোগপ্রবণ এলাকাতেও এ কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
এ জন্য জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমের সহযোগিতা চেয়ে তিনি বলেন, দুর্যোগ ঝুঁকি অর্থায়ন কী, কারা এর সুবিধা পাবেন এবং কীভাবে ক্ষতিগ্রস্ত মানুষ সহায়তা পাবেন—এসব তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া জরুরি। গণমাধ্যম এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে আইআরএফ সভাপতি গোলাম মওলা বলেন, ‘বাংলাদেশের অর্থনীতিতে বীমা খাতের যে অবদান রাখার সুযোগ রয়েছে, বাস্তবে এ খাত এখনো সেই অবস্থানে পৌঁছাতে পারেনি। দীর্ঘদিনের অনিয়ম, দুর্নীতি ও আস্থার সংকট খাতটিকে পিছিয়ে রেখেছে। অথচ বীমা খাতকে যথাযথ গুরুত্ব দিয়ে গড়ে তোলা গেলে কৃষি, শিল্প, বিনিয়োগ ও ব্যবসা-বাণিজ্যসহ সামগ্রিক অর্থনীতির চিত্র বদলে যেতে পারতো।’
তিনি আরও বলেন, ‘জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় বীমা এবং দুর্যোগ ঝুঁকি অর্থায়নের গুরুত্ব বাড়ছে। এ বিষয়ে সাংবাদিকদের জ্ঞান ও দক্ষতা বাড়ানো প্রয়োজন। আইডিআরএর এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা আইআরএফ সদস্যদের পেশাগত দক্ষতা বাড়াতে সহায়ক হবে।’
আইআরএফকে আরও শক্তিশালী ও মর্যাদাপূর্ণ সংগঠন হিসেবে গড়ে তুলতে সদস্যদের ঐক্য, পেশাগত দক্ষতা ও পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্ব দেন তিনি।
কর্মশালায় দুর্যোগ ঝুঁকি অর্থায়ন, প্যারামেট্রিক ইনস্যুরেন্সের কার্যপদ্ধতি, উপকারভোগী নির্বাচন, বীমা সুবিধা দেওয়ার প্রক্রিয়া এবং প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।