এককালীন পরিশোধে খেলাপি ঋণের সুদ মওকুফের সুযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৯ জুন ২০২৬, ২১:৫৬ আপডেট : ২৯ জুন ২০২৬, ২১:৫৬

দেশের ব্যাংকিং খাতে ক্রমবর্ধমান খেলাপি ঋণের চাপ কমাতে এবং ব্যাংকগুলোর নতুন ঋণ বিতরণের সক্ষমতা বাড়াতে আবারও ‘বিশেষ এক্সিট’ সুবিধা চালু করেছে বাংলাদেশ ব্যাংক। এই সুবিধার আওতায় নির্দিষ্ট শর্ত পূরণ করে এককালীন পুরো ঋণ পরিশোধ করলে খেলাপি ঋণগ্রহীতারা সুদ মওকুফসহ বিশেষ নিষ্পত্তির সুযোগ পাবেন।

সোমবার (২৯ জুন) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি-১) এ-সংক্রান্ত সার্কুলার লেটার নম্বর ২৩ জারি করে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে। 

সার্কুলারে বলা হয়েছে, দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় ব্যাংকগুলোর সম্পদের গুণগত মান, তারল্য ব্যবস্থাপনা এবং নতুন ঋণ বিতরণের সক্ষমতা নেতিবাচকভাবে প্রভাবিত হচ্ছে। এই পরিস্থিতিতে আর্থিক সংকটে পড়লেও যেসব ঋণগ্রহীতার ব্যবসা পরিচালনার সক্ষমতা এবং ঋণ পরিশোধের আন্তরিকতা রয়েছে, তাদের জন্য এককালীন বিশেষ এক্সিট সুবিধা চালু করা হয়েছে। 

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ৩০ জুন ২০২৬ ভিত্তি তারিখে মন্দ ও ক্ষতিজনক মানে শ্রেণিকৃত ঋণগুলো ব্যাংকের পরিচালনা পর্ষদের অনুমোদন সাপেক্ষে ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে বিশেষ এক্সিট সুবিধার আওতায় নিষ্পত্তি করা যাবে। 

যেসব শর্ত মানতে হবে 

নতুন নির্দেশনায় বলা হয়েছে, বিশেষ এক্সিট সুবিধা পেতে ঋণগ্রহীতাকে এককালীন পুরো ঋণের দায় পরিশোধ করতে হবে। এক্ষেত্রে আরোপিত ও অনারোপিত সুদ মওকুফ করা যাবে। তবে ২০২২ সালের ২১ এপ্রিল ও ২৪ মে জারি করা বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সার্কুলারের কিছু শর্ত এই সুবিধার ক্ষেত্রে শিথিল করা হয়েছে। 

এছাড়া ৬ আগস্ট ২০২৪ থেকে ৩০ জুন ২০২৬ পর্যন্ত সময়ে পুনঃতফসিল করা মন্দ বা ক্ষতিজনক শ্রেণির ঋণও এ বিশেষ সুবিধার আওতায় আসবে।

বাংলাদেশ ব্যাংক আরও নির্দেশ দিয়েছে, বিশেষ এক্সিট সুবিধা প্রদানের ক্ষেত্রে কৃষি খাতের স্বল্পমেয়াদি কৃষিঋণ এবং সিএমএসএমই খাতের কটেজ, মাইক্রো ও ক্ষুদ্র ঋণকে অগ্রাধিকার দিতে হবে।

ঋণগ্রহীতাদের জানাতে হবে

সার্কুলারে ব্যাংকগুলোকে বলা হয়েছে, এই বিশেষ সুবিধা সম্পর্কে ঋণগ্রহীতাদের অবহিত করতে চিঠি পাঠানোসহ প্রয়োজনীয় সব উদ্যোগ নিতে হবে, যাতে যোগ্য গ্রাহকরা এই সুযোগ গ্রহণ করতে পারেন। 

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এই বিশেষ এক্সিট সুবিধা ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে। ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ এবং ৪৯(১)(চ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এই নির্দেশনা জারি করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরে আটকে থাকা খেলাপি ঋণ নিষ্পত্তিতে এই উদ্যোগ কিছুটা গতি আনতে পারে। তবে একই সঙ্গে তারা মনে করছেন, বিশেষ এক্সিট সুবিধা যেন নিয়মিত ঋণ পরিশোধকারী গ্রাহকদের প্রতি বৈষম্য সৃষ্টি না করে এবং ভবিষ্যতে ঋণখেলাপিদের জন্য ভুল বার্তা না দেয়, সেদিকেও নজর রাখা জরুরি। 

/জিএম/এসটি/ 
সম্পর্কিত
রিজার্ভ চুরি: ৯৯ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন
বন্ধ কারখানা চালুতে ১৮ দিনে ঋণ ছাড় ৪৫০ কোটি টাকা
‘উদ্যোগ’ কর্মসূচি থেকে ঋণ পেতে ৮ জেলায় ১৮ হাজারের বেশি আবেদন
সর্বশেষ খবর
হামের উপসর্গে একদিনে আরও ৩ জনের মৃত্যু
হামের উপসর্গে একদিনে আরও ৩ জনের মৃত্যু
আগামীতে প্রত্যেকটি অপরাধের হিসাব দিতে হবে: জামায়াত আমির
আগামীতে প্রত্যেকটি অপরাধের হিসাব দিতে হবে: জামায়াত আমির
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩ নেতা গ্রেফতার
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩ নেতা গ্রেফতার
নিজ ঘরে বৃদ্ধাকে গলা কেটে হত্যা, মেয়ে বললেন ‘ওরা সব লুট করে নিয়ে গেছে’
নিজ ঘরে বৃদ্ধাকে গলা কেটে হত্যা, মেয়ে বললেন ‘ওরা সব লুট করে নিয়ে গেছে’
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পানাম নগরী ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত, নকশিকাঁথা-জামদানি দেখে মুগ্ধ
পানাম নগরী ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত, নকশিকাঁথা-জামদানি দেখে মুগ্ধ