যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কাঠামোকে ঘিরে বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) খাতে প্রথমদিকে কিছুটা উদ্বেগ তৈরি হলেও বিষয়টি বিশ্লেষণ করলে দেখা যায়, এটি সম্পূর্ণ নতুন কোনও শুল্ক নয় কিংবা বাংলাদেশের জন্য অতিরিক্ত আর্থিক বোঝাও নয়। বরং এটি যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের বাণিজ্য নীতির একটি নতুন আইনি রূপ, যার মাধ্যমে আগে থেকেই কার্যকর থাকা শুল্ককে স্থায়ী ভিত্তি দেওয়া হয়েছে।
বিশ্লেষকদের মতে, ২০২৬ সালের ২৪ জুলাই থেকে কার্যকর হওয়া এই ব্যবস্থা মূলত যুক্তরাষ্ট্রের বাণিজ্য কৌশলের ধারাবাহিক অংশ। আগে যে ১০ শতাংশ বেজলাইন শুল্ক সাময়িকভাবে কার্যকর ছিল, সেটিকেই এখন যুক্তরাষ্ট্রের বাণিজ্য আইন ধারা ৩০১-এর আওতায় স্থায়ী কাঠামোতে রূপ দেওয়া হয়েছে। ফলে ভবিষ্যতে এই শুল্ককে আইনি চ্যালেঞ্জের মাধ্যমে বাতিল করা আগের তুলনায় অনেক কঠিন হবে।
কীভাবে এলো নতুন শুল্ক কাঠামো
ঘটনার সূত্রপাত ২০২৬ সালের ফেব্রুয়ারিতে। সে সময় মার্কিন সুপ্রিম কোর্ট সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত ‘পারস্পরিক শুল্ক’ বাতিল করে দেয়। এরপর একই মাত্রার শুল্ক বহাল রাখার জন্য বিকল্প আইনি পথ খুঁজতে শুরু করে যুক্তরাষ্ট্র প্রশাসন।
অন্তর্বর্তী সমাধান হিসেবে প্রেসিডেন্টের ধারা ১২২-এর ক্ষমতা ব্যবহার করে সব দেশের জন্য ১০ শতাংশের একটি অস্থায়ী সর্বজনীন শুল্ক আরোপ করা হয়। তবে যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী এই শুল্ক সর্বোচ্চ ১৫০ দিন পর্যন্ত কার্যকর রাখা সম্ভব।
এই সময়ের মধ্যেই যুক্তরাষ্ট্র বাণিজ্য প্রতিনিধির (ইউএসটিআর) দফতর ধারা ৩০১-এর অধীনে জোরপূর্বক শ্রম সংক্রান্ত তদন্ত দ্রুত সম্পন্ন করে। তদন্ত, জনমত গ্রহণ এবং চূড়ান্ত বিধিমালা তৈরির পুরো সময়সূচি এমনভাবে সাজানো হয়, যাতে ধারা ১২২-এর অস্থায়ী শুল্কের মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই নতুন ধারা ৩০১ শুল্ক কার্যকর হয়। ফলে কোনও ধরনের শূন্যতা ছাড়াই আগের ১০ শতাংশ শুল্কই নতুন আইনি ভিত্তিতে বহাল থাকে।
বাংলাদেশের অবস্থান কোথায়
২৪ জুলাই কার্যকর হওয়া নতুন শুল্ক ব্যবস্থায় ইউএসটিআর মোট ৬০টি অর্থনীতিকে অন্তর্ভুক্ত করেছে।
এর মধ্যে বাংলাদেশ রয়েছে ১৭টি অর্থনীতির সেই গ্রুপে, যাদের জন্য শুল্ক হার নির্ধারণ করা হয়েছে ১০ শতাংশ। অপরদিকে চীন, ভিয়েতনাম, থাইল্যান্ডসহ আরও ৩৪টি অর্থনীতির জন্য শুল্ক হার ১২ দশমিক ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
অর্থাৎ বর্তমান কাঠামোয় বাংলাদেশের রফতানিপণ্য একই ধরনের প্রতিযোগী দেশগুলোর তুলনায় ২ দশমিক ৫ শতাংশ কম শুল্কের সুবিধা পাচ্ছে।
কেন ১০ শতাংশে থাকলো বাংলাদেশ
বাংলাদেশ কম শুল্ক সুবিধা পাওয়ার অন্যতম কারণ হলো যুক্তরাষ্ট্রের সঙ্গে পূর্বেই নেওয়া প্রতিশ্রুতি।
২০২৬ সালের ফেব্রুয়ারিতে স্বাক্ষরিত পারস্পরিক বাণিজ্য চুক্তির (এয়ারটি) আওতায় বাংলাদেশ জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্য আমদানি নিষিদ্ধ করার বিষয়ে অঙ্গীকার করে।
এই অঙ্গীকারের কারণেই বাংলাদেশ শুরু থেকেই ১০ শতাংশ শুল্ক গ্রুপে অন্তর্ভুক্ত হয়েছে।
অপরদিকে কম্বোডিয়া, ভারত, শ্রীলঙ্কা ও ত্রিনিদাদ ও টোবাগো প্রথমে উচ্চ শুল্কের তালিকায় থাকলেও জুন মাসে প্রস্তাবিত বিধিমালা এবং জুলাইয়ের চূড়ান্ত সিদ্ধান্তের মধ্যবর্তী সময়ে একই ধরনের নিষেধাজ্ঞা গ্রহণ করায় পরে তারা নিম্ন শুল্ক স্তরে উন্নীত হওয়ার সুযোগ পায়।
আসছে শুল্ক হার কোটা (টিআরকিউ), বাংলাদেশের জন্য বাড়তি সুযোগ
নতুন কাঠামোর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকগুলোর একটি হলো ট্যারিফ রেট কোটা (টিআরকিউ) ব্যবস্থা।
ইউএসটিআরকে নির্দেশ দেওয়া হয়েছে, সুযোগ তৈরি হলে তিন বছর মেয়াদি দুটি টিআরকিউ চালু করতে। এর একটি হবে সাধারণ টেক্সটাইল আমদানির জন্য এবং অন্যটি বিশেষভাবে মার্কিন তুলাভিত্তিক টেক্সটাইলের জন্য।
এই ব্যবস্থা চালু হলে নির্ধারিত একটি সীমা পর্যন্ত বাংলাদেশের টেক্সটাইল ও পোশাকপণ্য শুল্কমুক্তভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে।
আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই সম্ভাব্য সুবিধার জন্য মাত্র চারটি দেশকে যোগ্য হিসেবে বিবেচনা করা হয়েছে— বাংলাদেশ, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া।
অপরদিকে বাংলাদেশের প্রধান প্রতিদ্বন্দ্বী ভিয়েতনাম, চীন ও ভারত এই সুবিধার বাইরে রয়েছে।
তবে এই টিআরকিউ এখনও কার্যকর হয়নি। কবে থেকে এটি চালু হবে, সে বিষয়ে ইউএসটিআর কোনও সময়সূচি ঘোষণা করেনি। ফলে বর্তমানে সব পণ্যের ক্ষেত্রেই আগের মতো ১০ শতাংশ শুল্কই কার্যকর রয়েছে।
বাংলাদেশের জন্য কী বার্তা
নতুন শুল্ক কাঠামো বিশ্লেষণ করলে দেখা যায়, বাংলাদেশ তাৎক্ষণিকভাবে কোনও নেতিবাচক অবস্থানে নেই। বরং ভিয়েতনাম, চীন ও থাইল্যান্ডের তুলনায় শুল্কের দিক থেকে কিছুটা প্রতিযোগিতামূলক সুবিধা পেয়েছে।
এছাড়া ভবিষ্যতে টিআরকিউ চালু হলে বাংলাদেশ আরও একটি সম্ভাব্য সুবিধা পেতে পারে, যদিও সেই সুযোগ কম্বোডিয়া, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার সঙ্গে ভাগাভাগি করতে হবে।
তবে বিশেষজ্ঞদের মতে, শুধুমাত্র শুল্ক কম থাকলেই যুক্তরাষ্ট্রের বাজারে রফতানি উল্লেখযোগ্যভাবে বাড়বে— এমন ধারণা বাস্তবসম্মত নয়।
বিশ্বের পোশাকবাজারে প্রতিযোগিতা এখন আগের যেকোনও সময়ের তুলনায় অনেক বেশি। ক্রেতারা এখন শুধু কম দামের পণ্য নয়, বরং দ্রুত সরবরাহ, উন্নত মান, পরিবেশবান্ধব উৎপাদন, শ্রমমান, উদ্ভাবন এবং বৈচিত্র্যময় পণ্যের দিকেও সমান গুরুত্ব দিচ্ছেন।
ফলে বাংলাদেশের জন্য এই শুল্ক সুবিধা একটি সম্ভাবনার দরজা খুলে দিলেও সেই সুযোগ বাস্তবে কাজে লাগাতে হলে শিল্প খাতকে আরও প্রতিযোগিতামূলক হতে হবে।
বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবং বিজিএমইএর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল বাংলা ট্রিবিউনকে জানান, নতুন মার্কিন শুল্ক কাঠামোকে তিনি ‘পুরোনো মোড়কে নতুন মিষ্টি’ হিসেবে দেখছেন। তার ভাষায়, “গত কয়েক মাস ধরেই বাংলাদেশি পণ্যের ওপর কার্যত ১০ শতাংশ অতিরিক্ত শুল্ক কার্যকর ছিল। এবার যুক্তরাষ্ট্র মূলত সেই শুল্ককেই নতুন আইনি কাঠামোর আওতায় স্থায়ী রূপ দিয়েছে। ফলে বাংলাদেশের জন্য তাৎক্ষণিকভাবে অতিরিক্ত কোনও শুল্কের বোঝা তৈরি হয়নি কিংবা বাস্তব শুল্ক পরিস্থিতিতেও বড় ধরনের পরিবর্তন আসেনি।”
তিনি বলেন, “আগে যে ১০ শতাংশ বেজলাইন শুল্ক কার্যকর ছিল, সেটিই এখন ধারা ৩০১-এর আওতায় স্থায়ী আইনি ভিত্তি পেয়েছে। ফলে এটি ভবিষ্যতে পরিবর্তন বা চ্যালেঞ্জ করা আগের তুলনায় আরও কঠিন হবে। তবে ইতিবাচক দিক হলো, বাংলাদেশের প্রধান প্রতিযোগী ভিয়েতনাম, চীন ও থাইল্যান্ডের ওপর ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে, যেখানে বাংলাদেশের ক্ষেত্রে শুল্কহার ১০ শতাংশ। ফলে প্রতিযোগিতার দিক থেকে বাংলাদেশ কিছুটা সুবিধাজনক অবস্থানে রয়েছে।”
মহিউদ্দিন রুবেল আরও বলেন, “যুক্তরাষ্ট্র তুলা ও কিছু কাঁচামালভিত্তিক পণ্যের জন্য ট্যারিফ রেট কোটা (টিআরকিউ) চালুর পরিকল্পনা করছে। সেখানে বাংলাদেশ সম্ভাব্য সুবিধাভোগী দেশগুলোর তালিকায় থাকলেও ভারত ও ভিয়েতনাম নেই। যদিও এ সুবিধা এখনো কার্যকর হয়নি এবং চূড়ান্ত সিদ্ধান্তও হয়নি, তবু এটি বাস্তবায়িত হলে বাংলাদেশের জন্য নতুন একটি রফতানি সুযোগ তৈরি হতে পারে।”
তবে তিনি মনে করেন, শুধু শুল্কের তুলনামূলক সুবিধা দিয়ে যুক্তরাষ্ট্রের বাজারে অবস্থান শক্তিশালী করা সম্ভব হবে না। “এই সুযোগ কাজে লাগাতে হলে আমাদের উৎপাদনশীলতা বাড়াতে হবে, পণ্যের বৈচিত্র্য আনতে হবে, উচ্চমূল্যের ও মূল্য সংযোজনসম্পন্ন পণ্য উৎপাদনে জোর দিতে হবে। একই সঙ্গে বাজারের চাহিদা, ক্রেতাদের পরিবর্তিত রুচি এবং নতুন ভোক্তা প্রবণতা বিবেচনায় নিয়ে আরও কার্যকর বিপণন কৌশল গ্রহণ করতে হবে,” বলেন তিনি।
রুবেলের মতে, “আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা এখন শুধু দামের ওপর নির্ভর করছে না; বরং পণ্যের মান, সময়মতো সরবরাহ, উদ্ভাবন, টেকসই উৎপাদন এবং কমপ্লায়েন্সও সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাই এসব ক্ষেত্রে সক্ষমতা বাড়াতে পারলে বাংলাদেশ বিদ্যমান শুল্ক সুবিধাকে দীর্ঘমেয়াদে রফতানি বৃদ্ধির সুযোগে পরিণত করতে পারবে।”
তবে তিনি সতর্ক করে বলেন, “নতুন শুল্ক কাঠামোর প্রভাবে যুক্তরাষ্ট্রের বাজারে আমদানিকৃত পণ্যের দাম বাড়তে পারে। এর প্রভাব ভোক্তাদের ক্রয় আচরণ, পণ্যের চাহিদা এবং আন্তর্জাতিক ক্রেতাদের সোর্সিং কৌশলেও পড়তে পারে। তাই বৈশ্বিক বাজারের এই পরিবর্তিত বাস্তবতার সঙ্গে দ্রুত খাপ খাইয়ে নিতে পারলে বাংলাদেশের তৈরি পোশাক খাত ভবিষ্যতে আরও শক্তিশালী অবস্থান তৈরি করতে সক্ষম হবে।”
করণীয় কী
বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কাঠামোকে কেবল স্বল্পমেয়াদি সুবিধা হিসেবে দেখলে চলবে না। বরং এটিকে দীর্ঘমেয়াদি বাজার সম্প্রসারণের সুযোগ হিসেবে কাজে লাগাতে হবে।
সেজন্য উৎপাদনশীলতা বাড়ানো, আধুনিক প্রযুক্তিতে বিনিয়োগ, পণ্যের বৈচিত্র্য বৃদ্ধি, উচ্চমূল্যের পোশাক উৎপাদন, স্থানীয় মূল্য সংযোজন বাড়ানো, দক্ষ মানবসম্পদ তৈরি এবং নতুন উদ্ভাবনে গুরুত্ব দিতে হবে।
একই সঙ্গে সরবরাহ ব্যবস্থার দক্ষতা বৃদ্ধি, বন্দর ও লজিস্টিকস উন্নয়ন এবং আন্তর্জাতিক শ্রম ও পরিবেশগত মান আরও শক্তিশালী করতে পারলে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বাজারে বর্তমান সুবিধাকে আরও কার্যকরভাবে কাজে লাগাতে পারবে।
সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের ২৪ জুলাই কার্যকর হওয়া নতুন ধারা ৩০১ শুল্ক কাঠামো বাংলাদেশের জন্য তাৎক্ষণিক কোনও ধাক্কা নয়। বরং এটি আগের শুল্ক ব্যবস্থারই একটি স্থায়ী আইনি রূপ, যেখানে বাংলাদেশ তুলনামূলকভাবে অনুকূল অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে।
তবে এই সুবিধা স্থায়ী প্রতিযোগিতামূলক শক্তিতে রূপ দিতে হলে কেবল কম শুল্কের ওপর নির্ভর করলে চলবে না। উৎপাদন দক্ষতা, মূল্য সংযোজন, উদ্ভাবন এবং বাজার বৈচিত্র্য— এই চার ক্ষেত্রেই উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করতে পারলেই বাংলাদেশের তৈরি পোশাক শিল্প যুক্তরাষ্ট্রের বাজারে নতুন সুযোগকে দীর্ঘমেয়াদি সাফল্যে পরিণত করতে পারবে।









