মালিকদের মজুরি প্রস্তাবের আগেই বোর্ড সভা স্থগিতের নেপথ্যে?

গোলাম মওলা
১৬ নভেম্বর ২০২৬, ১৮:৫৬ আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ১৮:৫৬

তৈরি পোশাকশ্রমিকদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণে মালিকপক্ষের প্রস্তাব জমা দেওয়ার কথা ছিল সোমবার (১৬ নভেম্বর)। এ জন্য আগেই প্রস্তুতি সম্পন্ন করেছিলেন শিল্পমালিকেরা। কিন্তু নির্ধারিত সভা শুরুর মাত্র দুই ঘণ্টা আগে হঠাৎ তা স্থগিত করা হয়। বোর্ডের পক্ষ থেকে ‘অনিবার্য কারণের’ কথা বলা হলেও সভা স্থগিতের পেছনে রাজনৈতিক অস্থিরতা ও নতুন করে শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়ার আশঙ্কা কাজ করেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

বিশেষ করে গোপালগঞ্জে চলমান রাজনৈতিক উত্তেজনার প্রভাব পোশাকশিল্পের শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়তে পারে—এমন আশঙ্কা থেকে শেষ মুহূর্তে সভা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে। পাশাপাশি মালিকপক্ষের সম্ভাব্য মজুরি প্রস্তাব নিয়েও উদ্বেগ ছিল। কারণ, মালিকদের অধিকাংশই ১৫ হাজার ৫০০ থেকে ১৬ হাজার টাকার মধ্যে ন্যূনতম মজুরি নির্ধারণের পক্ষে। অন্যদিকে শ্রমিকপক্ষের প্রস্তাব ৩২ হাজার টাকা।

সংশ্লিষ্ট ব্যক্তিদের আশঙ্কা, বর্তমান পরিস্থিতিতে মালিকপক্ষের তুলনামূলক কম মজুরির প্রস্তাব বোর্ডে জমা পড়লে শ্রমিকদের মধ্যে অসন্তোষ আরও বাড়তে পারে। বিশেষ করে গাজীপুর, সাভার ও আশুলিয়াসহ বিভিন্ন শিল্পাঞ্চলে আগে থেকেই শ্রমিক অসন্তোষ থাকায় নতুন করে উত্তেজনা তৈরি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হতে পারে।

পোশাকশিল্পের একাধিক উদ্যোক্তার সঙ্গে কথা বলে জানা গেছে, গত শনিবার মালিকপক্ষের মতবিনিময় সভার পর কয়েকজন শিল্পমালিক অনানুষ্ঠানিকভাবে বিজিএমইএ’র সভাপতিকে সতর্ক করেছিলেন। তাদের বক্তব্য ছিল, বর্তমান পরিস্থিতিতে মজুরি প্রস্তাব জমা দেওয়া হলে সেটিকে কেন্দ্র করে শ্রমিকদের মধ্যে নতুন করে ক্ষোভ তৈরি হতে পারে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রস্তাব জমা না দেওয়ার পরামর্শও দেন তাঁরা। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিতে গুরুত্ব দেন।

এরপর গত রবিবার একাধিক গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে রাজনৈতিক পরিস্থিতি ও শ্রমিক অসন্তোষের বিষয়টি উঠে আসে। মালিকপক্ষের মজুরি প্রস্তাবকে কেন্দ্র করে পরিস্থিতি আরও নাজুক হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়। সংশ্লিষ্ট সূত্রের দাবি, এসব বিষয় বিবেচনায় নিয়ে রবিবার রাতেই সরকারের উচ্চপর্যায়ে সভা স্থগিতের সিদ্ধান্ত হয়। তবে সিদ্ধান্তটি তখন প্রকাশ করা হয়নি। সোমবার সকালে মজুরি বোর্ডের পক্ষ থেকে সদস্যদের সভা স্থগিতের কথা জানানো হয়।

সোমবার সকাল সোয়া ৯টার দিকে মজুরি বোর্ডের সদস্যদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সভা স্থগিতের বার্তা দেওয়া হয়। এর আগে সকাল ৮টার দিকে বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতারকে ফোন করে বিষয়টি জানান।

মজুরি বোর্ডের সচিব রাইসা আফরোজ স্বাক্ষরিত নোটিশে বলা হয়, ‘অনিবার্যকারণবশত আদিষ্ট হয়ে’ বোর্ডের তৃতীয় সভা স্থগিত করা হয়েছে। তবে কার নির্দেশে সভা স্থগিত করা হয়েছে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

সভা স্থগিতের কারণ হিসেবে শ্রমিকপক্ষের স্থায়ী প্রতিনিধি আনোয়ার হোসাইনের অসুস্থতার কথাও সামনে এসেছে। তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। তবে শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার জানান, বোর্ডের চেয়ারম্যান তাঁকে ফোনে আনোয়ার হোসাইনের অসুস্থতার পাশাপাশি চলমান রাজনৈতিক অস্থিরতা ও শ্রমিক অসন্তোষের বিষয়টিও সভা স্থগিতের কারণ হিসেবে উল্লেখ করেছেন।

স্থগিতের দিনই শ্রমিক বিক্ষোভ

মজুরি বোর্ডের সভা স্থগিতের দিন সোমবার (১৬ নভেম্বর) সকালে গাজীপুরের কোনাবাড়ীতে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে সড়কে বিক্ষোভ করেন পোশাকশ্রমিকেরা। তাঁদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। প্রায় এক ঘণ্টা পর শ্রমিকেরা সড়ক ছেড়ে চলে যান।

শ্রমিক অসন্তোষের কারণে গাজীপুরের ১৭টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া আরও দুটি কারখানায় সোমবারের জন্য ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

বিজিএমইএর সাবেক পরিচালক শোভন ইসলাম মনে করেন, বর্তমান পরিস্থিতিতে মজুরি বোর্ডের সভা স্থগিতের সিদ্ধান্ত বিচক্ষণতাপূর্ণ। তাঁর মতে, শিল্পাঞ্চলে আগে থেকেই উত্তেজনা চলছে। এমন পরিস্থিতিতে মালিকপক্ষের প্রস্তাবকে কেন্দ্র করে নতুন করে শ্রমিকদের ক্ষোভ তৈরি হলে সেটি রাজনৈতিক স্বার্থে ব্যবহারের আশঙ্কা ছিল। তবে দ্রুত বোর্ডের বৈঠক করে অর্থবহ মজুরি বৃদ্ধির বিষয়ে সমঝোতায় পৌঁছানো প্রয়োজন।

মালিকদের প্রস্তাব ১৫ থেকে ১৬ হাজার টাকা

মজুরি বোর্ডের তৃতীয় সভায় মালিকপক্ষের প্রস্তাব জমা দেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা আর হয়নি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত রবিবার মালিকপক্ষ তাদের প্রস্তাবের খসড়া চূড়ান্ত করেছিল। বিভিন্ন অঞ্চলের কারখানা মালিকদের মতামত নিয়ে অধিকাংশ উদ্যোক্তা ১৫ হাজার ৫০০ থেকে ১৬ হাজার টাকার মধ্যে ন্যূনতম মজুরি নির্ধারণের পক্ষে মত দিয়েছেন। তবে কয়েকজন উদ্যোক্তা ১৭ থেকে ১৮ হাজার টাকার কথাও বলেছেন।

গত শনিবার বিজিএমইএ ও বিকেএমইএর যৌথ মতবিনিময় সভায় এসব মতামত পর্যালোচনা করা হয়। এর আগে বিজিএমইএর পরিচালকেরা সাভার, আশুলিয়া, গাজীপুর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের কারখানা মালিকদের সঙ্গে আলোচনা করে তাঁদের মতামত সংগ্রহ করেন।

মালিকপক্ষের আশঙ্কা, বর্তমান ব্যবসায়িক পরিস্থিতিতে ১৮ হাজার টাকার বেশি ন্যূনতম মজুরি নির্ধারণ করা হলে অনেক কারখানার পক্ষে উৎপাদন ব্যয় সামাল দেওয়া কঠিন হবে। তবে মূল্যস্ফীতির চাপে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় মজুরি বাড়ানোর বিষয়টিও বিবেচনায় রাখার কথা বলছেন উদ্যোক্তাদের কেউ কেউ।

বিজিএমইএর সাবেক পরিচালক ও বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন রুবেল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘মালিকদের নতুন বেতন কাঠামোর ব্যাপারে কোনও অসহযোগিতা নেই। আমরা আশা করি, দ্রুত সময়ের মধ্যে সভা অনুষ্ঠিত হবে এবং নিম্নতম মজুরি বাস্তবায়ন করা হবে।’’

দ্রুত নতুন তারিখ চায় মালিকপক্ষ

সভা স্থগিত হলেও মজুরি নির্ধারণের প্রক্রিয়া দ্রুত শেষ করার দাবি জানিয়েছে পোশাকশিল্প মালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ।

সোমবার এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠন দুটি জানায়, তৃতীয় সভায় মালিকপক্ষের মজুরি প্রস্তাব জমা দেওয়ার কথা ছিল এবং এ জন্য তারা সম্পূর্ণ প্রস্তুত ছিল। শ্রমিকপক্ষের স্থায়ী প্রতিনিধি আনোয়ার হোসাইন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় সভা স্থগিত হয়েছে বলে গণমাধ্যমের মাধ্যমে তারা জানতে পেরেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১ ডিসেম্বর থেকে নতুন নিম্নতম মজুরি কার্যকরের তারিখ নির্ধারণ করা হয়েছে। ফলে দ্রুত মজুরি ঘোষণা করা প্রয়োজন। এতে বাড়তি মজুরি পরিশোধের জন্য কারখানাগুলো প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার সুযোগ পাবে। একইসঙ্গে স্থগিত সভার নতুন তারিখ দ্রুত ঘোষণার দাবি জানায় সংগঠন দুটি। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান ও বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম।

বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির সভাপতি তাসলিমা আখতার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘আমরা শুনেছি, বোর্ডের একজন সদস্য অসুস্থ হয়ে পড়ায় সভা স্থগিত করা হয়েছে। আমরা চাই, নির্ধারিত সময়ের মধ্যে মালিকপক্ষের প্রস্তাব গ্রহণ করে মজুরি নির্ধারণের আলোচনা এগিয়ে নেওয়া হোক। নতুন বেতন কাঠামো নির্ধারণ ও বাস্তবায়ন করতে হলে দ্রুত বোর্ডের সভা করতে হবে। আমাদের দাবি, দ্রুত নতুন মজুরি কাঠামো ঘোষণা করে তা বাস্তবায়ন করা হোক।’’

উল্লেখ্য, পোশাকশ্রমিকেরা গত মাস থেকে মজুরি বাড়ানোর দাবিতে আন্দোলন করছেন। এর পরিপ্রেক্ষিতে গত ১ নভেম্বর সরকার নতুন নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভায় ১ ডিসেম্বর থেকে নতুন মজুরি কাঠামো কার্যকরের সিদ্ধান্ত জানানো হয়। ৯ নভেম্বর দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার সর্বনিম্ন ৩২ হাজার টাকা মজুরির প্রস্তাব দেন। ওই সভায় মালিকপক্ষ প্রস্তাব দিতে না পারায় তাদের চার কার্যদিবস সময় দেওয়া হয়েছিল।

এর আগে ২০২৩ সালের নভেম্বরে পোশাকশ্রমিকদের সর্বশেষ ন্যূনতম মজুরি ঘোষণা করা হয়। ওই কাঠামোয় সর্বনিম্ন মজুরি ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছিল।

/এপিএইচ/
সম্পর্কিত
রফতানিমুখী পোশাকশিল্পে ৩২ হাজার কোটি টাকার অর্থায়ন সুবিধা
সাভারের ৯ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, হেমায়েতপুরে সড়কে শ্রমিকদের বিক্ষোভ
মজুরি বোর্ডের স্থগিত সভার নতুন তারিখ দ্রুত ঘোষণার দাবি মালিকপক্ষের
সর্বশেষ খবর
রফতানিমুখী পোশাকশিল্পে ৩২ হাজার কোটি টাকার অর্থায়ন সুবিধা
রফতানিমুখী পোশাকশিল্পে ৩২ হাজার কোটি টাকার অর্থায়ন সুবিধা
হাসানের আঘাতের পর দ্বিতীয় সেশনে উইকেটই ফেলতে পারেনি বাংলাদেশ
হাসানের আঘাতের পর দ্বিতীয় সেশনে উইকেটই ফেলতে পারেনি বাংলাদেশ
নয় দিনে ৫১ স্থানে ককটেল বিস্ফোরণ, ৪৫ পরিবহণে অগ্নিসংযোগ
নয় দিনে ৫১ স্থানে ককটেল বিস্ফোরণ, ৪৫ পরিবহণে অগ্নিসংযোগ
‘মিস ইউনিভার্স’-এ দিন থেকে রাত কী করছেন মাহি
‘মিস ইউনিভার্স’-এ দিন থেকে রাত কী করছেন মাহি
সর্বাধিক পঠিত
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
বিএনপি ছাড়লেন টুঙ্গিপাড়ার বাবা-ছেলে, বললেন ‘এমন রাজনীতি চাই না’
বিএনপি ছাড়লেন টুঙ্গিপাড়ার বাবা-ছেলে, বললেন ‘এমন রাজনীতি চাই না’
সেনাবাহিনীর উচ্চপর্যায়ে রদবদল
সেনাবাহিনীর উচ্চপর্যায়ে রদবদল