বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদিরকে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানায় দায়ের করা একাধিক মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেফতার দেখানো হয়েছে। কোনও সুনির্দিষ্ট অভিযোগ নেই তার বিরুদ্ধে। সন্দেহভাজন হিসেবে বৃহস্পতিবার (২৫ অক্টোবর) তাকে আদালতে তোলা হচ্ছে। কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ সেলিম বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেন।
ওসি মোহাম্মদ সেলিম জানান, ‘নাশকতা, সরকারি কাজে বাধা, পুলিশের ওপর হামলার অভিযোগে দায়ের করা কয়েকটি মামলায় খন্দকার আবদুল মুক্তাদিরকে গ্রেফতার দেখানো হচ্ছে। তবে সরাসরি নয়, সন্দেহভাজন আসামি দেখানো হচ্ছে তাকে।’
এর আগে গত বুধবার (২৪ অক্টোবর) রাত ৭টার দিকে সিলেট মহানগরীর উপশহর এলাকার হোটেল রোজভিউর সামনে থেকে খন্দকার আবদুল মুক্তাদিরকে আটক করা হয়। জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশ শেষে তিনি হোটেলে ফিরছিলেন। হোটেলে প্রবেশের আগেই সাদা পোশাকের পুলিশের একটি দল তাকে আটক করে নিয়ে যায়।
খন্দকার আবদুল মুক্তাদিরকে গ্রেফতারের নিন্দা জানিয়ে তার মুক্তি দাবি করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘শান্তিপূর্ণ জনসভা শেষে খন্দকার আবদুল মুক্তাদিরকে গ্রেফতারের ঘটনা প্রমাণ করে সরকার দমন-পীড়ন করে জোরপূর্বক ক্ষমতায় থাকার নীলনকশা করছে।’
আরও পড়ুন- সমাবেশ থেকে ফেরার পথে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আটক







